এয়ারপোর্টে শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম গ্রেপ্তার

বিদেশ যাওয়ার সময় এয়ারপোর্টে গ্রেপ্তার হয়েছেন শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম। রবিবার দিবাগত রাতে তাকে গ্রেপ্তার করে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন পুলিশ।

জানা গেছে, তার থাই এয়ারেওয়েজের একটি ফ্লাইটে থাইল্যান্ড যাওয়ার কথা ছিল। গ্রেপ্তারের পর তাকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। 

২০২৪ সালের ৪ঠা সেপ্টেম্বর ২৭ বছর জেল খাটার পর তিনি জামিনে বের হয়েছিলেন।

সুইডেন আসলামের বিরুদ্ধে ২২টি মামলা রয়েছে, যার মধ্যে নয়টিই হত্যা মামলা বলে জানা গেছে। অস্ত্র মামলায় ১৭ বছরসহ কয়েকটি মামলায় সাজাও হয়েছিল তার।

ঢাকার অপরাধজগতের একসময়ের আলোচিত নাম শেখ মোহাম্মদ আসলাম ওরফে সুইডেন আসলাম। নব্বইয়ের দশকে কারওয়ান বাজার, ফার্মগেট, রাজাবাজার, তেজগাঁও ও শেরেবাংলা নগর এলাকায় তার আধিপত্য ছিল। বিভিন্ন হত্যাকাণ্ড, চাঁদাবাজি, জমি দখল ও সন্ত্রাসী কর্মকাণ্ডে তার নাম আলোচনায় আসে।

১৯৮৬-৮৭ সালের দিকে অপরাধজগতে তার উত্থান ঘটে। ১৯৯৭ সালের ২৬এ মে যুবলীগ নেতা গালিব হত্যার পর তাকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এরপর দীর্ঘ ২৭ বছর কারাগারে ছিলেন তিনি। কারাগারে থেকেও সহযোগীদের মাধ্যমে অপরাধজগতের কর্মকাণ্ড নিয়ন্ত্রণের অভিযোগ ছিল তার বিরুদ্ধে।