মোহাম্মদ সাঈদ খোকন। ১৯৭০ সালের ১৯এ জুন জন্ম। ১৯৯০ সালে ঢাকা সিটি কলেজ থেকে স্নাতক ডিগ্রি লাভ করেন। অবিভক্ত ঢাকার প্রথম মেয়র ও মহানগর আওয়ামীলীগের (বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ) সাবেক সভাপতি মোহাম্মদ হানিফের পুত্র। বাবার হাত ধরেই আওয়ামীলীগের রাজনীতিতে যুক্ত হন। ১৯৮৭ সালে আওয়ামী লীগে যোগ দিয়ে করে ঢাকা মহানগর ৩৩ নাম্বার ওয়ার্ড শাখার আইন বিষয়ক সম্পাদক হন।
২০০৪ সালে দায়িত্ব পান ঢাকা মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হিসাবে। ২০১৫ সালে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র নির্বাচিত হন।
দলের ভেতরেই বিতর্কিত
ভিন্নমতের রাজনৈতিক নেতাদের কাছেও জনপ্রিয় ছিলেন সাঈদ খোকনের প্রয়াত পিতা মোহাম্মদ হানিফ। দলীয় ফোরামেও ছিল আকাশচুম্বী গ্রহনযোগ্যতা। কিন্তু তার পুত্র খোকন যেন বাবার পথে হাঁটতে পারেননি। দলের ভেতরই তাকে নিয়ে বরাবরই ছিল নানান অভিযোগ আর গুঞ্জন।
ওয়ান ইলেভেন সরকারের আমলে হাত মিলিয়েছিলেন ২০০৭ সালের ৭ই জুন গঠন করা প্রোগ্রেসিভ ডেমোক্র্যাটিক পার্টির (পিডিবি) চেয়ারম্যান ফেরদৌস আহমেদ কোরেশীর সঙ্গে। এই নিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার উপর বেশ চটেছিলেন।
দল থেকে অনেক দিন বিছিন্ন হয়ে থাকেন সাঈদ খোকন। এছাড়া দলীয় পদবীর বিনিময়ে বাণিজ্যেরও অভিযোগ আছে তার বিরুদ্ধে। আছে অসৌজন্যমূলক আচরণের অভিযোগও। দলের ভেতরে গ্রুপিংসহ শৃঙ্খলাবিরোধী নানান কর্মকাণ্ড নিয়ে তার উপর চরম ক্ষুব্ধ ছিলেন তৃণমূলের নেতাকর্মীরা।
খোকনের বিরুদ্ধে ৩০-এর বেশি মামলা
সাবেক মেয়র মোহাম্মদ সাঈদ খোকনের বিরুদ্ধে এই পর্যন্ত মোট ৩০টি বেশি মামলার তথ্য পাওয়া গেছে। এরমধ্যে চব্বিশের গণঅভ্যুত্থানের হত্যা মামলার আসামিও তিনি।আছে দুর্নীতি, কর ফাঁকি, অর্থপাচারের মামলা। ২০২৫ সালের ১৩ই নভেম্বর সাঈদ খোকন, তার বোন শাহানা হানিফ এবং তাদের একজন কর্মচারীর বিরুদ্ধে মানিলন্ডারিং মামলার অনুমোদন দুর্নীতি দমন কমিশন। এতে প্রায় ৫৪ কোটি ৭৮ লাখ টাকা অর্থপাচারের অভিযোগ আনা হয়।
সাঈদ খোকন ও তার পরিবারের বিরুদ্ধে প্রায় ২৯৭ কোটি টাকা কর ফাঁকির অভিযোগ আছে। এর মধ্যে শুধু সাঈদ খোকনের বিরুদ্ধে কর ফাঁকির পরিমাণ ৯৪ কোটি ২০ লাখ টাকা।
দুর্নীতির তদন্তের অংশ হিসেবে আদালত তার ও পরিবারের অন্য সদস্যদের ৭৯টি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দেন। এছাড়া তিনটি বন্ডে থাকা ৯০ কোটি টাকার বিনিয়োগও জব্দ করা হয়।
আড়াই বছর আত্নগোপনে
ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত চলে যান ২০২৪ সালের ৫ই অগাস্ট। শীর্ষ থেকে মধ্যম সারির কোন অনুসারীই নেই প্রকাশ্যে। আত্নগোপনে চলে যান সাঈদ খোকনও। মাঝে মাঝে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এসে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পক্ষে প্রচারণা চালিয়েছেন। গোয়েন্দারা তাকে ধরতে বেশ কয়েকবার ব্যর্থ হয়েছেন। শোনা যায় তিনি সম্প্রতি বেশ কয়েকবার স্থান পরিবর্তন করেছেন।
যেভাবে গ্রেপ্তার
এসআরবি কর্মকর্তারা জানান, সাঈদ খোকনের বিরুদ্ধে হত্যাসহ অনেকগুলো মামলা ছিল। মঙ্গলবার ভোরে বারিধারা এলাকার ৯ নাম্বার রোডে অভিযান চালায় এসআরবির একটি বিশেষ দল। এরপর ৭টার সময় ১৩ নাম্বার বাসায় সাঈদ খোকনের অবস্থান নিশ্চিত হয়ে তাকে গ্রেপ্তার করে। সকাল ৮টায় পুলিশের কাছে হস্তান্তর করা হয়
৭ দিনের রিমান্ডে সাঈদ খোকন
সাঈদ খোকনকে মঙ্গলবার ঢাকার সিএমএম আদালতে তোলা হয় সন্ধ্যায়। জুলাই আন্দোলনে ধানমণ্ডি থানায় মোতালেব হত্যা মামলায় ১০ দিনের রিমান্ড চায় পুলিশ। পরে আদালত তার সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন।
গ্রেপ্তারের আগে সাঈদ খোকন ভিডিও বার্তায় নিজের বিরুদ্ধে মামলা এবং ডিসেম্বর ইস্যুতে কথা বলেছিলেন।