ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডেপুটি প্রেস সেক্রেটারি কে এম শাখাওয়াত মুন, সাবেক জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস হোসেন এবং আয়কর আইনজীবী সুফি মো. আল মামুনকে আটক করা হয়েছে।
বুধবার রাত একটার দিকে ঢাকার ধানমন্ডি ২৭ নম্বর এলাকা থেকে ছাত্রদলের নেতাকর্মীরা তাদের আটক করে পুলিশের হাতে তুলে দেয়।
আটকের সময় ছাত্রদল ঢাকা মহানগর পশ্চিমের সহসভাপতি মোতাহার হোসেন নিলয় এবং ৩২ নাম্বার ওয়ার্ডের যুবদল নেতা মোহাম্মদ জাবেদকে শাখাওয়াত মুনের সঙ্গে কথা বলতে দেখা যায়।
এ সময় তারা আগামী ডিসেম্বরে আওয়ামী লীগের রাজনৈতিক পরিকল্পনা সম্পর্কে জানতে চাইলে শাখাওয়াত মুন জানান, তিনি এখন ওএসডি আছেন। পরে তিনজনকেই মোহাম্মদপুর থানায় নিয়ে যায় পুলিশ।
কে এম শাখাওয়াত মুন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সাবেক শিক্ষার্থী। তিনি প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের পরিচালক হিসাবে দায়িত্ব পালন করেছেন। পরে তৎকালীন প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি হিসাবে নিয়োগ পান। সরকারের পতন হলে তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়।