প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক সহকারী হিসাবে নিয়োগ পেয়েছেন বিএনপি নেতা মো: রাশেদ খাঁন। সচিব পদমর্যাদায় তাকে এই পদে নিয়োগ দিয়ে রবিবার প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
সকালে নিজের ভেরিফায়েড ফেইসকবুক পেইজে এ তথ্য জানিয়েছেন রাশেদ খাঁন।
তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি বলেছেন, “আমি রাজনীতি করি। আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে বড় হয়েছি। রাজনীতিই আমার ধ্যান জ্ঞান। প্রধানমন্ত্রী আস্থা রেখে তার সহাকারী হিসাবে নিয়োগ দিয়েছেন।”
প্রজ্ঞাপনে বলা হয়েছে, অন্য যেকোনো পেশা, ব্যবসা, সরকারি, আধা সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান/সংগঠনের সঙ্গে কাজের সম্পর্ক ছাড়ার শর্তে রাশেদ খাঁনকে এ নিয়োগ দেওয়া হয়েছে। যোগদানের তারিখ থেকে প্রধানমন্ত্রীর মেয়াদকাল বা তার সন্তুষ্টি সাপেক্ষে (যেটি আগে ঘটে) তিনি এ পদে নিযুক্ত থাকবেন বলেও প্রজ্ঞাপনে জানানো হয়।
রাজনৈতিক সহকারী হিসাবে তার কাজ কী হবে- এমন প্রশ্নে রাশেদ খাঁন আলাপ-কে বলেন, “আমার রোল কী হবে তা প্রধানমন্ত্রীর নির্দেশনার ওপর নির্ভর করে। তার রাজনৈতিক সহকারী হিসাবে তিনি যেভাবে নির্দেশনা দেবেন, সেভাবেই কাজ করবো। কী নির্দেশনা দেবেন, সেজন্য অপেক্ষা করতে হবে।”
রাশেদ খাঁন ২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলনের অন্যতম সংগঠক। বাংলাদেশ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের যুগ্ম আহ্বায়ক হিসাবে দায়িত্ব পালন করেন।
২০২১ সাল থেকে গণ অধিকার পরিষদের প্রতিষ্ঠাতা সাধারন সম্পাদক ছিলেন রাশেদ খাঁন। ২০২৫ সালের ২৭এ ডিসেম্বর তিনি গণ অধিকার পরিষদ থেকে পদত্যাগ করে বিএনপিতে যোগ দেন। গত নির্বাচনে ঝিনাইদহ-৪ আসন থেকে নির্বাচন করলেও জয়ী হননি।