গাজীপুরে আবারো শ্রমিক অসন্তোষ, পরিস্থিতি নিয়ন্ত্রণ না হলে কারখানা বন্ধের ঘোষণা বিজিএমইএর

শ্রমিক অসন্তোষে টালমাটাল দেশের তৈরি পোশাকশিল্প। এমন পরিস্থিতিতে সংকট সামাল দিতে নতুন মজুরি প্রস্তাব দেওয়ার উদ্যোগ নিয়েছেন কারখানার মালিকেরা। তবে চলমান পরিস্থিতিতে ১৫ই নভেম্বর থেকে শ্রম আইন অনুযায়ী কারখানা বন্ধ রাখার সিদ্ধান্তের কথা জানিয়েছে বিজিএমইএ।

শনিবার সকালে গাজীপুরের কালিয়াকৈরের চন্দ্রা পল্লী বিদ্যুৎ এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন পোশাকশ্রমিকেরা। সকাল সাড়ে আটটা থেকে শুরু হওয়া এই অবরোধে মহাসড়কের দুই পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। ভোগান্তিতে পড়েন যাত্রী ও চালকেরা।

পুলিশ ও শ্রমিকদের ভাষ্য অনুযায়ী, চন্দ্রা এলাকার ট্রপিক্যাল ও পূর্ব চন্দ্রার এপেক্স লিঞ্জারি কারখানার শ্রমিকেরা বৃহস্পতিবার আন্দোলনে নেমেছিলেন। সেদিন পুলিশের ছোড়া কাঁদানে গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেডে কয়েকজন শ্রমিক আহত হন। ‘তাদের একজন মারা গেছেন’, শনিবার সকালে এমন খবর ছড়িয়ে পড়লে শ্রমিকদের মধ্যে আতঙ্ক ও ক্ষোভ তৈরি হয়। এরপর তারা কাজ বন্ধ করে সড়কে নেমে আসেন।

দুপুর সাড়ে ১২টার দিকে পুলিশ লাঠিপেটা, কাঁদানে গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড ছুড়ে শ্রমিকদের সরিয়ে দেয়। প্রায় চার ঘণ্টা পর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

আশুলিয়া শিল্পাঞ্চল পুলিশের তথ্য অনুযায়ী, শনিবার সাভার ও আশুলিয়ায় সব মিলিয়ে প্রায় ৫৯টি কারখানায় উৎপাদন বন্ধ ছিল। এর মধ্যে কয়েকটি কারখানা অনির্দিষ্টকালের জন্য এবং কয়েকটি শ্রম আইনের নির্দিষ্ট ধারায় বন্ধ ঘোষণা করা হয়েছে। অন্যদিকে কিছু কারখানায় সাধারণ ছুটি দেওয়া হয়েছে।

এমন পরিস্থিতিতে শনিবার কারখানার মালিকদের সঙ্গে জরুরি বৈঠক করে তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএ। পরে এর সভাপতি মাহমুদ হাসান খান বাবু জানান, আগামী সোমবার মজুরি বোর্ডে নতুন মজুরি কাঠামোর লিখিত প্রস্তাব দেবেন মালিকেরা।

তার অভিযোগ, কারখানার ভেতরে একটি মহল ভীতিকর পরিস্থিতি তৈরি করছে। এতে সাধারণ শ্রমিকেরা কাজ করতে পারছেন না। অনেক শ্রমিক হাজিরা দিয়েও কারখানা থেকে বেরিয়ে যেতে বাধ্য হচ্ছেন।

বিজিএমইএর তথ্য অনুযায়ী, শনিবার ৫৫টি কারখানা বন্ধ ছিল। আরও ৯২টি কারখানায় চেষ্টা করেও উৎপাদন শুরু করা যায়নি। চলমান পরিস্থিতিতে ১৫ই নভেম্বর থেকে শ্রম আইন অনুযায়ী কারখানা বন্ধ রাখার সিদ্ধান্তের কথাও জানিয়েছেন মালিকেরা।