নিউ ইয়র্কে বিএনপি-আওয়ামী লীগ সমর্থকদের মধ্যে উত্তেজনা, পুলিশের হস্তক্ষেপ

বিএনপি ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সমর্থকদের মধ্যে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসে উত্তেজনা সৃষ্টি হয়।  

প্রধানমন্ত্রী তারেক রহমানের যুক্তরাষ্ট্রের সফরকে ঘিরে সোমবার স্থানীয় সময় সন্ধ্যায় দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি স্লোগান এবং ব্যানার ছেঁড়ার ঘটনা ঘটে।  পরে নিউইয়র্ক সিটি পুলিশের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

দ্য ফাইন্যানশিয়াল এক্সপ্রেসের প্রতিবেদনে বলছে, জ্যাকসন হাইটসের ডাইভার্সিটি প্লাজায় দুই দলের সমর্থকেরা পৃথকভাবে সমবেত হন। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে ধাক্কাধাক্কি শুরু হলে ৫০ জনের বেশি পুলিশ সদস্য পরিস্থিতি নিয়ন্ত্রণে এগিয়ে আসেন। আওয়ামী লীগ সমর্থকেরা তারেক রহমানকে স্বাগত জানিয়ে টানানো কয়েকটি ব্যানারও ছিঁড়ে ফেলেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

স্থানীয় বিএনপি নেতাদের উদ্ধৃতি দিয়ে কালবেলার প্রতিবেদনে বলা হয়েছে, তারেক রহমানকে স্বাগত জানিয়ে লাগানো পোস্টার ও ব্যানার ছেঁড়াকে কেন্দ্র করে উত্তেজনার সূত্রপাত। এরপর বিএনপি ও আওয়ামী লীগের সমর্থকেরা জ্যাকসন হাইটসে মুখোমুখি অবস্থান নিয়ে প্রায় দুই ঘণ্টা পাল্টাপাল্টি স্লোগান দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুই পক্ষকে আলাদা করে পরিস্থিতি শান্ত করে। 

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তুরস্কের ইস্তাম্বুলে যাত্রাবিরতি শেষে যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় সোমবার বিকেল ৬টার দিকে নিউ ইয়র্কের জন এফ কেনেডি বিমানবন্দরে পৌঁছান প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীরা। তাদের স্বাগত জানান যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত ও বিএনপি এবং অঙ্গসংগঠনের হাজার হাজার নেতাকর্মী।

বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে মোটরশোভাযাত্রা সহকারে প্রধানমন্ত্রীকে ম্যানহাটনের ‘হায়াত গ্র্যান্ড সেন্ট্রাল নিউইয়র্ক’ হোটেলে নেওয়া হয়। সফরের সময় তিনি এই হোটেলেই অবস্থান করবেন।

প্রধানমন্ত্রীর সফরসঙ্গীদের মধ্যে তার স্ত্রী ডা. জুবাইদা রহমান ছাড়াও রয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, বিমান ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান, পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির, শামা ওবায়েদ ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।