টেক কোম্পানির ‘এরর’ যখন ভাতে-পানিতে-বিদ‍্যুতে মারতে পারে

অফিসের জরুরি ইমেইল পাঠানো যাচ্ছে না। আদালতের বিচারকাজ বন্ধ। পুলিশের অনলাইন অভিযোগ গ্রহণের ব্যবস্থাও অকার্যকর। এমনকি চিকিৎসকের পাঠানো ব্যবস্থাপত্র না পৌঁছানোয় ফার্মেসি থেকে ওষুধ পেতেও দেরি হচ্ছে। অথচ এসব কাজের কোনোটিই সরাসরি মাইক্রোসফটের অফিসে বসে করার কথা না। বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা মানুষ ও প্রতিষ্ঠান নিজেদের প্রয়োজনেই ব্যবহার করছিল মাইক্রোসফটের প্রযুক্তিসেবা।

কিন্তু একটি প্রযুক্তিগত বিপর্যয় মুহূর্তেই বদলে দিয়েছিল পরিস্থিতি। বৃহস্পতিবার (১২ নভেম্বর) থেকে শুক্রবার (১৩ নভেম্বর) পর্যন্ত মাইক্রোসফটের বিভিন্ন সেবা অকার্যকর হয়ে পড়ায় বিশ্বের বিভিন্ন দেশে দেখা দেয় এমন অচলাবস্থা।

আউটলুকের ইমেইল, টিমসের অনলাইন যোগাযোগ এবং কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক কোপাইলটের মতো সেবা ব্যবহার করতে গিয়ে সমস্যায় পড়েন লাখো মানুষ। শুধু ব্যক্তিগত ব্যবহারকারীই নন, বড় ব্যবসাপ্রতিষ্ঠান থেকে শুরু করে আদালত, হাসপাতাল ও সরকারি সংস্থার কাজেও এর প্রভাব পড়ে।

ঘটনাটি সামনে আসার পর একটি প্রশ্ন নতুন করে আলোচনায় এসেছে। দৈনন্দিন জীবন থেকে শুরু করে রাষ্ট্রীয় ও ব্যবসায়িক কার্যক্রমের এত গুরুত্বপূর্ণ অংশ যদি কয়েকটি প্রযুক্তি প্রতিষ্ঠানের সেবার ওপর নির্ভরশীল হয়ে পড়ে এবং সেগুলোর একটি অচল হয়ে গেলে পুরো ব্যবস্থা কতটা বিপাকে পড়তে পারে?

এটি অবশ্য একদিনের কোনো বিচ্ছিন্ন ঘটনা না। এর আগে গুগল, অ্যামাজন, ক্লাউডফ্লেয়ার ও ক্রাউডস্ট্রাইকের মতো প্রতিষ্ঠানের প্রযুক্তিগত ত্রুটিও বিশ্বজুড়ে নানা সেবা ব্যাহত করেছে। এমনকি ইন্টারনেটের সঙ্গে যুক্ত সুপারমার্কেটের ফ্রিজ থেকে শুরু করে বিদ্যুৎকেন্দ্র ও পানির সরবরাহব্যবস্থাও এখন সাইবার হামলার ঝুঁকিতে আছে।

তাহলে প্রযুক্তির ওপর আমাদের এই নির্ভরতা কতটা গভীর? আর একটি প্রতিষ্ঠানের সামান্য ভুল বা নিরাপত্তার দুর্বলতা কীভাবে বিশ্বের নানা প্রান্তের মানুষের জীবনযাত্রায় প্রভাব ফেলতে পারে?

একটি ত্রুটি, অচল বহু সেবা

ঘটনার শুরু যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বৃহস্পতিবার দুপুরের দিকে। মাইক্রোসফটের বিভিন্ন সেবা ব্যবহারে সমস্যা দেখা দিতে শুরু করে। সবচেয়ে বেশি প্রভাব পড়ে প্রতিষ্ঠানটির ইমেইল সেবা আউটলুকে।

ব্যবহারকারীরা ইনবক্স খুলতে, ইমেইল পাঠাতে ও গ্রহণ করতে সমস্যায় পড়েন। একই সময়ে মাইক্রোসফট টিমসের মাধ্যমে যোগাযোগ, অনলাইন মিটিং এবং কোপাইলট ব্যবহারের ক্ষেত্রেও দেখা দেয় জটিলতা।

মাইক্রোসফট টিমসের মাধ্যমে যোগাযোগ, অনলাইন মিটিং এবং কোপাইলট ব্যবহারের ক্ষেত্রেও দেখা দেয় জটিলতা

ডাউনডিটেক্টরের তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রে একপর্যায়ে ১ লাখ ৩০ হাজারের বেশি ব্যবহারকারী আউটলুক ব্যবহারে সমস্যার কথা জানান। মাত্র এক ঘণ্টার মধ্যে বিশ্বের ৭৪টি দেশ ও অঞ্চল থেকে সেবা বিপর্যয়ের খবর পাওয়া যায়।

সমস্যা আসলে কতটা তা বুঝতে মাইক্রোসফটের ব্যবহারকারীর সংখ্যার দিকে তাকালেই হয়। এপি নিউজের প্রতিবেদন অনুযায়ী, প্রতিষ্ঠানটির ব্যবসায়িক সেবা মাইক্রোসফট ৩৬৫-এর আওতায় ৪৫ কোটির বেশি অর্থ পরিশোধকারী বাণিজ্যিক সাবস্ক্রিপশন রয়েছে।

অর্থাৎ, একটি প্রযুক্তিগত ত্রুটি কত বিপুলসংখ্যক প্রতিষ্ঠান ও ব্যবহারকারীর দৈনন্দিন কাজ থামিয়ে দিতে পারে, এই ঘটনা তারই উদাহরণ।

তবে প্রশ্ন হলো, এত বড় একটি প্রযুক্তি প্রতিষ্ঠানের সেবায় এমন বিপর্যয় ঘটল কেন?

বিপর্যয়ের শুরু

মাইক্রোসফটের ব্যাখ্যা অনুযায়ী, সাম্প্রতিক একটি নেটওয়ার্ক পরিবর্তনের পর সফটওয়্যার আপগ্রেডের সময় ত্রুটি দেখা দেয়। এর ফলে প্রতিষ্ঠানটির কিছু সার্ভার হঠাৎ কাজ করা বন্ধ করে দেয়।

সমস্যা সমাধানে প্রথমে ব্যবহারকারীদের অন্য সার্ভারে স্থানান্তরের চেষ্টা করে মাইক্রোসফট। কিন্তু আক্রান্ত সার্ভারগুলো আবার সচল হওয়ার পর অতিরিক্ত চাপ তৈরি হয়। এতে বিকল্প হিসেবে ব্যবহৃত কিছু সার্ভারও অকার্যকর হয়ে পড়ে।

ফলে পরিস্থিতি সামাল দিতে প্রত্যাশার চেয়ে বেশি সময় লাগে।

প্রতিষ্ঠানটি জানায়, এই ঘটনার সঙ্গে সাইবার হামলা বা এআই এজেন্টের কোনো সম্পর্ক নেই। শুক্রবারের মধ্যে পরিস্থিতির উন্নতি হলেও কিছু ব্যবহারকারীর ইমেইল পৌঁছাতে দেরি এবং সেবায় প্রবেশের সমস্যা থেকেই যায়।

একটি সার্ভারের সমস্যা যে অন্য সার্ভারের ওপর চাপ তৈরি করতে পারে, এই ঘটনাও তা দেখিয়েছে। অর্থাৎ, বিকল্প ব্যবস্থা থাকলেই যে সব ধরনের বিপর্যয় এড়ানো সম্ভব, বিষয়টি তেমন না।

আদালত, হাসপাতাল থেকে ব্যাংক

প্রযুক্তিগত সমস্যার কথা শুনলে অনেকের কাছে বিষয়টি হয়তো ইমেইল বা অনলাইন মিটিংয়ে সাময়িক অসুবিধা বলেই মনে হতে পারে। 

কিন্তু মাইক্রোসফটের এই বিপর্যয় দেখিয়েছে, প্রযুক্তির ওপর নির্ভরতা কতটা গভীরভাবে ছড়িয়ে পড়েছে।

এপি’র খবর বলছে, যুক্তরাজ্যের ম্যানচেস্টারে একটি বিচার কার্যক্রম সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। ইমেইল ও প্রযুক্তিগত সমস্যার কারণে বিচারক মরিস গ্রিন সেদিনের মতো বিচারকদের বাড়ি পাঠিয়ে দেন।

মাইক্রোসফটের এই বিপর্যয় দেখিয়েছে, প্রযুক্তির ওপর নির্ভরতা কতটা গভীরভাবে ছড়িয়ে পড়েছে।

দেশটির পুলিশও অনলাইনে অপরাধের অভিযোগ গ্রহণ করতে সমস্যায় পড়ে। জরুরি প্রয়োজনে মানুষকে ফোনে যোগাযোগের পরামর্শ দেওয়া হয়।

সবচেয়ে উদ্বেগজনক পরিস্থিতি তৈরি হয় স্বাস্থ্যসেবায়। 

যুক্তরাজ্যের ন্যাশনাল হেলথ সার্ভিসের (এনএইচএস) কার্যক্রমেও এর প্রভাব পড়ে। বিশেষ করে চিকিৎসকদের কাছ থেকে ফার্মেসিতে ইমেইলের মাধ্যমে ব্যবস্থাপত্র পাঠাতে সমস্যা হওয়ায় রোগীদের ওষুধ পেতে দেরি হয়।

এ ছাড়া হংকংয়ের কিছু ব্যাংকের কার্যক্রম ব্যাহত হয়। সিঙ্গাপুরের সরকারি ইমেইল সেবা এবং জাপানের সরকারি প্রযুক্তি অবকাঠামোতেও সমস্যার তথ্য পাওয়া যায়। 

ফিলিপাইনের সুপ্রিম কোর্টও তাদের কিছু কার্যক্রমে বিঘ্নের কথা জানায়।

ব্যবসায়িক ক্ষেত্রেও এর প্রভাব কম ছিল না।

হংকংয়ের একটি অ্যালুমিনিয়াম উৎপাদনকারী প্রতিষ্ঠানের মালিক ড্যানি লাউ জানান, আউটলুক অকার্যকর থাকায় যুক্তরাষ্ট্রের ক্রেতাদের কাছ থেকে ব্যবসায়িক হালনাগাদ তথ্য পাওয়া যাচ্ছিল না। সমস্যা দীর্ঘ হলে উৎপাদনের সময়সূচিও ক্ষতিগ্রস্ত হতে পারে বলে আশঙ্কা করেন তিনি।

এ ছাড়া কৃত্রিম বুদ্ধিমত্তা প্রতিষ্ঠান ওপেনএআই ও অ্যানথ্রোপিকের কিছু টুলেও মাইক্রোসফট ৩৬৫-এর সঙ্গে সংযুক্ত থাকার কারণে সমস্যা দেখা যায়।

অর্থাৎ, একটি প্রতিষ্ঠানের সেবা বন্ধ হয়ে গেলে তার প্রভাব শুধু সেই প্রতিষ্ঠানের ব্যবহারকারীদের মধ্যে সীমাবদ্ধ থাকে না। এর সঙ্গে যুক্ত অন্য প্রতিষ্ঠানগুলোর কাজও থমকে যেতে পারে।

পারস্পারিক নির্ভরশীলতা

মাইক্রোসফটের সঙ্গে অন্যান্য প্রযুক্তি প্রতিষ্ঠানের সম্পর্কের দিকে তাকালেও এই পারস্পরিক নির্ভরতার বিষয়টি বোঝা যায়।

এনভিডিয়া ও মাইক্রোসফটের মধ্যেকার সম্পর্কের কথাই ধরুন। 

কৃত্রিম বুদ্ধিমত্তার প্রযুক্তি উন্নয়ন ও পরিচালনায় প্রতিষ্ঠান দুটির মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক আছে। মাইক্রোসফটের অ্যাজিউর ক্লাউড অবকাঠামোয় এনভিডিয়ার উন্নত গ্রাফিকস প্রসেসিং ইউনিট বা জিপিইউ ব্যবহার করা হচ্ছে।

২০২৬ সালের জুন মাসে মাইক্রোসফট বিল্ড সম্মেলনে দুই প্রতিষ্ঠান উইন্ডোজ কম্পিউটার থেকে অ্যাজিউর ক্লাউড পর্যন্ত এআই প্রযুক্তি পরিচালনার জন্য যৌথ অবকাঠামো ও প্রযুক্তি উন্নয়নের পরিকল্পনাও তুলে ধরে।

তবে মাইক্রোসফটের সাম্প্রতিক সেবা বিপর্যয়ের সঙ্গে এনভিডিয়ার কোনো সরাসরি সম্পৃক্ততার তথ্য পাওয়া যায়নি। 

এই উদাহরণটি বরং দেখায়, আধুনিক প্রযুক্তি খাতে একটি প্রতিষ্ঠানের সেবা অন্য প্রতিষ্ঠানের হার্ডওয়্যার, সফটওয়্যার ও অবকাঠামোর ওপর কতটা নির্ভরশীল।

মাইক্রোসফটের ঘটনা কি নতুন কিছু?

এ ধরনের বিপর্যয় প্রযুক্তি খাতে প্রথম, তা না। বরং গত কয়েক বছরের ঘটনাগুলো দেখলে বোঝা যায়, বড় প্রযুক্তি প্রতিষ্ঠানের একটি ত্রুটি কতটা বিস্তৃত প্রভাব ফেলতে পারে।

২০২৪ সালের ১৯এ জুলাই সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান ক্রাউডস্ট্রাইকের একটি ত্রুটিপূর্ণ সফটওয়্যার আপডেটের কারণে বিশ্বজুড়ে প্রায় ৮৫ লাখ উইন্ডোজ ডিভাইস অকার্যকর হয়ে পড়ে। 

এর ফলে বিমান চলাচল, হাসপাতাল, ব্যাংক ও খুচরা ব্যবসাপ্রতিষ্ঠানের কার্যক্রমে বড় ধরনের সমস্যা তৈরি হয়।

২০২৫ সালের ২০এ অক্টোবর অ্যামাজনের ক্লাউড সেবা অ্যামাজন ওয়েব সার্ভিসেস বা এডাব্লিউএস-এ ত্রুটির কারণে রেডিট, স্ন্যাপচ্যাট ও রোবলক্সের মতো প্ল্যাটফর্মে সমস্যা দেখা দেয়।

একই বছরের ১৮ই নভেম্বর ক্লাউডফ্লেয়ারের একটি কনফিগারেশন ত্রুটিতে এক্স, ক্যানভা ও চ্যাটজিপিটির মতো সেবাও প্রভাবিত হয়।

এর আগে ২০২১ সালের অক্টোবরে মেটার নেটওয়ার্ক কনফিগারেশনে ত্রুটির কারণে ফেসবুক, হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রাম প্রায় ছয় ঘণ্টা বন্ধ ছিল।

এসব ঘটনা থেকে একটি বিষয় স্পষ্ট। প্রযুক্তি যত বেশি মানুষের দৈনন্দিন জীবনের সঙ্গে যুক্ত হচ্ছে, একটি প্রতিষ্ঠানের ত্রুটি বা অচলাবস্থার প্রভাবও তত বেশি মানুষের কাছে পৌঁছে যাচ্ছে।

গুগল ক্লাউডের বিপর্যয়

মাইক্রোসফটের ঘটনার কয়েক সপ্তাহ আগেই একই ধরনের সমস্যার মুখে পড়ে গুগলের ক্লাউড কম্পিউটিং প্ল্যাটফর্ম।

২০২৬ সালের ২০এ অক্টোবর গুগল ক্লাউড প্ল্যাটফর্ম বা জিসিপিতে বড় ধরনের বিদ্যুৎ বিপর্যয় ঘটে। 

২০২৬ সালের ২০এ অক্টোবর গুগল ক্লাউড প্ল্যাটফর্ম বা জিসিপিতে বড় ধরনের বিদ্যুৎ বিপর্যয় ঘটে

লন্ডনে গুগলের একটি ডেটা সেন্টারে বিদ্যুৎ সরবরাহে সমস্যা দেখা দেওয়ায় একাধিক আঞ্চলিক ক্লাউড সেবা অকার্যকর হয়ে পড়ে।

গুগলের তদন্ত প্রতিবেদন অনুযায়ী, বিদ্যুৎ সরবরাহ বন্ধ হওয়ার পর ব্যাকআপ জেনারেটর স্বয়ংক্রিয়ভাবে চালু হতে পারেনি। 

ফলে ইউপিএসের ব্যাটারির চার্জ শেষ হয়ে গেলে ডেটা সেন্টারের সার্ভার ও নেটওয়ার্ক অবকাঠামো বিদ্যুৎবিহীন হয়ে পড়ে।

প্রায় ছয় ঘণ্টার বেশি সময় ধরে চলে এই বিপর্যয়। 

ক্লাউড কম্পিউটিং, ডেটাবেজ, ভার্চুয়াল মেশিন ও স্টোরেজসহ একাধিক সেবা এতে প্রভাবিত হয়।

রয়টার্সের খবর বলছে, ব্রিটেনের ডিজিটাল ব্যাংক রেভলুটের কার্ডে লেনদেন সমস্যা দেখা দেয় এতে। আটকে যায় এটিএম থেকে টাকা উত্তোলন।

লয়েডস ও এইচএসবিসি ব্যাংক, অনলাইন সম্পত্তি কেনাবেচার প্ল্যাটফর্ম রাইটমুভ এবং দেশটির সরকারি সেবার ওয়েবসাইটেও সমস্যা দেখা যায়।

তবে রেভলুট জানায়, গ্রাহকদের অর্থ ও তথ্য নিরাপদ ছিল।

পরে গুগল জানায়, তাদের প্রকৌশলীরা বিদ্যুৎ সরবরাহ ও সার্ভারের সমস্যা সমাধান করেছেন এবং অধিকাংশ গ্রাহকের জন্য সেবা স্বাভাবিক হয়েছে।

মাইক্রোসফট ও গুগলের এই দুটি ঘটনা আলাদা হলেও মূল সমস্যাটি অনেকটা একই।

গুরুত্বপূর্ণ ডিজিটাল সেবা কয়েকটি বড় প্রতিষ্ঠানের অবকাঠামোর ওপর নির্ভরশীল হয়ে পড়েছে। ফলে একটি প্রতিষ্ঠানের প্রযুক্তিগত বিপর্যয় অন্য অনেক প্রতিষ্ঠানের কার্যক্রমেও প্রভাব ফেলছে।

ঝুঁকিতে দৈনন্দিন ব্যবহারের গেজেট

দৈনন্দিন জীবনে ব্যবহৃত অনেক যন্ত্রপাতিও আজকাল ইন্টারনেটের সঙ্গে যুক্ত। আর এই সংযোগই কখনো কখনো সাইবার হামলার সুযোগ তৈরি করছে।

এর একটি উদাহরণ পাওয়া যায় ফ্রান্সের সুপারমার্কেটগুলোতে।

দ্য কনভারসেশনের ১১ই নভেম্বর প্রকাশিত এক প্রতিবেদন বলছে, ২০২৬ সালের ১১ ও ১২ই অক্টোবর ফ্রান্সের শত শত সুপারমার্কেটের রেফ্রিজারেশন ব্যবস্থা হ্যাক করে দূর থেকেই সেগুলোর নিয়ন্ত্রণ নেওয়া হয়। 

এর ফলে দোকানগুলোর ফ্রিজ ও ফ্রিজারের তাপমাত্রা বেড়ে প্রায় ৫০ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে যায়।

এতে কয়েক মিলিয়ন ইউরো মূল্যের খাবার নষ্ট হওয়ার খবর সামনে আসে।

নভেম্বরের শুরুতে বেলজিয়াম, এস্তোনিয়া, ফিনল্যান্ড, আয়ারল্যান্ড, লুক্সেমবার্গ, নেদারল্যান্ডস ও সুইডেনের কিছু সুপারমার্কেটেও একই ধরনের হামলার ঘটনা ঘটে। 

ব্রিটেনের খাদ্য সরবরাহকারী প্রতিষ্ঠানগুলোও এসব হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হয়।

আধুনিক সুপারমার্কেটের অনেক ফ্রিজ ও ফ্রিজার ইন্টারনেটের সঙ্গে যুক্ত বিশেষ নিয়ন্ত্রণব্যবস্থার মাধ্যমে পরিচালিত হয়। 

এর ফলে কর্মীরা দূর থেকেই যন্ত্রপাতির তাপমাত্রা পর্যবেক্ষণ করতে এবং সেটিংস পরিবর্তন করতে পারেন।

কিন্তু এই সুবিধার সুযোগ নিয়েই হামলাকারীরা রেফ্রিজারেশন ব্যবস্থার নিয়ন্ত্রণ নিতে সক্ষম হয়।

দ্য কনভারসেশনের প্রতিবেদন অনুযায়ী, হামলাকারীরা ফ্রিজের স্বাভাবিক ডিফ্রস্ট প্রক্রিয়ার সময় প্রায় এক ঘণ্টা থেকে বাড়িয়ে আট ঘণ্টা পর্যন্ত করে দেয়। এতে তাপমাত্রা বাড়তে থাকলেও সতর্কবার্তা আসতে দেরি হয়।

একটি ফ্রিজের নিয়ন্ত্রণ হারানোর ঘটনা শুনতে হয়তো খুব বড় কিছু মনে নাও হতে পারে। কিন্তু সেই ফ্রিজে যদি কয়েক হাজার মানুষের খাবার সংরক্ষিত থাকে, তাহলে এর প্রভাব আর শুধু একটি যন্ত্রের মধ্যে সীমাবদ্ধ থাকে না।

বিদ্যুৎ, পানি সরবরাহ কি নিরাপদ?

সুপারমার্কেটের ফ্রিজের ঘটনা প্রযুক্তির আরেকটি বড় ঝুঁকির দিকে দৃষ্টি আকর্ষণ করেছে।

ইন্টারনেটের সঙ্গে যুক্ত যন্ত্রপাতির নিরাপত্তার দুর্বলতা এখন গুরুত্বপূর্ণ অবকাঠামোকেও ঝুঁকির মুখে ফেলছে।

আলজাজিরা এক বিশ্লেষণে লিখেছে, ২০২৬ সালের জুলাইতে যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যের ৩০টিরও বেশি স্থানীয় পানির সরবরাহব্যবস্থায় সাইবার হামলার ঘটনা ঘটে।

একই মাসে ইরান-সংশ্লিষ্ট হ্যাকারদের হামলায় যুক্তরাজ্যের একটি ছোট বিদ্যুৎকেন্দ্র চার দিনের জন্য অকার্যকর হয়ে পড়ে।

এ ছাড়া সেপ্টেম্বরের শেষ থেকে অক্টোবরের শুরু পর্যন্ত দক্ষিণ কোরিয়ার অন্তত সাতটি আর্থিক প্রতিষ্ঠানের গ্রাহকদের ব্যক্তিগত তথ্য চুরি হয়। আর এতে প্রায় ৬৮ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হন।

এ ধরনের ঘটনা কেন উদ্বেগজনক, তা বোঝা যায় ইন্টারনেট-সংযুক্ত যন্ত্রপাতির সংখ্যা দেখলেও।

কেপিওসের ডিজিটাল ২০২৭ গ্লোবাল ওভারভিউ রিপোর্ট অনুযায়ী, বিশ্বজুড়ে প্রায় ২১ বিলিয়ন স্বল্প দূরত্বের সংযোগযুক্ত ডিভাইস এবং ৫ দশমিক ৪ বিলিয়ন দূর থেকে নিয়ন্ত্রণযোগ্য ডিভাইস রয়েছে।

অন্যদিকে, ইউরোপিয়ান রিপোজিটরি অব সাইবার ইনসিডেন্টসের তথ্য অনুযায়ী, ২০০০ সাল থেকে ২০২৬ সালের নভেম্বর পর্যন্ত বিশ্বজুড়ে ৪ হাজার ৯৩২টি বড় ধরনের রাজনৈতিক সাইবার হামলার ঘটনা নথিভুক্ত হয়েছে। এর মধ্যে প্রায় দুই-তৃতীয়াংশ ঘটেছে ২০২২ সালের পর।

অর্থাৎ, প্রযুক্তি যত বেশি মানুষের দৈনন্দিন জীবন ও গুরুত্বপূর্ণ অবকাঠামোর সঙ্গে যুক্ত হচ্ছে, নিরাপত্তার দুর্বলতার প্রভাবও তত বিস্তৃত হচ্ছে।

একটি প্রতিষ্ঠানের সার্ভার বা একটি যন্ত্রের নিয়ন্ত্রণ হারানোর ঘটনা এখন আর শুধু ওই প্রতিষ্ঠান বা যন্ত্রের ব্যবহারকারীদের মধ্যেই সীমাবদ্ধ থাকছে না, ঝুঁকিতে ফেলছে বিশ্বের নানা প্রান্তে ছড়িয়ে থাকা বিরাট জনগোষ্ঠীকে।

বিকল্প কতটা জরুরি?

বার্তাসংস্থা এপি জানাচ্ছে, মাইক্রোসফটের সাম্প্রতিক বিপর্যয়ের পর ইউরোপের কয়েকটি দেশের নীতিনির্ধারকেরা বিদেশি প্রযুক্তি প্রতিষ্ঠানের ওপর অতিরিক্ত নির্ভরতা কমানোর প্রয়োজনীয়তার কথা আবারও সামনে এনেছেন।

তবে শুধু একটি প্রযুক্তি প্রতিষ্ঠানের সেবা বাদ দিয়ে অন্য প্রতিষ্ঠানের সেবা ব্যবহার করলেই যে ঝুঁকি পুরোপুরি কমে যাবে, বিষয়টি এমন নয়। কারণ, প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর সেবার মধ্যে পারস্পরিক সংযোগ ও নির্ভরতা আছে।

এ ধরনের পরিস্থিতি মোকাবিলায় প্রতিষ্ঠানগুলোর বিকল্প যোগাযোগব্যবস্থা, গুরুত্বপূর্ণ তথ্যের ব্যাকআপ এবং জরুরি কার্যক্রম পরিচালনার আলাদা পরিকল্পনা থাকা প্রয়োজন বলে মনে করেন বিশেষজ্ঞরা।

হাসপাতালের ব্যবস্থাপত্র পাঠানোর বিকল্প ব্যবস্থা না থাকলে রোগীকে অপেক্ষা করতে হতে পারে। ব্যাংকের ডিজিটাল সেবা বন্ধ হলে গ্রাহকের লেনদেন আটকে যেতে পারে। আবার কোনো প্রতিষ্ঠানের সার্ভার অকার্যকর হলে তার সঙ্গে যুক্ত আরও অনেক প্রতিষ্ঠানের কাজও থেমে যেতে পারে।

ফ্রান্সের সুপারমার্কেটের ফ্রিজ কিংবা যুক্তরাজ্যের বিদ্যুৎকেন্দ্রের ঘটনাও দেখিয়েছে, ডিজিটাল নিরাপত্তার দুর্বলতা শেষ পর্যন্ত এমন পরিস্থিতি তৈরি করতে পারে, যাতে আপনি ‘ভাতে-পানিতে-বিদ্যুতে মরতে’ পারেন।

প্রযুক্তি আমাদের জীবনকে সহজ করেছে, কাজের গতি বাড়িয়েছে এবং বিশ্বের এক প্রান্তের মানুষের সঙ্গে অন্য প্রান্তের যোগাযোগ সহজ করেছে। কিন্তু এই সুবিধার সঙ্গে তৈরি হয়েছে নতুন ধরনের নির্ভরতা।

মুঠোফোনে মাইক্রোসফটের বিভিন্ন অ্যাপ ও সেবার আইকন।

একটি ইমেইল সেবা বন্ধ হলে কাজ আটকে যেতে পারে, একটি ক্লাউড সার্ভার অকার্যকর হলে ব্যবসা থেমে যেতে পারে, আবার একটি ইন্টারনেট-সংযুক্ত যন্ত্রের নিয়ন্ত্রণ হারালে নষ্ট হতে পারে কোটি টাকার খাদ্যপণ্য।

তাই প্রশ্নটি এখন শুধু কোন প্রযুক্তি প্রতিষ্ঠান কত উন্নত সেবা দিচ্ছে, তা নিয়ে নয়। বরং সেই সেবা বন্ধ হয়ে গেলে বিকল্প কী আছে, সেটিও সমান গুরুত্বপূর্ণ।

কারণ, প্রযুক্তিনির্ভর বিশ্বে সবচেয়ে বড় ঝুঁকি হয়তো কোনো একটি প্রতিষ্ঠানের সেবা বন্ধ হয়ে যাওয়া নয়। বরং সেই সেবা বন্ধ হওয়ার পর পুরো ব্যবস্থা সচল রাখার মতো বিকল্প না থাকা।