তিন দিনের রিমান্ডে সাবেক এমপি আনারের মেয়ে ডরিন

ঢাকার যাত্রাবাড়ীতে করা একটি মামলায় ভারতে খুন হওয়া সাবেক সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনারের মেয়ে মুনতারিন ফেরদৌস ডরিনকে তিন দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত। 

বৃহস্পতিবার মোহাম্মদপুরের লালমাটিয়া থেকে গ্রেপ্তারের পর একইদিন ডরিনকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে নেওয়া হয়। দুই পক্ষের শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. হাসান সাহাদাতের আদালত এই আদেশ দেন ।

এসময় যাত্রাবাড়ী থানায় বিস্ফোরকদ্রব্য আইনে করা মামলায় তাকে পাঁচ দিনের রিমান্ডে নিতে আবেদন জানায় মামলার তদন্তকারী কর্মকর্তা। আবেদনে বলা হয়, ককটেল কোথা থেকে সংগ্রহ করা হয়েছে, ঘটনার সঙ্গে জড়িত অন্যদের পরিচয় এবং পলাতক আসামিদের অবস্থান জানতে তাকে জিজ্ঞাসাবাদ প্রয়োজন।

রিমান্ডের পক্ষে শুনানিতে রাষ্ট্রপক্ষের আইনজীবী বলেন, ককটেল বিস্ফোরণের ঘটনায় অর্থের জোগানদাতা ও পরিকল্পনাকারীদের শনাক্ত করতে ডরিনকে জিজ্ঞাসাবাদ জরুরি। আদালত প্রাঙ্গণে বোমা বিস্ফোরণের ঘটনার সঙ্গেও এই নাশকতার যোগসূত্র থাকতে পারে বলে দাবি করেন তিনি। এ ঘটনায় ডরিনের সম্পৃক্ততা পাওয়া গেছে বলেও জানান রাষ্ট্রপক্ষের আইনজীবী।

তবে এসব অভিযোগ অস্বীকার করে আসামিপক্ষের আইনজীবী জানান, মামলায় ডরিনের নাম নেই। রাজনৈতিক প্রতিহিংসার কারণে তাকে হয়রানি করা হচ্ছে। তিনি আইনের শিক্ষার্থী এবং কোনো দেশবিরোধী কর্মকাণ্ডে জড়িত নন। রিমান্ড বাতিল করে প্রয়োজনে জেলগেটে জিজ্ঞাসাবাদের আবেদনও জানান তিনি।

মামলার অভিযোগ অনুযায়ী, ৯ই নভেম্বর রাতে যাত্রাবাড়ী-ডেমরা সড়কের কাজলা টোল প্লাজার সামনে ককটেল বিস্ফোরণ হয়। এতে জনমনে আতঙ্ক সৃষ্টি হয় এবং স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হয়।

ঘটনাস্থল থেকে ককটেলের পোড়া অংশ, টিনের টুকরা, ১২টি তারকাটা ও একটি কাচের টুকরা উদ্ধারের কথা জানিয়েছে পুলিশ। নাশকতার উদ্দেশ্যে বিস্ফোরণ ঘটানোর অভিযোগে পুলিশ বাদী হয়ে বিস্ফোরকদ্রব্য আইনে মামলাটি করে।

গ্রেপ্তার হওয়া ডরিন ঝিনাইদহ-৪ আসনের সাবেক সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনারের মেয়ে। ২০২৪ সালের মে মাসে ভারতে গিয়ে নিখোঁজ হওয়ার পর তার হত্যার খবর সামনে আসে।