বঙ্গভবন ছেড়ে গুলশানের ফ্ল্যাটে সাহাবুদ্দিন

রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগের পর বঙ্গভবনে ছেড়ে নিজস্ব ফ্ল্যাটে উঠেছেন মো. সাহাবুদ্দিন।

রবিবার দুপুরে সরকারি বাসভবন ছেড়ে ঢাকার গুলশান-১ এলাকার নিজস্ব বাসভবনে ওঠেন তিনি।

গত ২৪এ জুলাই পদত্যাগ করেন মো. সাহাবুদ্দিন। সংবিধান অনুযায়ী, বর্তমানে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি দায়িত্বে রয়েছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

সাহাবুদ্দিনের পদত্যাগের পরই তার গুলশানের বাসভবন প্রস্তুতির কাজ শুরু হয়। রবিবার সকাল থেকেই সেখানে জোরদার করা হয় নিরাপত্তা ব্যবস্থা।

পুলিশের পাশাপাশি র‌্যাব, সেনাবাহিনী ও স্পেশাল সিকিউরিটি ফোর্সের (এসএসএফ) সদস্যরা নিরাপত্তার দায়িত্ব পালন করেন।

ডগ স্কোয়াড ও উদ্ধারকারী (রেসকিউ) টিম দিয়ে ওই এলাকায় পরিচালনা করা হয় তল্লাশি ও নিরাপত্তা কার্যক্রম।

সব ধরনের নিরাপত্তা প্রস্তুতি শেষে দুপুর ২টা ৫৭ মিনিটে নিরাপত্তা বেষ্টনীর মধ্য দিয়ে গুলশানের নিজস্ব বাসভবনে পৌঁছান সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।