বেশিরভাগ ভোটার মনে করছেন, আগামী নির্বাচনের পর সরকার গঠন করবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) বলে এক জরিপে উঠে এসেছে।
গত ডিসেম্বর মাসে বেসরকারি সংস্থা এমিনেন্স অ্যাসোসিয়েটস ফর সোশ্যাল ডেভেলপমেন্ট (ইএএসডি) পরিচালিত এই জরিপে ৭৭ শতাংশ উত্তরদাতা বলেছেন, তারা মনে করেন বিএনপি সরকার গঠন করবে।
সোমবার ইএএসডি যে জরিপ প্রকাশ করেছে তার জন্য প্রতিটি সংসদীয় আসনে ৬০ থেকে ৮০ জনের মতামত নেওয়া হয়েছে বলে আলাপ-কে জানান সংস্থাটির প্রধান নির্বাহী কর্মকর্তা শামীম হায়দার তালুকদার।
“২০২৫ সালের ২০এ ডিসেম্বর থেকে এই বছরের পহেলা জানুয়ারি পর্যন্ত তথ্য সংগ্রহ করা হয়েছে। মোট ২০ হাজার ৪৯৫ জন উত্তরদাতা জরিপে অংশ নিয়েছে,” তিনি বলেন।
জরিপের উত্তরদাতাদের মধ্যে ৭০ শতাংশ বিএনপিকে ভোট দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছে; ১৯ শতাংশ ভোট দিতে চান জামায়াতে ইসলামীকে আর ২ দশমিক ৬ শতাংশ উত্তরদাতা জানিয়েছেন, তারা ভোট দেবেন চব্বিশের অভ্যুথানের নেতৃত্বে থাকা তরুণদের দল জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি)।
“একটা ইন্টারেস্টিং বিষয় বের হয়ে এসেছে তা হলো, উত্তরদাতাদের মধ্যে যারা বিএনপিকে ভোট দিতে চায় না, তাদের একটা বড় অংশও মনে করেন যে, সরকার গঠন করবে বিএনপি,” আলাপ-কে বলেন শামীম হায়দার তালুকদার।
জামায়াতে ইসলামী সরকার গঠন করবে বলে মনে করেন ১৭ শতাংশ মানুষ। আর ১ শতাংশের কিছু বেশি মানুষ মনে করেন, এনসিপি সরকার গঠন করবে।
এর আগে গত ডিসেম্বরের প্রথমে দৈনিক প্রথম আলোর উদ্যোগে করা এক জনমত জরিপেও উঠে আসে যে, বেশিরভাগ মানুষই মনে করে, আগামী নির্বাচনে সবচেয়ে বেশি আসনে জয় লাভ করবে বিএনপি। সেই জরিপে দেশের ৫টি নগর ও ৫টি গ্রাম বা আধা শহরাঞ্চলের ১ হাজার ৩৪২ জনের মতামত নেওয়া হয় গত বছরের ২১ অক্টোবর থেকে ২৮ অক্টোবর পর্যন্ত।
ইএএসডি-এর জরিপ জানতে চাওয়া হয়েছিল, গত নির্বাচনে কাকে ভোট দিয়েছেন বা দেওয়ার ইচ্ছা ছিল। ৩৫ শতাংশ মানুষ জানিয়েছেন, তারা বিএনপিকে ভোট দিতে চেয়েছিলেন। ২৭ শতাংশ মানুষ জানিয়েছেন, আওয়ামী লীগকে ভোট দিয়েছেন বা দিতে চেয়েছিলেন। অন্যদিকে জামায়াতে ইসলামীকে ভোট দিতে চেয়েছিলেন ৫ শতাংশের কিছু বেশি মানুষ।
বাংলাদেশের কোথায় কোন দল এগিয়ে
জরিপে উঠে এসেছে, বিএনপি দেশের প্রায় সব অঞ্চলেই শক্তিশালী অবস্থানে রয়েছে, বলে আলাপ-কে জানান শামীম হায়দার তালুকদার। তবে সর্বোচ্চ সমর্থন পাওয়া গেছে চট্টগ্রাম ও রাজশাহীতে যেখানে দলটিকে ৭৪ শতাংশ ভোটার সমর্থন করেছে।
“বরিশাল ও খুলনায় জামায়াতের ইসলামীর অবস্থান জোরালো। সেখানে তাদের সমর্থন ২৯ আর ২৫ শতাংশ,” বলেন ইএএসডি-এর প্রধান নির্বাহী।
জাতীয় পার্টি বেশি সমর্থন পেয়েছে রংপুরে আর স্বতন্ত্র প্রার্থীদের প্রতি মাত্র দশমিক এক শতাংশ ভোটার আগ্রহ দেখিয়েছেন, বলে জানান শামীম হায়দার তালুকদার।
নারী ভোটারদের পছন্দ কোন দল?
জরিপে দেখা গেছে, পুরুষদের তুলনায় নারী ভোটারদের মধ্যে বিএনপির জনপ্রিয়তা বেশি।
জরিপে অংশগ্রহণকারী নারী ভোটারদের মধ্যে ৭১ শতাংশই বিএনপির প্রতি সমর্থন জানিয়েছেন।
“এটা বিএনপি’র প্রতি নারী ভোটারদের ক্রমবর্ধমান আস্থার প্রতিফলন,” বলেন শামীম হায়দার তালুকদার।
আওয়ামী লীগের ভোটার কোন ব্যালটে সিল দেবে?
আওয়ামী লীগে যারা আগের নির্বাচনগুলোতে ভোট দিয়ে আসছে নির্বাচনে কোন দলকে ভোট দেবে এ প্রশ্নের উত্তরে বেশ ‘চমকপ্রদ’ তথ্য পাওয়ার কথা জানিয়েছেন শামীম হায়দার তালুকদার।
যারা আগে আওয়ামী লীগকে ভোট দিতেন, তাদের একটি বিশাল অংশ এখন পরিবর্তনের পক্ষে জানিয়ে আলাপ-কে তিনি বলেন, "তাদের মধ্যে ৬০ শতাংশ বিএনপিকে ভোট দেওয়ার কথা বলেছেন, আর ২৫ শতাংশ জামায়াতকে সমর্থন দেবেন বলে জানিয়েছেন।"