একাত্তর টেলিভিশনের সাবেক প্রধান প্রতিবেদক ফারজানা রুপা ও ব্যবস্থাপনা পরিচালক মোজাম্মেল হকের বিরুদ্ধে আনা মামলা প্রত্যাহারের আহ্বান জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল সাউথ এশিয়া।
মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে অ্যামনেস্টি বলেছে, গত ৭ই মার্চ দুজনের বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে। যেখানে বলা হচ্ছে, ২০১৩ সালের মে মাসে হেফাজতে ইসলামের সমাবেশের ওপর চালানো প্রাণঘাতী নিপীড়নের সংবাদ সঠিকভাবে প্রকাশ করা হয়নি।
অ্যামনেস্টি বলছে, ওই সময় হেফাজতে ইসলামের কর্মীদের ওপর চালানো অভিযানের বিষয়ে একাত্তর টেলিভিশনের একটি প্রতিবেদনকে ‘বিভ্রান্তিকর’ বলে অভিযোগ করা হয়। বিভিন্ন গণমাধ্যমে উল্লেখ করা হয়েছে, প্রসিকিউশন অভিযোগ করেছে প্রতিবেদনের মাধ্যমে হতাহতের প্রকৃত সংখ্যা থেকে জনসাধারণের দৃষ্টি সরিয়ে নেওয়ার চেষ্টা করা হয়েছিল।
তবে সাংবাদিকতার ক্ষেত্রে মতপ্রকাশের স্বাধীনতার পরিসর নিয়ে অ্যামনেস্টি বলেছে, কোনো তথ্য বা মতামত কারও কাছে আপত্তিকর, বিস্ময়কর বা অস্বস্তিকর মনে হলেও তা মতপ্রকাশের স্বাধীনতার আওতার বাইরে চলে যায় না।
অপছন্দনীয় মতামত বা রাজনৈতিক দলের সঙ্গে কথিত সম্পৃক্ততার কারণে কোনোভাবেই সাংবাদিকদের লক্ষ্যবস্তু করা উচিত নয় বলে জানিয়েছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল সাউথ এশিয়া।
সংস্থাটি বলেছে, অধিকারকে সম্মান করে এমন একটি সমাজে সুস্থ জনপরিসর ও বিতর্ক নিশ্চিত করার জন্য মতপ্রকাশের স্বাধীনতার প্রতি সম্মান জরুরি। সাংবাদিকদের এমন মতামতের কারণে টার্গেট করা উচিত নয়।
অ্যামনেস্টি বাংলাদেশের কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়ে বলেছে, সাংবাদিকতার কারণে ফারজানা রূপা ও মোজাম্মেল হকের বিরুদ্ধে আনা অভিযোগ অবিলম্বে প্রত্যাহার করতে হবে। একই সঙ্গে বাংলাদেশের আন্তর্জাতিক মানবাধিকারবিষয়ক বাধ্যবাধকতার সঙ্গে সামঞ্জস্য রেখে মতপ্রকাশের স্বাধীনতা ও গণমাধ্যমের স্বাধীনতা সুরক্ষার আহ্বান জানিয়েছে সংস্থাটি।