প্রদীপের আলোয় মানুষের গল্প

লোকনাথ আশ্রমে রাখের উপবাসের এক সন্ধ্যা

আমার মাথা নত করে দাও হে তোমার
চরণধূলার তলে।
— রবীন্দ্রনাথ ঠাকুর

মানুষের জীবনে এমন কিছু মুহূর্ত আসে, যখন সমস্ত চাওয়া-পাওয়া, অভিমান কিংবা হিসাব-নিকাশ সরিয়ে রেখে সে কেবল কারও কাছে নিজেকে সমর্পণ করতে চায়। সেই সমর্পণের ভাষা কখনো প্রার্থনা, কখনো নীরবতা, কখনোবা একটি ছোট্ট প্রদীপের শিখা।

বিশ্বাসেরও বোধহয় নিজস্ব কিছু ভাষা আছে। সেই ভাষা বোঝার জন্য সবসময় শব্দের প্রয়োজন হয় না। কখনো চোখ বন্ধ করে বসে থাকা একজন মানুষ, কখনো দুহাত জোড় করে রাখা কোনো ভক্ত, কখনো অন্ধকারের বুকে জ্বলে ওঠা অসংখ্য প্রদীপই অনেক কথা বলে দেয়।

গত ১৪ই নভেম্বর, শনিবারে ফটোগ্রাফারদের একটি দলের সঙ্গে গিয়েছিলাম নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার বারদীতে, শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারী আশ্রমে। উদ্দেশ্য ছিল রাখের উপবাস বা কার্তিক ব্রতের আয়োজন দেখা এবং ক্যামেরায় সেই আয়োজনের নানা মুহূর্ত ধরে রাখা। আশ্রমে গিয়ে বুঝলাম, এটি কেবল একটি ধর্মীয় সমাবেশ নয়। এখানে প্রত্যেক মানুষের আসার পেছনে রয়েছে আলাদা কোনো বিশ্বাস, প্রার্থনা কিংবা ব্যক্তিগত গল্প। 

কেউ এসেছেন পরিবারের মঙ্গল কামনায়, কেউ প্রিয়জনের সুস্থতার আশায়, কেউ আবার দীর্ঘদিনের অভ্যাস ও ভক্তির টানে। সনাতন ধর্মাবলম্বীদের পাশাপাশি অন্য ধর্মের মানুষও এসেছেন আয়োজনটি দেখতে ও এর অভিজ্ঞতা নিতে। তাদের মধ্যে কেউ বাবা লোকনাথের ভক্ত, কেউ নিছক কৌতূহলী দর্শনার্থী। আবার কেউ এসেছেন ইউরোপ, তুরস্ক কিংবা ইতালি থেকে, শুধুই এই বিশেষ আয়োজনের আলোকচিত্র ধারণ করতে।সন্ধ্যা যত ঘনিয়ে আসছিল, আশ্রমের পরিবেশও তত বদলে যাচ্ছিল। 

সারি সারি প্রদীপ, ধূপের ধোঁয়া, উপাসনায় নিমগ্ন মানুষ আর চারপাশে এক ধরনের গম্ভীর আবহ। একের পর এক দৃশ্য ক্যামেরায় ধরে রাখছিলাম। কিন্তু কিছু মুহূর্ত ছিল, যেগুলো শুধু ছবি হয়ে থাকেনি, মনোযোগ দিয়ে দেখার মতো কিছু অনুভূতিও সঙ্গে নিয়ে ফিরেছি।

সেই সন্ধ্যার গল্পই বলব আজ। রাখের উপবাসের ইতিহাস, ব্রতের উপাচার, প্রদীপ প্রজ্বালন থেকে উপবাস ভঙ্গের রীতি, তার পাশাপাশি থাকবে এই আয়োজনের সঙ্গে জড়িয়ে থাকা একজন ভক্তের ব্যক্তিগত অনুভব।

বারদী: সাধক লোকনাথের স্মৃতিবিজড়িত এক তীর্থভূমি

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার বারদী। সাধারণ একটি জনপদ, অথচ সনাতন ধর্মাবলম্বীদের কাছে যার পরিচিতি দেশের অন্যতম গুরুত্বপূর্ণ তীর্থস্থান হিসেবে। এখানেই রয়েছে শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারীর আশ্রম ও মন্দির। বাবা লোকনাথ ব্রহ্মচারী তার সাধনা, আধ্যাত্মিক জীবন ও মানবকল্যাণের বাণীর জন্য ভক্তদের কাছে শ্রদ্ধার আসনে অধিষ্ঠিত। তার জীবনকে ঘিরে রয়েছে নানা কাহিনি, অলৌকিকতার বর্ণনা এবং অসংখ্য মানুষের ব্যক্তিগত বিশ্বাস।

লোকনাথের ভক্তদের কাছে বারদী শুধু একটি মন্দির নয়। এটি তাদের কাছে ভক্তি নিবেদনের জায়গা, মানত করার জায়গা, মনের কথা বলার জায়গা। অনেকেই দূরদূরান্ত থেকে এখানে আসেন। কেউ বিশেষ কোনো পূজা বা ব্রত উপলক্ষে, কেউ পারিবারিকভাবে, আবার কেউ নিভৃতে কিছুটা সময় কাটাতে। বছরের বিভিন্ন সময়ে এখানে ধর্মীয় আয়োজন থাকলেও কার্তিক মাসের রাখের উপবাসের সময় আশ্রমের পরিবেশ পায় ভিন্ন এক রূপ।

রাখের উপবাস: নামের পেছনের বিশ্বাস ও প্রচলিত ইতিহাস

রাখের উপবাস। নামটি শুনলে অনেকের কাছেই হয়তো বিষয়টি অপরিচিত মনে হতে পারে। আবার লোকনাথের ভক্তদের কাছে এটি বহু পরিচিত একটি ধর্মীয় আচার। এই ব্রতকে কেউ বলেন কার্তিক ব্রত, কেউ বলেন গোঁসাইর উপবাস। আবার ঘৃতপ্রদীপ প্রজ্বালন উৎসব নামেও এর পরিচিতি রয়েছে। প্রচলিত নিয়ম অনুযায়ী, কার্তিক মাসের শেষ ১৫ দিনের প্রতি মঙ্গলবার ও শনিবার এই ব্রত পালন করা হয়। আপনজনের মঙ্গল, রোগমুক্তি, বিপদ থেকে রক্ষা এবং পরিবারের কল্যাণ কামনায় ভক্তরা উপবাস রাখেন।

রাখের উপবাসের উৎপত্তি নিয়ে ভক্তদের মধ্যে একটি প্রচলিত কাহিনি রয়েছে। কথিত আছে, একসময় কলেরা, বসন্তসহ বিভিন্ন প্রাণঘাতী রোগের প্রকোপ থেকে মানুষকে রক্ষা করার জন্য বাবা লোকনাথ কার্তিক মাসে উপবাস পালন এবং আশ্রম প্রাঙ্গণে প্রদীপ ও ধূপ জ্বালিয়ে প্রার্থনার নির্দেশ দিয়েছিলেন। সেই বিশ্বাস থেকেই পরবর্তী সময়ে এই ব্রত পালনের প্রচলন ঘটে।

প্রদীপ আর ধূপের ধোঁয়ায় নিমগ্ন ভক্তকুল। ছবি: ফারহাতুল জান্নাত

আরেকটি প্রচলিত বর্ণনায় পাওয়া যায়, বাবা লোকনাথ তার জীবদ্দশায় কার্তিক মাসের ১৫ তারিখের পরবর্তী শনি ও মঙ্গলবার বিকেল চারটার পর এই ব্রত পালনের কথা বলেছিলেন। তার মহাসমাধির পরও ভক্তরা সেই রীতি ধরে রেখেছেন। সময়ের সঙ্গে সঙ্গে বারদী থেকে এই ব্রতের প্রচলন ছড়িয়ে পড়েছে দেশের বিভিন্ন অঞ্চলে। এখন শুধু বারদী নয়, দেশের নানা লোকনাথ মন্দিরেও ভক্তরা এই ব্রত পালন করেন। অনেকে বাড়িতেও ব্যক্তিগতভাবে উপবাস ও প্রদীপ প্রজ্বালনের আয়োজন করেন।

উপবাস, সংযম ও প্রার্থনার প্রস্তুতি

রাখের উপবাসের মূল বিষয় শুধু না খেয়ে থাকা নয়। এর সঙ্গে জড়িয়ে আছে সংযম, একাগ্রতা ও প্রার্থনা। ব্রত পালনকারীরা নির্দিষ্ট দিনে সকাল থেকে উপবাস শুরু করেন। ব্যক্তিগত ও পারিবারিক ধর্মীয় রীতি অনুযায়ী উপবাসের ধরনে কিছু পার্থক্য থাকতে পারে। কেউ কঠোরভাবে উপবাস করেন, কেউ নিজস্ব নিয়ম মেনে তা পালন করেন। 

বিকেলের দিকে আশ্রমে ভক্তদের আসা শুরু হয়। সঙ্গে থাকে ব্রতের প্রয়োজনীয় উপকরণ, যা তারা আশ্রমে প্রবেশের আগেই আশপাশের মেলা থেকে সংগ্রহ করেন। আশ্রমের বাইরের মেলাটিও বেশ জমজমাট। মিষ্টির দোকান, মাটির তৈরি নানা রকম কারুপণ্য ও গৃহস্থালি সামগ্রীর পসরা সাজিয়ে বসেছেন বিক্রেতারা। কোথাও মাটির প্রদীপ, কোথাও ছোট ছোট পাত্র, কোথাও নানা রকমের মিষ্টি। স্থানীয় ঘানি ভাঙার দোকানও চোখে পড়ল। ভক্তদের পাশাপাশি দর্শনার্থীদের আনাগোনায় মেলার পরিবেশ বেশ প্রাণবন্ত।

মেলা ঘুরে দেখার মধ্যেও রয়েছে আলাদা আনন্দ। কেউ পূজার সামগ্রী কিনছেন, কেউ পরিবারের জন্য মিষ্টি নিচ্ছেন, কেউবা মাটির তৈরি জিনিসপত্র দেখছেন। ধর্মীয় আয়োজনকে কেন্দ্র করে স্থানীয় মানুষের জীবিকা ও ছোটখাটো ব্যবসারও একটি উপলক্ষ তৈরি হয়েছে।

রাখের উপবাসের এই আয়োজনে ব্যবহৃত উপকরণের মধ্যে রয়েছে কলাপাতা বা কলাগাছের খোল, মাটির প্রদীপ, ঘি, তুলার সলতে, বিভিন্ন রকমের ফুল, ধান-দূর্বা, ধূপ, আগরবাতি এবং অন্যান্য পূজার সামগ্রী। অনেক ভক্ত ডাব ও দুধও নিয়ে আসেন।

প্রিয়জনের মঙ্গল কামনায় যতজনের জন্য মানত বা প্রার্থনা, সেই অনুযায়ী প্রদীপ সাজানোর প্রচলনও রয়েছে। এখানে একটি বিষয় বেশ লক্ষণীয়। প্রদীপগুলো শুধু পূজার সামগ্রী নয়, অনেকের কাছে এগুলো পরিবারের সদস্যদের জন্য আলাদা আলাদা প্রার্থনার প্রতীক। একটি প্রদীপ বাবা-মায়ের জন্য, আরেকটি সন্তানের জন্য, হয়তো অন্যটি দূরে থাকা কোনো প্রিয় মানুষের জন্য।উপকরণগুলো সাজিয়ে ভক্তরা নির্দিষ্ট জায়গায় বসেন। এরপর অপেক্ষা সন্ধ্যার।

ঘৃতপ্রদীপের আলোয় আশ্রম প্রাঙ্গণ

সূর্য ডুবে যাওয়ার সঙ্গে সঙ্গে শুরু হয় রাখের উপবাসের সবচেয়ে আকর্ষণীয় পর্ব। সারিবদ্ধভাবে সাজানো মাটির প্রদীপগুলোতে ঘি ও তুলার সলতে দেওয়া হয়। ধূপ ও আগরবাতির ধোঁয়া ছড়িয়ে পড়ে চারদিকে। কোথাও ঘণ্টাধ্বনি, কোথাও উলুধ্বনি, কোথাও আবার মন্ত্রোচ্চারণ। একসময় একে একে জ্বলে ওঠে প্রদীপ। দেখতে দেখতে আশ্রম প্রাঙ্গণ ভরে যায় প্রদীপের আলোয়। অসংখ্য মানুষ একই সময়ে বসে প্রার্থনা করছেন। কারও চোখ বন্ধ, কারও হাত জোড় করা, কেউ আবার একদৃষ্টে তাকিয়ে আছেন প্রদীপের শিখার দিকে। চলছে বাবা লোকনাথের বন্দনা। শত শত কণ্ঠে উচ্চারিত হচ্ছে তার নাম। 

এই ব্রতের একটি বিশেষ রীতি হলো প্রদীপ প্রজ্বালনের পর নীরবতা ও সংযম বজায় রাখা। ভক্তরা একাগ্রচিত্তে আরাধনায় বসেন। অপ্রয়োজনীয় কথা বলা থেকে বিরত থাকেন। নিজের মনোযোগ নিবদ্ধ করেন প্রার্থনায়। ঘিয়ের প্রদীপের শিখা, ধূপের ধোঁয়া আর মানুষের নীরব উপস্থিতি মিলিয়ে তৈরি হয় এক বিশেষ পরিবেশ।

সেদিন আমি এমন অনেক দৃশ্য ধারণ করেছি। নারী ভক্তের প্রার্থনারত মুখ, সারিবদ্ধ প্রদীপের সামনে বসে থাকা মানুষ, ধোঁয়ার আবরণে অস্পষ্ট হয়ে যাওয়া আলোর রেখা, প্রার্থনারত মানুষের দীর্ঘ সারি। প্রত্যেকটি দৃশ্যের আলাদা সৌন্দর্য আছে।

ফটোগ্রাফি করতে গিয়ে একটি বিষয় বারবার মনে হচ্ছিল। একই জায়গায় বসে থাকা এত মানুষের প্রার্থনার বিষয় হয়তো সম্পূর্ণ আলাদা, অথচ তাদের প্রত্যেকের উদ্দেশ্য কোথাও গিয়ে মিলে যায়। হয়তবা তাদের অন্তর জুড়ে থাকে নিজের ও পরিবারের ভালো থাকা, প্রিয়জনদের ভালো রাখা, জীবনের বিপদ থেকে মুক্তি পাওয়া।

প্রসাদ গ্রহণ, উপবাস ভঙ্গ ও প্রদীপ বিসর্জন

প্রদীপ প্রজ্বালন এবং আরাধনার পর আসে উপবাস ভঙ্গের পালা। বারদীর এই আয়োজনে ভক্তদের প্রসাদের আয়োজনেও রয়েছে বৈচিত্র্য। দুধ, চিড়া, কলা, শসা, খেজুর, মাল্টাসহ নানা রকমের ফল প্রসাদ হিসেবে বিতরণ করা হয়। সারাদিনের উপবাসের পর ভক্তরা প্রসাদ গ্রহণ করে ব্রত সম্পন্ন করেন। কারও কাছে এটি দিনের দীর্ঘ সংযমের পর স্বস্তির মুহূর্ত, কারও কাছে প্রার্থনা পূর্ণ করার আনন্দ। তবে আয়োজন এখানেই শেষ নয়। এরপর আসে প্রদীপ বিসর্জনের রীতি।

নির্ধারিত স্থানে প্রার্থনায় অংশ নেওয়া নারী-পুরুষেরা সারিবদ্ধভাবে হাতে তাদের প্রজ্বালিত প্রদীপ নিয়ে এগিয়ে যান ঘাটের দিকে। সেখানে প্রদীপগুলো বিসর্জন দেওয়া হয়। রাতের অন্ধকারে ঘাটের পানিতে ভেসে থাকা অসংখ্য প্রজ্বালিত প্রদীপের শিখা এক অন্যরকম দৃশ্য তৈরি করে। পানির বুকে ছোট ছোট আলোর রেখা, চারপাশে মানুষের উপস্থিতি আর রাতের নীরবতা—সব মিলিয়ে মুহূর্তটি বেশ মনোমুগ্ধকর।

সেদিনের আয়োজনের মধ্যে এই দৃশ্যটি আমার ক্যামেরায় ধারণ করার মতো অন্যতম আকর্ষণীয় মুহূর্ত ছিল। প্রদীপ বিসর্জনের পর আশ্রম প্রাঙ্গণে শুরু হয় আরেক পর্ব। পাটখড়ি জ্বালিয়ে রান্নার আয়োজন করা হয়। যারা উপবাস রেখেছেন, তারা নিজেরাই সেখানে রান্না করেন। আর যারা উপবাস রাখেননি, তাদের জন্য আশ্রমের পক্ষ থেকে ভোগের আয়োজন থাকে। সেই ভোগে থাকে সবজি খিচুড়ি। দিনভর সংযম, সন্ধ্যার আরাধনা, প্রদীপ প্রজ্বালন, প্রসাদ গ্রহণ, প্রদীপ বিসর্জন এবং সবশেষে রান্না ও ভোগ গ্রহণ—সব মিলিয়ে রাখের উপবাসের আয়োজনটি একটি দীর্ঘ ধর্মীয় ও সামাজিক সমাবেশের রূপ নেয়।

রাখের উপবাসের আনুষ্ঠানিকতার প্রস্তুতি নিচ্ছেন ভক্তরা ছবি: ফারহাতুল জান্নাত

একজন ভক্তের গল্প: অভি চৌধুরীর কাছে রাখের উপবাসের অর্থ

ধর্মীয় আচার ও আনুষ্ঠানিকতার বাইরে প্রতিটি আয়োজনের সঙ্গে জড়িয়ে থাকে কিছু মানুষের নিজস্ব গল্প। তাদের ব্যক্তিগত বিশ্বাস, অভিজ্ঞতা ও অনুভূতি জানার মধ্য দিয়ে একটি আয়োজনকে অন্যভাবে চেনা যায়। বারদীতে সেদিন কথা হয়েছিল অভি চৌধুরীর সঙ্গে। বাবা লোকনাথের প্রতি তার ভক্তি এবং রাখের উপবাস পালনের অভিজ্ঞতা জানতে চেয়েছিলাম।

অভির কাছে এই ব্রত কোনো নির্দিষ্ট আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ নয়। বাবা লোকনাথের প্রতি বিশ্বাস, ভক্তি এবং মনের শান্তি থেকেই তিনি এই ব্রত পালন করেন। তার কাছে রাখের উপবাস আত্মশুদ্ধি, ধৈর্য, সংযম এবং বাবার প্রতি নিজেকে সমর্পণ করার একটি মাধ্যম। বারদীতে যাওয়ার সময়ের হিসাব তার কাছে মুখ্য নয়। গত বছর এবং এবছর তিনি এই ব্রত উপলক্ষে বাবার মন্দিরে গিয়েছেন। এর আগেও পরিবারের সদস্যদের সঙ্গে আশ্রমে যাওয়ার অভিজ্ঞতা রয়েছে তার।অভির কথায়, এই ব্রত তাকে বিশ্বাস রাখতে, ধৈর্য ধরতে এবং কঠিন সময়েও মানসিকভাবে শক্ত থাকতে শেখায়।

এবারের বারদী যাত্রাও তার কাছে ছিল আবেগ, ভক্তি ও আত্মিক প্রশান্তিতে ভরা। মন্দিরে গিয়ে কিছুক্ষণ নীরবে বসে থাকা, প্রার্থনা করা এবং অন্য ভক্তদের সঙ্গে সেই পরিবেশ অনুভব করার মধ্যে তিনি খুঁজে পান এক অন্যরকম ভালো লাগা। তার একটি উপলব্ধি আমার বিশেষভাবে মনে ধরেছে। 

অভির বিশ্বাস, বাবা লোকনাথের কাছে কিছু চাওয়ার চেয়েও বড় বিষয় হলো তার আশীর্বাদে নিজের মনকে সুন্দর রাখা এবং সৎ পথে চলার শক্তি পাওয়া। একজন ভক্তের কাছে ধর্মীয় বিশ্বাসের অর্থ যে কেবল প্রাপ্তির প্রত্যাশা নয়, নিজের ভেতরেও ভালো থাকার চেষ্টা—অভির কথায় সেই বিষয়টিই উঠে এসেছে। তার এই উপলব্ধিকে আমি সম্মান করি। কারণ একটি ধর্মীয় আয়োজনের গল্প বলতে গিয়ে শুধু আচার-অনুষ্ঠানের বিবরণ দিলেই তো হয় না, জানতে হয় সেই আয়োজনের সঙ্গে মানুষের সম্পর্কটাও। তাই অভি চৌধুরীর মতো একজন ভক্তের ব্যক্তিগত অনুভূতিকে এই গল্পের অংশ করতে চেয়েছি। তার ছবিতে সেই ভক্তি ও অনুভূতির কিছু মুহূর্ত তুলে ধরার চেষ্টা করেছি। যতোটা সময় আমি অভির ছবি তুলেছি ততোটা সময় ধরে তার মুখে উচ্চারিত হচ্ছিল "জয় বাবা লোকনাথ।" সেদিন রাখের উপবাসে সবচেয়ে বেশি উচ্চারিত হয়েছিল এই নামটিই। শত শত ভক্তের কণ্ঠে যেন ছিল এক অদ্ভুত আবেগ ও টান। তারা ভক্তিমূলক বিভিন্ন গান গেয়ে বাবা লোকনাথকে স্মরন করেছেন।

ক্যামেরার ফ্রেমে যে গল্পগুলো থেকে যায়

একটি ধর্মীয় আয়োজনকে ক্যামেরায় ধারণ করতে গেলে শুধু সুন্দর দৃশ্য খুঁজলেই হয় না। দেখতে হয় মানুষের অভিব্যক্তি, তাদের অপেক্ষা, প্রস্তুতি, নীরবতা এবং পারস্পরিক অংশগ্রহণ। তাই রাখের উপবাসে আমারও সেই চেষ্টা ছিল। কখনো দূর থেকে পুরো আয়োজনের দৃশ্য ধারণ করেছি, কখনো কাছ থেকে প্রদীপের শিখা কিংবা প্রার্থনারত মানুষের মুখ। 

দেখেছি ইউরোপ, তুরস্ক ও ইতালি থেকে আসা বিভিন্ন ফটোগ্রাফারদের। তাদের অনেকেই নিজেদের ক্যামেরায় ধরে রাখছিলেন এই আয়োজনের নানা মুহূর্ত।তাদের অনেকেই ইংরেজিটা খুব ভালো ভাবে রপ্ত করতে পারেননি তাই সেরকম কথোপকথন হয়ে ওঠেনি তবে তাদের চোখেমুখে এমন অদ্ভুত সুন্দর আধ্যাত্মিক পরিবেশ , ধোঁয়া আর প্রদীপের আলোয় শত শত মুখের মাঝে অসংখ্য গল্প ক্যামেরায় ধারন করতে পারার পরিতৃপ্তি দেখেছি। 

ভিন্ন দেশ, ভিন্ন ভাষা, ভিন্ন সংস্কৃতির মানুষ একই জায়গায় এসে একটি ধর্মীয় আয়োজনের ছবি তুলছেন। কেউ হয়তো এর আধ্যাত্মিক দিকটি জানতে আগ্রহী, কেউ খুঁজছেন আলোকচিত্রের জন্য বিশেষ কোনো মুহূর্ত, কেউবা মানুষের মুখের অভিব্যক্তি। ভাষাগত সমস্যা থাকলেও অন্তত এই বিষয়গুলো আমি বুঝতে পারছিলাম।

কিছু ছবিতে ধরা পড়েছে অসংখ্য মানুষের সম্মিলিত আরাধনা। কোথাও প্রদীপের আলোয় উজ্জ্বল হয়ে উঠেছে আশ্রম প্রাঙ্গণ, কোথাও ধূপের ধোঁয়ার মধ্যে হারিয়ে গেছে মানুষের অবয়ব। আবার কোনো ফ্রেমে দেখা যায় একান্তে বসে থাকা একজন ভক্তকে।

অভি চৌধুরীর সঙ্গে কথোপকথন এবং তার ব্যক্তিগত অনুভূতিও এই অভিজ্ঞতার আরেকটি অংশ। তার ছবি যুক্ত করেছি, যেন তার গল্পের সঙ্গে পাঠকেরা তার ভক্তির মুহূর্তগুলোও দেখতে পান। আমি মনে করি, ফটোগ্রাফির সবচেয়ে সুন্দর দিক হলো একটি মুহূর্তকে সময়ের কাছে রেখে দেওয়া। অনেক বছর পরেও ছবির দিকে তাকালে সেই দিনের পরিবেশ, মানুষের মুখ কিংবা আলো-আঁধারির অনুভূতিটুকু ফিরে পাওয়া যায়।সেদিন বারদীতে দাঁড়িয়ে আমার মনে হয়েছে, বিশ্বাসের প্রকাশ সবার কাছে একরকম নয়। কেউ মন্দিরে এসে প্রার্থনা করেন, কেউ উপবাস রাখেন, কেউ প্রদীপ জ্বালান, কেউ নীরবে বসে থাকেন। প্রত্যেকের নিজস্ব একটি পথ আছে। অথচ সেই পথগুলো নানা অভিজ্ঞতা ও অনুভূতির মধ্য দিয়ে যেন একটি জায়গায় এসে মিলে যায়।প্রতিটি আচার ও অনুষ্ঠান যেন ঈশ্বরের সঙ্গে ভক্তের মিলনের একটি উপলক্ষ।সেজন্যই হয়তো বলা হয়, বিশ্বাসে মেলায় বস্তু, তর্কে বহুদূর।

ফিরে দেখা

বারদী থেকে ফেরার সময় সঙ্গে ছিল ক্যামেরায় ধারণ করা অনেকগুলো মুহূর্ত। কিন্তু ছবির বাইরেও কিছু দৃশ্য মনে থেকে যায়। একটি ছোট্ট মাটির প্রদীপের দিকে তাকিয়ে থাকা মানুষ, প্রার্থনারত দুটো হাত, ধূপের ধোঁয়ায় আচ্ছন্ন সন্ধ্যা কিংবা দীর্ঘ সময় ধরে নীরবে বসে থাকা কোনো ভক্ত। মানুষ কেন প্রার্থনা করে? কেন দিনের পর দিন উপবাস রেখে একটি নির্দিষ্ট সময়ে মন্দিরে এসে প্রদীপ জ্বালায়? কেন জীবনের নানা চাওয়া-পাওয়া, দুঃখ কিংবা অনিশ্চয়তা নিয়ে মানুষ ঈশ্বরের সামনে দাঁড়ায়? হয়তো এর সব উত্তর এক বাক্যে দেওয়া সম্ভব নয়। 

বিশ্বাসের কিছু জায়গা আছে, যা যুক্তি দিয়ে ব্যাখ্যা করার চেয়ে অনুভব করাই সহজ। কারও কাছে এটি ধর্মীয় কর্তব্য, কারও কাছে পারিবারিক ঐতিহ্য, আবার কারও কাছে কঠিন সময় পার করে মানসিক শক্তি খুঁজে পাওয়ার একটি অবলম্বন।

বারদীর রাখের উপবাসে আমি দেখেছি সেই বিশ্বাসেরই নানা প্রকাশ। দেখেছি একটি প্রদীপের চারপাশে কত মানুষের কত রকম প্রার্থনা জমা হয়।সব প্রদীপের আলো একসময় নিভে যায়। কিন্তু মানুষ যে আশা, ভালোবাসা আর মঙ্গল কামনা নিয়ে প্রদীপ জ্বালায়, তার সবটুকু কি আর নিভে যায়?কিছু কিছু আলো হয়তো থেকে যায় মানুষের বিশ্বাসে, স্মৃতিতে, আরেকটি দিনের অপেক্ষায়।

সেদিন বারদীর সন্ধ্যা থেকে ফিরে আমার সঙ্গে রয়ে গেছে তেমনই কিছু আলো, কিছু মুখ আর অনেকগুলো গল্প।