চৌকিতে ব্যাগ তল্লাশি করছিলেন একদল টহলপুলিশ। একপর্যায়ে ব্যাগটির মালিক দায়িত্বরত পুলিশ সদস্যদের একজন শাহ আলমকে ছুরিকাঘাত করে বসলেন।
ঢাকার যাত্রাবাড়ীর কুতুবখালী এলাকায় তল্লাশিচৌকিতে পুলিশের উপর হামলার এই ঘটনাটি আপনাদের মনে আছে নিশ্চয়ই?
ঘটনাটি ঘটেছিল চলতি বছরের ২১এ ফেব্রুয়ারি।
বেলা দুইটার দিকে কুতুবখালী পকেট গেটসংলগ্ন এলাকায় তল্লাশিচৌকিতে চারজন যুবককে দেখে সন্দেহ হয় পুলিশ সদস্যদের। তাদের মধ্যে একজনের কাছে ব্যাগ ছিল।
পুলিশ ব্যাগটি তল্লাশি করতে গেলে ওই যুবক ও তার সঙ্গীরা শাহ আলমকে ছুরিকাঘাত করে পালিয়ে যান। পালানোর সময় পুলিশকে লক্ষ্য করে ককটেলের বিস্ফোরণও ঘটায় তারা।
তাদের ফেলে যাওয়া ব্যাগটি উদ্ধার করে পুলিশ। ব্যাগের ভেতরে পাওয়া যায় ককটেল।
পরে ঘটনা তদন্তে পুলিশের কাছে আসে চাঞ্চল্যকর তথ্য। নব্য জেএমবির শীর্ষ নেতা নাজমুল হাসান মামুন ওরফে বোমারু মামুন জড়িত ছিলেন এর সাথে। লক্ষীপুরের রায়পুর থানার চরবংশী খাসেরহাট বাজার থেকে এই মামুন গ্রেফতার হয়েছেন ৩রা নভেম্বর।
এত গেল বছরের শুরুর দিককার ঘটনা। মাঝের ঘটনাগুলো বাদ দিলেও চলতি মাসেও যা ঘটছে তার তালিকাও দীর্ঘ।
২৯এ নভেম্বর ভোরে পাবনার বেড়া মডেল থানায় বল্লম নিয়ে হামলা চালায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সমর্থকেরা। এসময় ককটেলও নিক্ষেপ করা হয়। থানার পাশে বেড়া পৌর এলাকার শম্ভুপুর মহল্লা থেকে অর্ধশতাধিক ব্যক্তি এ হামলা চালায় বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ এ সময় ১২টি কাঁদানে গ্যাসের শেল ও ১২৩টি রাবার বুলেট ছুড়ে হামলাকারীদের ছত্রভঙ্গ করে দেয়। হামলাকারীরা পুলিশের ব্যবহৃত একটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয় এবং আল হামরা পরিবহনের যাত্রীবাহী বাস ভাঙচুর করে।
সিরাজগঞ্জের শাহজাদপুর পৌরসভার সাবেক মেয়র হালিমুল হক মিরুকে গ্রেফতার করতে ২৭এ নভেম্বর দুপুরে পুলিশের প্রায় ৩০ সদস্যের একটি দল পৌর এলাকার নলুয়ায় তার বাসভবনে অভিযান চালায়। এ সময় স্থানীয় বাসিন্দাদের বাধার মুখে পুলিশকে ফিরে আসতে হয়।
এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ঘটনাটি নিয়ে দেশজুড়ে আলোচনা হয়। ভিডিওতে দেখা যায়, নলুয়ার স্থানীয় বাসিন্দাদের ধাওয়ায় পিছু হটছে পুলিশ।
বেড়া পৌর এলাকায় আওয়ামী লীগ ও বিএনপির নেতা-কর্মীদের মধ্যে ১৯ থেকে ২১এ নভেম্বর পর্যন্ত টানা তিন দিন দফায় দফায় সংঘর্ষ ও হামলার ঘটনা ঘটে। ১৯এ নভেম্বর সন্ধ্যায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও যুবলীগ এবং নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা মিছিল নিয়ে বেড়া মডেল থানার সামনে অবস্থান করে স্লোগান দেন ও বন্ধ থাকা থানার গেটে আঘাত করতে থাকেন।
পরে বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীরা সেখানে গেলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়া শুরু হয়।
এসব ঘটনায় দুই পক্ষের অর্ধশতাধিক ব্যক্তি আহত হন। কয়েকটি বাড়িঘরে হামলা ও অগ্নিসংযোগের ঘটনাও ঘটে। পরে বেড়া মডেল থানার তৎকালীন ওসি নয়ন কুমার সরকারকে প্রত্যাহার করা হয়।
১৮ই নভেম্বর চট্টগ্রামের মুরাদপুরে একটি পুলিশ বক্সে অগ্নিসংযোগ করা হয়।
২২এ নভেম্বর রাতে নারায়ণগঞ্জের ফতুল্লার কাশিপুরের হাসেমবাগ এলাকায় পুলিশ কনস্টেবল আনোয়ার হোসেনকে হত্যা করা হয়। মাদক ব্যবসায়ীরা এই হত্যাকাণ্ড সংঘটিত করেছে বলে পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে।
এভাবেই বছরজুড়ে পুলিশের ওপর একের পর এক হামলা হচ্ছে। হামলা করছে জঙ্গিরা। ছিনতাইকারী-মাদক ব্যবসায়ীরা করছে হামলা। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচি ঘিরেও আক্রান্ত হচ্ছে পুলিশ। শ্রমিক অসন্তোষ মোকাবিলা করতে গিয়েও আক্রান্ত হচ্ছে তারা। কখনো তারা আগ্রাসী, আবার কখনো নির্লিপ্ত, অসহায়।
আবার আওয়ামী লীগের সাথে যোগসূত্রের অভিযোগেও গ্রেপ্তার করা হচ্ছে পুলিশ কর্মকর্তাদের। সেপ্টেম্বর থেকে নভেম্বর পর্যন্ত গ্রেপ্তার হয়েছেন পাঁচ পুলিশ কর্মকর্তা। তাদের সাথে আওয়ামী লীগের নেতাদের সরাসরি যোগাযোগের কথাও বলছে পুলিশ।
পুলিশ সদর দপ্তরের হিসাব অনুযায়ী, জানুয়ারিতে ৪২, ফেব্রুয়ারিতে ৪২, মার্চে ৬৩, এপ্রিলে ৬৬, মে মাসে ৫৫, জুনে ৪৯, জুলাইয়ে ৪২, আগস্টে ৪১, সেপ্টেম্বরে ৪০ এবং অক্টোবরে পুলিশের ওপর ৪৪টি হামলার ঘটনা ঘটেছে।
সবচেয়ে বেশি হামলা হয় এপ্রিলে। এরপর মার্চ ও মে। সবচেয়ে কম হামলা নথিভুক্ত হয় সেপ্টেম্বরে।
এসব হামলায় চারজন পুলিশ সদস্য নিহত ও ৩৭০ জন গুরুতর আহত হয়েছেন। পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা হলেও বিচার শেষ হওয়ার নজির কম। এ কারণেই এ ধরনের ঘটনা বন্ধ করা যাচ্ছে না বলে মনে করেন বিশ্লেষকেরা।
সরকারি তথ্য অনুযায়ী, চলতি নভেম্বর মাসে পুলিশের স্থাপনায় হামলার ঘটনা ঘটেছে আটটি। পুলিশের গাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে ৩৫টি। এসব ঘটনায় ৩১ জন পুলিশ সদস্য আহত হয়েছেন।
তবে প্রকৃতপক্ষে পুলিশ আক্রান্ত হওয়ার ঘটনা আরও বেশি।
আলোচিত কিছু ঘটনা
গত ১৬ই জুলাই পাবনার সুজানগরে জড়ো হয়ে পুলিশের ওপর হামলা চালায় স্থানীয় লোকজন। ভাঙচুর করা হয় পুলিশের দুটি গাড়ি। আহত হন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও এক কনস্টেবল।
এর তিন দিন পর ১৯এ জুলাই কক্সবাজারের কুতুবদিয়ায় প্রায় ৫০ জনের একটি দল হামলা চালিয়ে চারজন পুলিশ সদস্যকে আহত করে। এ সময় ছিনিয়ে নেওয়া হয় হাতকড়া পরা এক আসামিকে।
২৩এ জুলাই ঢাকার মোহাম্মদপুরের কাদেরাবাদ হাউজিং এলাকায় পুলিশের বিশেষ শাখার (এসবি) কর্মকর্তা ওসমান গনিকে কুপিয়ে আহত করা হয়।
৫ই সেপ্টেম্বর রাতে ঢাকার অদূরে আমিনবাজারের বড়দেশী মদিনা সিটি এলাকার একটি গেঞ্জির কারখানায় ঢুকে পুলিশ কর্মকর্তা আলতাব হোসেন ও তার ছেলে আরিফুল ইসলামকে পিটিয়ে আহত করা হয়। পরে হাসপাতালে নিলে চিকিৎসক আলতাব হোসেনকে মৃত ঘোষণা করেন।
২৪এ অক্টোবর গোপালগঞ্জ সদর উপজেলার রঘুনাথপুর ফেরিঘাট এলাকায় টহলরত পুলিশের একটি দলের ওপর হামলা হয়। এতে দুই পুলিশ সদস্য আহত হন। এ সময় পুলিশের গাড়ি ভাঙচুর করা হয়।
৩রা নভেম্বর সকাল ১১টার দিকে ঢাকার মিরপুরে কালশী রোডে মজুরি বৃদ্ধির আন্দোলনের মধ্যে এক পুলিশ সদস্যকে বেধড়ক মারধরের ঘটনা ঘটে।
সামাজিক যোগাযোগমাধ্যমে এই হামলার একটি ভিডিওতে দেখা গেছে, এক পুলিশ সদস্যকে লাঠি দিয়ে বেধড়ক পেটাচ্ছেন কয়েকজন। কয়েকজন আবার হামলাকারীদের নিবৃত্ত করার চেষ্টা করছেন।
৬ই নভেম্বর চট্টগ্রামের বন্দর থানার পোর্ট কানেকটিং রোডের তালতলা এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিল ঠেকাতে গিয়ে হামলার শিকার হন পুলিশ সদস্যরা। হামলায় বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রহিমসহ ছয় পুলিশ সদস্য আহত হয়েছেন। ভাঙচুর করা হয় ওসির গাড়িও।
একই দিন বগুড়ার সোনাতলায় প্রতারণা মামলার এক আসামিকে ছিনিয়ে নেওয়ার পাশাপাশি পুলিশের গাড়ি ভাঙচুর করা হয়।
এর আগে সেপ্টেম্বরে সুনামগঞ্জের শান্তিগঞ্জ এবং জুলাইয়ে কক্সবাজারের কুতুবদিয়ায়ও পুলিশের ওপর হামলা চালিয়ে আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটে।
১৭ই নভেম্বর গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানায় হামলা, অগ্নিসংযোগ ও অস্ত্র লুটের ঘটনা ঘটে। বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশনের তথ্য অনুযায়ী, এ ঘটনায় থানার অবকাঠামো ও বিপুলসংখ্যক যানবাহন ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি সরকারি অস্ত্র এবং সাধারণ মানুষের জমা দেওয়া অস্ত্রও লুট হয়েছে।
১৯এ নভেম্বর গোপালগঞ্জের মুকসুদপুর থানায় হামলা ও অগ্নিসংযোগ করা হয়। আগুনে পুড়ে যায় গুরুত্বপূর্ণ নথিপত্র, পুলিশের গাড়ি ও জব্দ করা যানবাহন।
২২এ নভেম্বর রাতে ফতুল্লার কাশিপুরের হাসেমবাগ এলাকায় কনস্টেবল আনোয়ার হোসেনকে কুপিয়ে হত্যা করা হয়।
পুলিশের তথ্য অনুযায়ী, নারায়ণগঞ্জে গত ৯ মাসে পুলিশের ওপর সন্ত্রাসীদের আরও ১১টি হামলার ঘটনা ঘটেছে।
একই দিন ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বিস্ফোরক মামলার এজাহারভুক্ত আসামি ও উপজেলা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক ছায়েব আলীর গ্রেপ্তারকে কেন্দ্র করে থানায় হামলা ও পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে অন্তত সাতজন পুলিশ সদস্য আহত হন।
পুলিশ হেডকোয়ার্টার্সের এআইজি (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস) কামারুম মুনিরা আলাপকে বলেন, “দায়িত্ব পালনকালে পুলিশ সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করা এবং আইনশৃঙ্খলা রক্ষায় তাদের সক্ষমতা বাড়াতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে। পুলিশের ওপর হামলার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হচ্ছে।”
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক ড. তৌহিদুল হক আলাপকে বলেন, “পুলিশের ওপর হামলার ঘটনা বেড়ে যাওয়া শুধু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিরাপত্তার জন্যই উদ্বেগজনক নয়, এটি রাষ্ট্রের আইন প্রয়োগের সক্ষমতা ও আইনের শাসনের জন্যও একটি বড় চ্যালেঞ্জ।”
তিন মাসে পাঁচ কর্মকর্তা গ্রেফতার
রাষ্ট্রদ্রোহ মামলায় ঢাকা ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি মো. রাকিবুল হাসানকে গ্রেপ্তার দেখানো হয় ২৪ সেপ্টেম্বর।
এর আগে অডিও ভাইরালের ঘটনায় ১৭ই সেপ্টেম্বর ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনারের সই করা এক অফিস আদেশে রাকিবুল হাসানকে প্রত্যাহার করে সদরদপ্তর ও প্রশাসন বিভাগের কেন্দ্রীয় সংরক্ষণ দপ্তরে সংযুক্ত করা হয়। তার বিরুদ্ধে তদন্তের জন্য তিন সদস্যের একটি কমিটি করে ডিএমপি।
রাকিবুল হাসান ক্যান্টনমেন্ট থানার ওসি থাকা অবস্থায় ১৬ই সেপ্টেম্বর রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে তার কথোপকথনের একটি অডিও ছড়িয়ে পড়ে। অডিওতে শেখ হাসিনার দেশে ফেরা ও পুলিশের সক্ষমতা নিয়ে রাকিবুল হাসানকে মন্তব্য করতে শোনা যায়। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের রাজনৈতিক অবস্থান নিয়েও কথা বলেন তিনি। পাশাপাশি পুলিশে বিভিন্ন পদে পদায়নের ক্ষেত্রে অর্থ লেনদেনসহ নানা অনিয়মের অভিযোগ করেন।
রাষ্ট্রদ্রোহের অভিযোগে করা মামলায় চট্টগ্রামের রেঞ্জ রিজার্ভ ফোর্সে পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ জাহাংগীর আলমকে ১৪ই নভেম্বর রাতে পুলিশ অফিসার্স মেস থেকে গ্রেপ্তার করা হয়।
ব্যক্তিগত ও সরকারি মোবাইল ফোনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাদের সঙ্গে এসপি জাহাংগীর আলমের যোগাযোগসহ তথ্য আদান-প্রদানের অভিযোগ রয়েছে।
বিএনপি কর্মী মকবুল হোসেন হত্যা মামলায় স্পেশাল রেসপন্স ইউনিটের (এসআরবি) অতিরিক্ত পুলিশ সুপার আবুল হাসানকে গ্রেপ্তার করা হয় ২৩এ নভেম্বর।
রাত ৮টার দিকে ডিবি পুলিশের উত্তরা বিভাগের একটি দল এসআরবি ১৪-এর কার্যালয় থেকে আবুল হাসানকে আটক করে ঢাকায় নিয়ে আসে। আবুল হাসান এসআরবি ১৪ ব্যাটেলিয়নের ভৈরব ক্যাম্পের কমান্ডার হিসেবে কর্মরত ছিলেন।
পরে তাকে বিএনপি কর্মী মকবুল হোসেন হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়।
২০২২ সালের ১০ই ডিসেম্বর একদফা দাবি আদায়ের কর্মসূচি ঘোষণা করেছিল বিএনপি। এর আগে ৭ই ডিসেম্বর ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কর্মকর্তা হারুন অর রশীদ, মেহেদী হাসান ও বিপ্লব কুমার বিএনপির নয়াপল্টন কার্যালয়ে অভিযান চালান। সেখানে নেতা-কর্মীদের ওপর হামলার ঘটনা ঘটে। এতে মকবুল হোসেন নামের এক কর্মী গুলিবিদ্ধ হয়ে নিহত হন।
২০২৪ সালের ৩০এ সেপ্টেম্বর ওই ঘটনায় মাহফুজুর রহমান নামের এক ব্যক্তি শেখ হাসিনাসহ ২৫৬ জনের বিরুদ্ধে পল্টন মডেল থানায় মামলা করেন। এজাহারে ১৭১ নম্বর আসামি আবুল হাসান।
ঘটনার সময় আবুল হাসান ডিএমপির কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের অতিরিক্ত উপকমিশনার হিসেবে কর্মরত ছিলেন।
আবুল হাসান ৩৪তম বিসিএস (পুলিশ) ব্যাচের কর্মকর্তা। বাড়ি গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার গোবিন্দপুর এলাকায়। ২০২৪ সালের ৫ আগস্টের আগে তিনি ডিএমপির বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। পরে তাকে এসআরবিতে বদলি করা হয়।
১৯এ নভেম্বর ছাত্রলীগের ‘ঢাকা লকডাউন’ কর্মসূচি চলাকালে মুকসুদপুর থানায় অগ্নিসংযোগ করা হয়। এতে থানা ভবন পুড়ে যায়। এ ঘটনায়ও আবুল হাসানের সম্পৃক্ততার অভিযোগ রয়েছে।
মুকসুদপুর থানার ওসি মো. মোস্তফা কামাল জানান, থানায় অগ্নিসংযোগের ঘটনা তদন্ত করতে গিয়ে অগ্নিসংযোগের পরিকল্পনাকারী হিসেবে পুলিশ কর্মকর্তা আবুল হাসানের সম্পৃক্ততার বিষয়টি প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে। গ্রেপ্তারের আগে তাকে এসআরবি-১১ ও পুলিশ হেডকোয়ার্টারে ডেকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।
মকবুল হোসেন হত্যা মামলার আরেক আসামি ৩৩তম বিসিএসের কর্মকর্তা অতিরিক্ত পুলিশ সুপার মো. রাকিবুল হাসানকে গ্রেপ্তার করা হয় ২৫এ নভেম্বর। মামলার এজাহারে ১৬৮ নম্বর আসামি হিসেবে রাকিবুলের নাম রয়েছে। তাকে নোয়াখালী ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার থেকে গ্রেপ্তার করা হয়।
২০২৪ সালের ৫ই অগাস্টের আগে ডিবির লালবাগ জোনের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) হিসেবে কর্মরত ছিলেন রাকিবুল। সবশেষ তিনি আর্মড পুলিশ ব্যাটালিয়নে (এপিবিএন) সংযুক্ত ছিলেন।
রাকিবুল হাসানের বাড়ি গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায়।
‘বন্দুকযুদ্ধের’ সাজানো গল্প তৈরি করে ছাত্রদল নেতা মো. নুরুজ্জামান জনিকে খুনের ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় পুলিশ সুপার আবুল কালাম আজাদকে গ্রেপ্তার করা হয় ২৫এ নভেম্বর।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের অনুরোধ বা চাহিদার ভিত্তিতে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল গাজীপুরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
বৃহস্পতিবার (২৬এ নভেম্বর) দুপুরে ডিএমপির অতিরিক্ত কমিশনার (ডিবি) মো. শফিকুল ইসলাম গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করেন।
আবুল কালাম আজাদ ২৫তম বিসিএস (পুলিশ) ব্যাচের কর্মকর্তা। তার বাড়ি ঝালকাঠি জেলায়।
২০১৫ সালের ১৯এ ফেব্রুয়ারি ঢাকা কেন্দ্রীয় কারাগারের সামনে থেকে খিলগাঁও থানা ছাত্রদলের সাধারণ সম্পাদক জনিকে ধরে নিয়ে যায় পুলিশ। সে সময় ছাত্রদল নেতা মহিউদ্দিনও তার সঙ্গে ছিলেন। পরদিন ভোররাত সাড়ে ৩টার দিকে খিলগাঁও খেলার মাঠে নিয়ে জনিকে ক্রসফায়ার বা বন্দুকযুদ্ধের সাজানো ঘটনায় প্রাণ হারাতে হয় বলে অভিযোগ আছে।
২০২৪ সালের সেপ্টেম্বরে এ বিষয়ে মামলা করেন জনির বাবা মো. ইয়াকুব আলী। দায়ের করা মামলায় সাবেক ও বর্তমান ১৩ জন পুলিশ কর্মকর্তার পাশাপাশি মোট ৬২ জনের নাম যুক্ত করা হয়। এদের মধ্যে ৪৯ জনই আওয়ামী লীগ এবং এর সহযোগী সংগঠনের নেতা-কর্মী। অজ্ঞাতপরিচয় আরও ২০ জনকে এই মামলার আসামি হিসেবে দেখানো হয়েছে।
বিশ্লেষকেরা বলছেন, পুলিশের ওপর হামলার ঘটনাগুলো বিচ্ছিন্ন কোনো অপরাধ হিসেবে দেখার সুযোগ নেই। একইভাবে, পুলিশের কোনো সদস্যের বিরুদ্ধে অপরাধের অভিযোগ উঠলে, তা কেবল ব্যক্তির দায় বলে এড়িয়ে যাওয়ারও সুযোগ নেই।
একদিকে দায়িত্ব পালনরত পুলিশ সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করা, অন্যদিকে বাহিনীর ভেতরে অপরাধের অভিযোগের নিরপেক্ষ তদন্ত ও বিচার দুটিই জরুরি।
বিশ্লেষকেরা আরও বলছেন, পুলিশের ওপর হামলার বিচার না হলে অপরাধীরা আরও সাহসী হবে। আবার পুলিশ সদস্যদের অপরাধের বিচার না হলেও আইনের শাসনের প্রতি মানুষের আস্থা দুর্বল হবে।