সংযুক্ত আরব আমিরাতে ড্রোনের ধ্বংসাবশেষের আঘাতে একজন বাংলাদেশি শ্রমিক নিহত হয়েছেন। আবুধাবিতে বাংলাদেশি দূতাবাসের একটি সূত্র এই খবর নিশ্চিত করেছে।
তবে নিহত শ্রমিকের নাম-পরিচয় সম্পর্কে এখনো নিশ্চিত হওয়া যায়নি।
আবুধাবির বাংলাদেশি দূতাবাসের লেবার উইং তথ্য সংগ্রহের চেষ্টা করছে বলে জানিয়েছে সূত্রটি।
তারা অপেক্ষা করছেন, সংযুক্ত আরব আমিরাত কর্তৃপক্ষের কাছ থেকে তথ্য পাওয়ার জন্য। তথ্য পেলেই নিহতের পরিবারের সাথে যোগাযোগ করে মৃতদেহ বাংলাদেশে পাঠানোর উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছে দূতাবাস সূত্র।
মধ্যপ্রাচ্যভিত্তিক প্রভাবশালী সংবাদমাধ্যম গালফ নিউজ জানাচ্ছে, ফুজাইরাহ রাজ্যের আল-রিফা এলাকায় একটি কৃষি খামারের উপর একটি ড্রোনের ধ্বংসাবশেষ ছড়িয়ে পড়লে ওই খামারের একজন শ্রমিক নিহত হন।
কর্তৃপক্ষ নিহত ওই শ্রমিককে বাংলাদেশি নাগরিক বলে চিহ্নিত করে।
বাংলাদেশের যেসব প্রবাসী শ্রমিক বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে আছে তার একটা উল্লেখযোগ্য অংশই রয়েছেন মধ্যপ্রাচ্যে - বিশেষ করে সংযুক্ত আরব আমিরাতে।
ফুজাইরার স্থানীয় সরকারের গণমাধ্যম শাখা জানাচ্ছে, সংযুক্ত আরব আমিরাতের এয়ার ডিফেন্স সিস্টেম সফলভাবে একটি মনুষ্যবিহীন আকাশযান (ইউএভি) বা ড্রোন ইন্টারসেপ্ট করে এবং এটিকে ধ্বংস করে।
ধ্বংস হওয়া ওই ড্রোনটিরই ধ্বংসাবশেষ ছড়িয়ে পড়েছিল আল-রিফা এলাকার ওই খামারটির ওপর - যেখানে নিহত বাংলাদেশি শ্রমিক কাজ করছিলেন।