অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে দুর্নীতি ও অর্থ পাচারের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের করা সংবাদ সম্মেলনের বৈধতা নিয়ে রুল জারি করেছে হাইকোর্ট।
অনুসন্ধানের শুরুতেই প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে ‘প্রাথমিক সত্যতা পাওয়া গেছে’ বলে সেই সংবাদ সম্মেলনে দুদকের দেওয়া বক্তব্য এবং গণমাধ্যমে প্রচার কেন অবৈধ হবে না, তা জানতে চেয়ে বুধবার সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি মো. বশির উল্লাহর হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।
এর আগে, ২৮এ সেপ্টেম্বর দুদকের সংবাদ সম্মেলনের বৈধতা ও মানহানিকর বক্তব্য প্রচার থেকে বিরত থাকার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করেন আসিফ মাহমুদ।
২৯এ সেপ্টেম্বর বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি এস কে তাহসিন আলীর হাইকোর্ট বেঞ্চ রিট আবেদনটি কার্যতালিকা থেকে বাদ দেন। পরে ৪ঠা নভেম্বর বিচারপতি মো. বশির উল্লাহ ও বিচারপতি হামিদুর রহমানের হাইকোর্ট বেঞ্চ শুনানির পর আদেশের জন্য অপেক্ষায় রেখেছিলেন। আসিফ মাহমুদের পক্ষে শুনানিতে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ হোসেন, আইনজীবী ইউসুফ আলী ও জহিরুল ইসলাম। দুদকের পক্ষে আইনজীবী মোহাম্মদ মাহবুবুর রহমান খান শুনানি করেন।
বুধবার আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার আইনজীবী ইউসুফ আলী গণমাধ্যমকে জানান, আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার করা রিটের উপরে আদালত রুল জারি করেছে। সেখানে আদালত ২রা সেপ্টেম্বর ও ১৩ই সেপ্টেম্বর দুদক তার বিরুদ্ধে দুটি প্রেস কনফারেন্স করেছিল, সেই প্রেস কনফারেন্সকে কেন অবৈধ এবং বেআইনি ঘোষণা করা হবে না, তার কারণ দেখাতে চার সপ্তাহের মধ্যে দুদকের কাছে জানতে চেয়ে রুল জারি করা হয়েছে।
ইউসুফ আলী বলেন, "দুদক এই বছরের ২রা সেপ্টেম্বরের সেই সংবাদ সম্মেলনে জাতির সামনে উপস্থাপন করে যে, আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া যুব উন্নয়ন অধিদপ্তরের বেশ কিছু কর্মকর্তা-কর্মচারীকে বিভিন্ন জায়গায় পোস্টিং দিয়ে ঘুষ নিয়েছে, পরে দেখা গেল যে আসলে এই পোস্টিংটা হয়েছে উনার পদত্যাগের প্রায় ছয় মাস পরে, অর্থাৎ চলতি বছরের ১১ই মে।"
পরবর্তীতে বর্তমান সরকারের সময় যখন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া সংবাদ সম্মেলন করে এটাকে ডিবাঙ্ক করলেন, তখন দুদক একই মাসের ১৩ তারিখে এসে আরেকটা সংবাদ সম্মেলন করলেন যে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ১৩ হাজার কোটি টাকা পৃথিবীর বিভিন্ন দেশে পাচার করেছে, উল্লেখ করেন তিনি।
ইউসুফ আলী আরও জানান, সংবিধানের ৩১ নাম্বার অনুচ্ছেদে নাগরিকের সুনামের যে সুরক্ষা দেওয়া হয়েছে, সেই সুরক্ষার প্রটেকশন চেয়ে সংবিধানের অভিভাবক সুপ্রিম কোর্টের কাছে প্রতিকার চাওয়া হয়েছে।
২০২৪ সালের ৫ই অগাস্ট জুলাই গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন হয়। এরপর ৮ই অগাস্ট আগস্ট অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়।
জুলাই গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া ছাত্রদের প্রতিনিধি হিসেবে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হন আসিফ মাহমুদ। শুরুতে ছিলেন শ্রম মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব পান তিনি। পরে ২০২৪ সালের নভেম্বরে তাকে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়। এর পর থেকে তিনি স্থানীয় সরকার এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেন।
২০২৫ সালের ডিসেম্বরে আসিফ মাহমুদ অন্তর্বর্তী সরকারের উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করেন। একই বছরের ডিসেম্বরের শেষ দিকে তিনি জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) আনুষ্ঠানিকভাবে যোগ দেন। তখন থেকে তিনি এনসিপির মুখপাত্রের দায়িত্ব পালন করছেন।