বিএনপির ‘হ্যাঁ ভোট’ প্রচারণা কৌশলগত ‘দেরি’ নাকি ‘সঠিক সময়’

নির্বাচনি প্রচারণার নবম দিনে এসে ‘হ্যাঁ ভোট’ এর পক্ষে প্রচারণা চালালেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। 

শুক্রবার রংপুরে নির্বাচনি জনসভায় ভোটারদের কাছে ধানের শীষে’র পাশাপাশি হ্যাঁ ভোটের পক্ষে রায় দেয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

বাইশে জানুয়ারি সিলেট থেকে নির্বাচনি প্রচারণা শুরুর পর, ঢাকা ও এর আশপাশের কিছু এলাকা, চট্টগ্রাম, কুমিল্লা এবং রাজশাহী বিভাগে জনসভায় অংশ নেন তারেক রহমান। 

সেসময় গণভোট নিয়ে দলের অবস্থান নিয়ে কিছু বলেননি বিএনপি চেয়ারম্যান। এ নিয়ে বিভিন্ন মাধ্যমে নানান গুঞ্জন শুরু হয়। 

বিভিন্ন রাজনৈতিক ও ছাত্র সংগঠনের পক্ষ থেকে বিএনপি ও তারেক রহমানের অবস্থান পরিস্কারের দাবি জানিয়ে, ‘বিএনপি না ভোটের পক্ষে’ অবস্থান নিচ্ছে বলেও অভিযোগ তোলা হয়।

গেল বৃহস্পতিবার ঢাকায় জামায়তে ইসলামীর একটি নির্বাচনি সভায় ডাকসুর ভিপি সাদেক কায়েম বলেছেন, “আপনি সারাদেশব্যাপী বক্তৃতা দিচ্ছেন, ক্যামপেইন করছেন কিন্তু আপনার মুখ দিয়ে কেন গণভোটের পক্ষে হ্যাঁ এর কথা বের হচ্ছে না?”

“গণভোটে 'হ্যাঁ' বা 'না' ভোট নিয়ে তারেক রহমান স্পষ্ট কোনো কথা বলছেন না,”  শুক্রবার কুমিল্লায় এক নির্বাচনি সভায় একথা বলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ।

বিএনপি চেয়ারম্যান তারেক রহমান

‘হ্যাঁ-এর পক্ষে রায় দিন’

শুক্রবারেই রংপুরে এক সভায় গণভোট নিয়ে দলের অবস্থান জানিয়েছেন তারেক রহমান।

ঐক্যমত্য কমিশনের সংস্কার প্রস্তাবে দলটি মত-দ্বিমত প্রকাশে লুকোছাপা করেনি জানিয়ে তিনি বলেন, “আমরা জনগণের সামনে প্রকাশ্যে বলেছি যে, কোনটিতে আমরা সম্মতি দিয়েছি এবং কোনটিতে আমাদের কিছু ডিজঅ্যাগ্রিমেন্ট আছে।”

জুলাই আন্দোলনে প্রাণ দেয়া রংপুরের আবু সাঈদ ও চট্টগ্রামের ওয়াসিম এর উৎসর্গকে মূল্যায়ন করতে হলে জুলাই সনদকেও সম্মান করতে হবে মন্তব্য করে তিনি বলেন, “আপনাদের সকলকে অনুরোধ, যে ধানের শীষে সিলটা দিবেন। বারো তারিখে একই সাথে আপনাকে যে দ্বিতীয় ব্যালট পেপারটি দিবে হ্যাঁ এবং না-এর, সেখানে হ্যাঁ-এর পক্ষে দয়া করে আপনারা রায় দিবেন।”

কৌশলগত ‘দেরি’ নাকি ‘সঠিক সময়’?

প্রচারণার নবম দিনে এসে তারেক রহমান গণভোটে হ্যাঁ ভোটের পক্ষে যে প্রচারণা শুরু করলেন একে ‘স্ট্র্যাটেজিক মুভ’ বলছেন বিশ্লেষকরা। তবে এই প্রচারণা কি দেরি, নাকি সঠিক সময়ে- এ নিয়ে দ্বিমত রয়েছে।

সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক শুভ কিবরিয়া মনে করেন একদম সঠিক সময়েই হ্যাঁ ভোটের পক্ষে নিজেদের অবস্থান পরিস্কার করেছে বিএনপি। 

তাছাড়া দেশের ভেতরে-বাইরে বিভিন্ন চাপ এবং কৌশলগত কারনে কিছুটা সময় বিএনপি নিয়েছে বলেও মনে করেন তিনি। 

“নির্বাচনি হাইপ কিন্তু এখনো শুরু হয়নি। আমার মনে হয় তারেক রহমান সঠিক সময়েই হ্যাঁ ভোটের প্রচারণা শুরু করেছেন,” আলাপ-কে শনিবার বলেন কিবরিয়া। 

তার এই অবস্থান পরিস্কারের পর, যারা সোশ্যাল মিডিয়ায় ‘বিএনপি ও তারেক রহমান না ভোটের পক্ষে’ এমন প্রচারণা করছিলেন তাদের জন্য “মোক্ষম সময়ে জবাব দিয়েছেন” বলেও মনে করছেন এই রাজনৈতিক বিশ্লেষক।

এছাড়া আওয়ামী লীগের সাম্প্রতিক ‘নড়াচড়ার' দিকে ইঙ্গিত করে বিএনপির হ্যাঁ এর পক্ষে প্রচারণাকে “স্ট্রাটেজিক্যালি সঠিক” বলে মনে করছেন তিনি। 

খুব শিগগিরই দেশজুড়ে বিএনপির পক্ষ থেকে গণভোটে হ্যাঁ এর পক্ষে প্রচারণা আরও বাড়বে বলেও মনে করেন শুভ কিবরিয়া।

সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক মাসুদ কামাল তারেক রহমানের এই প্রচারণাকে দেখছেন বিএনপির ভোট বাড়ানোর কৌশল হিসাবে।

তিনি গণমাধ্যমে বলেছেন, “এটা একটা পলিটিক্যাল মুভ। উনি হয়তো মনে করেছেন এটা করলে উনার ভোট বাড়বে।”

তারেক রহমানের কথা দ্বারা “ব্যক্তিগতভাবে তিনি প্রভাবিত নন” জানিয়ে বলেন, “উনি যদি হ্যাঁ ভোট চান, এটা ভালো, এতে জুলাই সনদ নিয়ে উনার পজিটিভ দৃষ্টিভঙ্গি প্রচারিত হলো।”