নড়াইলে সাবেক এমপি বিএম কবিরুল হক মুক্তিসহ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মী ও সমর্থকদের বাড়িঘর ও দোকানপাটে হামলা-ভাঙচুর ও আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।
নড়াইল জেলা পুলিশ জানিয়েছে, বিএনপির দুই নেতাকে হত্যার জেরে এই হামলা হয়। তারা গণমাধ্যমকে জানিয়েছে, নিহতদের আত্বীয়-স্বজন ও তাদের সাথে আসা উত্তেজিত লোকজন এই হামলা করে।
ৎফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অন্তত ২০ টি বাড়িতে আগুন দেওয়ার ঘটনা নিশ্চিত করেছে।
ঘটনার সূত্রপাত ১৮ই নভেম্বর। ওইদিন, বিএনপি ও সহযোগী সংগঠনের মোটরসাইকেল শোভাযাত্রায় হামলা হলে দলের দুই নেতা নিহত হন।
বিএনপির পক্ষ থেকে এ ঘটনার জন্য কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগকে দায়ী করা হয়েছে।
নিহতরা হলেন, কালিয়া পৌরসভা কৃষকদলের সাধারণ সম্পাদক শাহিনুর ইসলাম ও উপজেলা জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) সাধারণ সম্পাদক সোহেল রানা।
ঘটনার তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বিএনপি নেতাকর্মীরা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কৃষ্ণপদ ঘোষের বাড়িতে হামলা চালায় ও ভাঙচুর করে। এ সময় বেশকয়েকটি দোকানেও হামলার ও ভাঙচুরের ঘটনা ঘটে। অগ্নিসংযোগের পাশাপাশি লুটপাটও চলে এ সময।
শনিবার নিহত দুই বিএনপি নেতার কবর জিয়ারত করতে যান বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবীর রিজভী। তিনি এ ঘটনায় জড়িতদের আইনের আওতায় নেওয়ারে আশ্বাস দেন।
বিকাল চারটার দিকে আওয়ামী লীগের হয়ে নির্বাচিত হওয়া সাবেক এমপি কবিরুল হকের বাড়িসহ শতাধিক বাড়িতে ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা ঘটে। পাশাপাশি বড়দিয়া বাজারে বেশকয়েকটি দোকানপাট ও রেস্টুরেন্টে ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাট হয়।
এছাড়া, কালিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শামীমুর রহমানের বাড়ি ও মুক্তিযোদ্ধা কমান্ডার তরিকুল ইসলাম মুন্নুর বাড়ি ও জয়নগর ইউনিয়নের বামপুরায় স্বেচ্ছাসেবক লীগের এক নেতার বাড়িতে হামলা ও ভাঙচুর হয়। বিকাল থেকে মধ্যরাত পর্যন্ত এসব ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস আসে রাত আটটায়
বিকেল চারটার দিকে শুরু হয়ে রাত পর্যন্ত এসব হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। আগুন নেভাতে ফায়ার সার্ভিস কাজ শুরু করে রাত ৮টার পরে। প্রথম পাঁচ ঘণ্টা পর্যন্ত ফায়ার সার্ভিস সেখানে পৌঁছাতে পারেনি।
ফায়ার সার্ভিসের নড়াইল স্টেশন কর্মকর্তা হুমায়ুন কবির সাংবাদিকদের জানান, অগ্নিসংযোগের কথা কেউ ফোন করে তাদের জানায়নি। পথে প্রতিবন্ধকতা ও নিরাপত্তাজনিত কারনে তারা সেখানে আরো আগে যেতে পারেনি বলেও জানান তিনি। সেখানে রাত ৮টায় পৌঁছে ২০-৩০টি বাড়িতে আগুন দেখতে পান। তবে সঠিক জানাতে পারেনি।
কয়েকটি বাড়িতে হামলার কথা জানিয়েছে পুলিশ
নড়াইলের পুলিশ সুপার এক বিজ্ঞপ্তিতে জানান, বেন্দারচরে কোনো হিন্দু বসতি নেই। হিন্দু ধর্মাবলম্বীদের বাড়িঘরে ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা মিথ্যা ও বানোয়াট। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওচিত্রগুলো পূর্বে ধারণকৃত ও এআই নির্মিত বলেও জানানো হয় এতে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ১৮ই নভেম্বরের ঘটনার জেরে নিহতদের পরিবারের সদস্য ও উত্তেজিত লোকজন কয়েকটি বাড়িতে হামলা করে চলে যায়।
১৮ই নভেম্বরের কথা উল্লেখ বিজ্ঞপ্তিতে বলা হয়, “(২০ নভেম্বর) বিকাল ৪টা ৪৫ মিনিটে ভিকটিকদ্বয়ের (নিহত ২ বিএনপি নেতা) বিক্ষুব্ধ আত্নীয়-স্বজন অন্যান্য উত্তেজিত লোকদের সাথে নিয়ে আকস্মিকভাবে বেন্দারচর এলাকায় জড়ো হয়ে হত্যার ঘটনায় জড়িত কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কয়েকটি বাড়িতে হামলা করে চলে যায়।
সংবাদ পেয়ে কালিয়া থানা পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অতিরিক্ত পুলিশ মোতায়েনের পর এখন পরিস্থিতি স্বাভাবিক বলে জানানো হয় বিজ্ঞপ্তিতে।