গাজীপুরে আরো ১৩টি কারখানা বন্ধ ঘোষণা

ন্যূনতম মজুরি বাড়ানোর দাবিতে চলমান শ্রমিক অসন্তোষের মধ্যে গাজীপুরের শিল্পাঞ্চলে রবিবারও ১৩টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।

সকালে কোনাবাড়িতে রাস্তা অবরোধের চেষ্টা করে কিছু শ্রমিক। তবে পুলিশ গেলে তারা রাস্তা ছেড়ে সরে যায়।

গাজীপুরে তৈরি পোশাক কারখানা আছে তিন হাজারের বেশি। উৎপাদন বন্ধ আছে পঞ্চাশটিরও বেশি কারখানায়।

বিভিন্ন পোশাক কারখানায় শ্রমিকদের কর্মস্থলে ঢুকতে দেখা গেছে। শনিবার বিজিএমই জানিয়েছে কাজে না যোগ দিলে রবিবার কারখানা বন্ধ করে দেওয়া হবে।

গাজীপুরের শিল্পাঞ্চলে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। বিজিবির সদর দপ্তর থেকে এ তথ্য জানানো হয়েছে।

শনিবার কারখানার মালিকদের সঙ্গে জরুরি বৈঠক করে তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএ। পরে এর সভাপতি মাহমুদ হাসান খান বাবু জানান, সোমবার মজুরি বোর্ডে নতুন মজুরি কাঠামোর লিখিত প্রস্তাব দেবেন মালিকেরা।

তার অভিযোগ, কারখানার ভেতরে একটি মহল ভীতিকর পরিস্থিতি তৈরি করছে। এতে সাধারণ শ্রমিকেরা কাজ করতে পারছেন না। অনেক শ্রমিক হাজিরা দিয়েও কারখানা থেকে বেরিয়ে যেতে বাধ্য হচ্ছেন।

বিজিএমইএর তথ্য অনুযায়ী, শনিবার ৫৫টি কারখানা বন্ধ ছিল। আরও ৯২টি কারখানায় চেষ্টা করেও উৎপাদন শুরু করা যায়নি।

বেতন বৃদ্ধির দাবিতে গত কয়েক দিন ধরে গাজীপুরের বিভিন্ন কারখানার শ্রমিকেরা ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে আসছিলেন।

বিক্ষুব্ধ শ্রমিকদের বিরুদ্ধে পুলিশ বক্স, পুলিশের গাড়ি ও কারখানার গুদামে আগুনের ঘটনা ঘটে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দফায় দফায় সংঘর্ষের ঘটনাও ঘটে।