বাংলাদেশের রাজনীতির ইতিহাসে গোপালগঞ্জ বরাবরই সংবেদনশীল জনপদ। নভেম্বরের দ্বিতীয় সপ্তাহ থেকে জেলাটি যে অস্থিরতা, সহিংসতা এবং প্রশাসনিক টানাপোড়েনের মধ্য দিয়ে যাচ্ছে, তা পরিণত হয়েছে দেশের অন্যতম আলোচিত বিষয়ে।
গত ৯ই নভেম্বর রাত থেকে শুরু হওয়া নাশকতা, ১০ই নভেম্বরের কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ধর্মঘট এবং ১৯ই নভেম্বরের 'লকডাউন' কর্মসূচিকে কেন্দ্র করে গোপালগঞ্জের জনজীবন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি দাঁড়িয়েছে জটিল সমীকরণের মুখে।
টুঙ্গিপাড়া থানা পুড়িয়ে দেওয়ার পর সেখানে নেই কোনো পুলিশ সদস্য। সাদা পোশাকে থানা ছেড়ে চলে গেছেন তারা। কার্যত পুরো টুঙ্গিপাড়া থানার কার্যক্রম চলছে পুলিশবিহীন অবস্থায়।
এরপর হামলা চালিয়ে অগ্নিসংযোগ করা হয়েছে মুকসুদপুর থানাতেও।
পুরো গোপালগঞ্জ জেলায় মোতায়েন করা হয়েছে দুই হাজারের মতো অতিরিক্ত পুলিশ। সীমান্তরক্ষী বাহিনী বিজিবি মোতায়েন করা হয়েছে ২৭ প্লাটুন।
কিন্তু তারপরও নিয়ন্ত্রণে আসছে না গোপালগঞ্জের পরিস্থিতি। হাজার হাজার মানুষ জড়ো হয়েছে রাজপথে। সড়ক অবরোধ, যানবাহন ও স্থাপনায় আগুন দেওয়াসহ সর্বাত্মক আন্দোলন কর্মসূচি চলছে সেখানে।
গোপালগঞ্জের সার্বিক পরিস্থিতিকে ‘বিচ্ছিন্ন ঘটনা’ ঘটনা হিসাবে দেখছে পুলিশ সদর দপ্তর। তারা বলছে, এই ঘটনায় স্বাভাবিক কার্যক্রমে কোনো প্রভাব পড়বে না।
অস্থিরতার সূত্রপাত ও ধারাবাহিকতা
সাম্প্রতিক এই অস্থিরতার মূলে রয়েছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ধারাবাহিক কর্মসূচি।
গত ১০ই নভেম্বরের ছাত্রলীগের সর্বাত্মক ধর্মঘটকে কেন্দ্র করে ৯ই নভেম্বর রাত থেকেই জেলা শহরের বিভিন্ন সরকারি স্থাপনা ও শিক্ষাপ্রতিষ্ঠানে ককটেল বিস্ফোরণের মাধ্যমে শুরু হয় উত্তেজনা। শহরের শিল্পকলা একাডেমি, জেলা স্কুল, সরকারি মহিলা কলেজ, পাসপোর্ট অফিস ও পাচুড়িয়া ব্রিজ এলাকায় ঘটে ককটেল বিস্ফোরণ।
পরদিন ১০ই নভেম্বর টুঙ্গিপাড়ার গওহরডাঙ্গা চৌরঙ্গী মোড়ে গাছ ফেলে ও আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ করা হয়। ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয় পুলিশের গাড়িতে।
বিএনপির কার্যালয় ও ব্যাংকের শাখায় ভাঙচুর চালানো ও আগুন দেওয়ার খবর এসেছে গণমাধ্যমগুলোতে।
এরইমধ্যে টুঙ্গিপাড়ায় পুলিশের গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের মামলার বাদী উপপরিদর্শক (এসআই) মোসলেম আলীকে কুপিয়ে জখম করার ঘটনা ঘটে।
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার দাবি এবং ১৯এ নভেম্বরের 'লকডাউন' কর্মসূচির প্রস্তুতি হিসেবে ১৫ ও ১৬ই নভেম্বর (রবিবার) গোপালগঞ্জ শহর, টুঙ্গিপাড়া ও কাশিয়ানীতে আবারও বিক্ষোভ মিছিল, থানা ও সরকারি স্থাপনায় হামলা এবং যানবাহনে অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
১৫ থেকে ১৮ই নভেম্বরের মধ্যে পরিস্থিতি আরও অবনতি ঘটে। বিশেষ করে টুঙ্গিপাড়া থানায় হামলা, অগ্নিসংযোগ ও আসামি ছিনিয়ে নেওয়ার মতো ঘটনা এবং পুলিশের গাড়িতে আগুন দেওয়ার বিষয়টি স্থানীয় প্রশাসনের সক্ষমতাকে বড় ধরনের প্রশ্নের মুখে ফেলে দেয়।
পাশাপাশি রাজনৈতিক প্রতিপক্ষের কার্যালয় ও ব্যাংকের শাখায় হামলার ঘটনায় পুরো জেলায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
প্রশাসনিক রদবদল ও নিরাপত্তা কৌশল
পরিস্থিতি সামাল দিতে সরকার বড় ধরনের পরিবর্তন আনে গোপালগঞ্জের প্রশাসনিক কাঠামোতে।
জেলা প্রশাসক (ডিসি), পুলিশ সুপার (এসপি) এবং টুঙ্গিপাড়া, কোটালীপাড়া ও কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের (ওসি) বদলি করা হয় একযোগে।
স্থানীয় পর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে গোয়েন্দা ব্যর্থতা বা শিথিলতার কারণেই প্রশাসনে এই রদবদল বলে মনে করা হচ্ছে।
নতুন প্রশাসন দায়িত্ব নেওয়ার পর গোপালগঞ্জে নিরাপত্তার চাদর আরও কঠোর করা হয়।
গোপালগঞ্জে মোতায়েন করা হয়েছে প্রায় দুই হাজার অতিরিক্ত পুলিশ সদস্য। পুলিশের পাশাপাশি এসআরবির ৬ ও ১০ নম্বর ব্যাটালিয়নের সমন্বয়ে গঠিত যৌথ বাহিনী সাঁজোয়া যান (এপিসি) নিয়ে দিনরাত শহর ও উপজেলাগুলোতে টহল দিচ্ছে।
উত্তেজনাকর পরিস্থিতি মোকাবিলায় শুরুতে বিজিবি মোতায়েন করা হয় ৬ থেকে ১০ প্লাটুন।
কিন্তু পরিস্থিতির অবনতি ঘটায় সংখ্যা বাড়িয়ে ২৭ প্লাটুন করা হয় বলে বিজিবির প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, গুরুত্বপূর্ণ স্থানে নিরাপত্তা ও নজরদারি জোরদারের পাশাপাশি যেকোনো ধরনের বিশৃঙ্খলা, সহিংসতা ও জননিরাপত্তার জন্য হুমকি এমন কর্মকাণ্ড প্রতিরোধে বিজিবি সদস্যরা সচেষ্ট রয়েছেন।
পরিস্থিতি পর্যবেক্ষণে বিজিবির সদর দপ্তর থেকে ড্রোন ও বডি-ওর্ন ক্যামেরার মাধ্যমে লাইভ নজরদারি চালানো হচ্ছে।
ঢাকা-খুলনা মহাসড়কসহ গুরুত্বপূর্ণ সড়কগুলোতে গাছ ফেলে অবরোধ সৃষ্টির চেষ্টা করা হলেও, যৌথ বাহিনীর তৎপরতায় তা সরিয়ে যান চলাচল সচল রাখার চেষ্টা চলছে।
পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া) কামারুম মুনিরা আলাপ-কে বলেন, “আসলে এই ধরনের বিচ্ছিন্ন নাশকতামূলক ঘটনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের স্বাভাবিক কার্যক্রমে খুব একটা প্রভাব পড়বে বলে আমরা মনে করি না।”
“তবে ঘটনার সাথে জড়িত পরিকল্পনাকারী এবং অর্থের জোগানদাতাদের শনাক্ত করতে পুলিশ ও গোয়েন্দা সংস্থা একযোগে কাজ করছে।”
গোপালগঞ্জের সবকিছুই সতর্কতার সাথে পর্যবেক্ষণ করা হচ্ছে বলেও জানান তিনি।
পরিস্থিতি বড় হলো যেভাবে
৯ই নভেম্বের রাত থেকে উত্তপ্ত হওয়ার পর ১০ই নভেম্বর লগি-বইঠা নিয়ে মিছিল বের হয়।
মানবতাবিরোধী অপরাধে শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের এক বছর হওয়ার ঘটনাকে (১৭ই নভেম্বর) সামনে রেখে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ফেইসবুক পেজে ১৩ই নভেম্বর ঘোষণা করা হয় পাঁচ দিনের কর্মসূচি। এর মধ্যে ১৯ই নভেম্বরের ‘লকডাউন’ কর্মসূচিও ছিলো।
এর মধ্যেই কয়েকদিন ধরে গোপালগঞ্জে রাস্তা অবরোধ করে মিছিল করতে থাকেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
১৫ই নভেম্বর লগি-বইঠা, রামদাসহ বিভিন্ন দেশি অস্ত্র নিয়ে প্রকাশ্যে মিছিল ও সমাবেশ করেন হাজার হাজার মানুষ।
মিছিল থেকে পুলিশের একটি সাঁজোয়া যান (এপিসি) ও পুলিশ বক্স ভাঙচুর করা হয়। জুলাই স্মৃতিস্তম্ভ ও হাদি চত্বরের নামফলকও ভাঙচুর করেন দলটির নেতাকর্মীরা। হাদি চত্বরের নাম পালটে রাখা হয় মুক্তিযোদ্ধা চত্বর।
গোপালগঞ্জ সরকারি কলেজের নাম পরিবর্তন করে পুরোনো নাম ‘বঙ্গবন্ধু সরকারি কলেজ’ লিখে ব্যানার টানিয়ে দেয় ছাত্রলীগের নেতাকর্মীরা।
এ সময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, শেখ হাসিনা ও আওয়ামী লীগকে নিয়ে দেওয়া হয় স্লোগান।
এই প্রেক্ষাপটে ওই দিনই সেখানকার জেলা প্রশাসক (ডিসি) ও পুলিশ সুপার (এসপি) এবং ওসিদের প্রত্যাহার করা হয়।
১৭ই নভেম্বর হামলা চালানো অগ্নিসংযোগ করা হয় টুঙ্গিপাড়া থানা, পুলিশ মেস ও স্থানীয় সংসদ সদস্য এস এম জিলানীর বাড়িতে। পুড়িয়ে দেওয়া হয় বিজিবির গাড়িও।
আওয়ামী লীগের নেতাকর্মীদের গ্রেপ্তারের খবর প্রকাশের পর মসজিদে মাইকিং করে প্রথমে লোকজন জড়ো করা হয়। পরে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে থানায় চলে তাণ্ডব।
এছাড়া আরও কিছু স্থাপনায় আগুন দিয়েছে দলটির নেতাকর্মীরা। এ সময় কোনো পুলিশ সদস্যকে সেখানে দেখা যায়নি। ঘটনার পরপরই পুলিশ সদস্যরা থানা ছেড়ে চলে যান। আগুনে থানার নয়টি গাড়ি ও ১৫টি মোটরসাইকেল এবং মালামাল পুড়ে যায়।
থানায় পরিদর্শক তিনজন, এএসপি দুইজন, এসআই সাত, এএসআই সাত এবং কনস্টেবলসহ ৩০ থেকে ৩৫ জন কর্মরত ছিলেন।
গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) প্রধান ফটকে বিশ্ববিদ্যালয়ের পূর্বের নাম ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়’ লেখা ব্যানার টাঙানো হয় ১৮ই নভেম্বর।
একই দিন হামলা-ভাঙচুর চালানো হয় গোপালগঞ্জ-২ (সদর) আসনের সংসদ সদস্য ডা. কে এম বাবরের হাসপাতাল ও কার্যালয়ে। সন্ধ্যা ৭টা থেকে রাত ৮টার মধ্যে শহরের থানাপাড়া এলাকার হাসপাতাল ও সংসদ সদস্যের ব্যক্তিগত কার্যালয়ে হামলা, ভাঙচুর এবং আসবাবপত্রে অগ্নিসংযোগ করা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, পাঁচতলা ভবনের চতুর্থ তলা পর্যন্ত আরাফ জেনারেল হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার। পঞ্চম তলাটি নির্মাণাধীন। নিচতলায় ক্লিনিকের বাম পাশের একটি বড় ঘরে সংসদ সদস্যের কার্যালয়।
ভবনের তত্ত্বাবধায়ক খাইরুল ইসলাম জানান, ক্লিনিকে তিনজন রোগী ভর্তি ছিলেন। কয়েকজন নার্স ছিলেন তাদের দেখাশোনার জন্য। ভাঙচুরের ঘটনার পর রোগী ও নার্সরা চলে যান।
একইদিন কাশিয়ানীতে কালনা সেতুতে আগুন ধরিয়ে দেওয়া হয়। কাশিয়ানীতে উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয় ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। গ্রামীণ ব্যাংকের কাশিয়ানী উপজেলা শাখা, বৌলতলী শাখায় ভাঙচুর ও কাগজপত্রে আগুন দেওয়া হয়। এছাড়া কয়েকটি দোকানও ভাঙচুর করা হয়েছে।
গোপালগঞ্জ-১ (মুকসুদপুর) আসনের সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিম-এর বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগর ঘটনা ঘটে ১৯এ নভেম্বর দুপুরে। কাশিয়ানী ও মুকসুদপুর এলাকার আওয়ামী লীগের নেতাকর্মীরা প্রথমে তার বাড়িতে হামলা চালায়। পরে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। একই সময়ে মুকসুদপুর থানায় ভাঙচুর ও অগ্নিসংযোগ হয়।
নিরাপত্তা বাহিনীর কঠোর অবস্থানের কারণে প্রাণহানি বা ব্যাপক ধ্বংসযজ্ঞ আপাতত নিয়ন্ত্রণে থাকলেও গোপালগঞ্জের স্বাভাবিক জনজীবন ব্যাপকভাবে ব্যাহত হচ্ছে।
শহর ও উপজেলাগুলোর রাস্তাঘাটে সাধারণ মানুষের উপস্থিতি অনেক কম। সড়কে যানবাহন চলাচল সীমিত হয়ে পড়ায় এবং অধিকাংশ দোকানপাট বন্ধ থাকায় স্থানীয় ক্ষুদ্র ব্যবসায়ী ও দিনমজুররা পড়েছেন চরম বিপাকে।
মহাসড়ক অবরোধ করায় খুলনা-বাগেরহাট থেকে গোপালগঞ্জ হয়ে ঢাকামুখী যান চলাচল কার্যত অচল হয়ে পড়েছে।
১৯ই নভেম্বরের লকডাউন কর্মসূচি এবং এর সাথে যুক্ত হওয়া বৈরী আবহাওয়ার কারণে সাধারণ মানুষের ভোগান্তি বেড়েছে আরও।
সব মিলিয়ে গোপালগঞ্জে এখন এক ধরনের 'চাপা আতঙ্ক ও থমথমে স্থিতাবস্থা' বিরাজ করছে।