সুপ্রিম কোর্টে ৭ জন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও ১০ জন সহকারী অ্যাটর্নি জেনারেল পদত্যাগ করেছেন।
সোমবার একসাথে অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে পদত্যাগপত্র জমা দেন তারা। পদত্যাগপত্রের বিষয়টি মঙ্গলবার আলাপ-কে নিশ্চিত করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ মহসিন কবির।
পদত্যাগ করা ৭জন ডেপুটি অ্যাটর্নি জেনারেল হলেন— ইউসুফ আলী, শফিকুর রহমান, আবদুল করিম, ফরিদ উদ্দিন খান, গোলাম রহমান ভুঁইয়া, আসাদ উদ্দিন ও তারিকুল ইসলাম।
পাশাপাশি ১০ জন সহকারী অ্যাটর্নি জেনারেল হলেন—ইমরুল কায়েছ রানা, হুমায়ুন কবির তানিম, আবদুল কাইয়ুম ভুঁইয়া, আবদুল্লাহিল মারফ ফাহিম, জোয়াদুর রহমান, শামসিল আরেফিন, মাহাবুবা আক্তার রলি, নূর নবী উজ্জ্বল, আল রেজা আমির ও রেজাউল ইসলাম।
পদত্যাগকরাদের মধ্যে ডেপুটি অ্যাটর্নি জেনারেল মুহাম্মদ তারিকুল ইসলাম তার পদত্যাগপত্রে উল্লেখ করেন, "জনগণের প্রত্যাশা ও ম্যান্ডেট অনুযায়ী জুলাই সনদ বাস্তবায়নে সরকারের ব্যর্থতা আমাকে গভীরভাবে উদ্বিগ্ন করেছে। একই সঙ্গে বিচার বিভাগের জন্য স্বাধীন সচিবালয় প্রতিষ্ঠার বিরোধিতা এবং বিচার বিভাগের স্বাধীনতা-সংক্রান্ত বিষয়ে সরকারের অবস্থান নিয়েও আমি গভীরভাবে উদ্বিগ্ন। এছাড়া সুপ্রিম কোর্টের বিচারপতি নিয়োগ অধ্যাদেশ বাতিলের ফলে বিচারপতি নিয়োগ প্রক্রিয়া ও বিচার বিভাগের স্বাধীনতা রক্ষার গুরুত্বপূর্ণ সুরক্ষাব্যবস্থাও দুর্বল হয়েছে।"
পদত্যাগপত্রে তিনি আরও বলেন, এসব পদক্ষেপ সাংবিধানিক শাসনব্যবস্থা, আইনের শাসন এবং স্বাধীন বিচার বিভাগের অস্তিত্ব ও মর্যাদা নিয়ে গুরুতর প্রশ্ন তৈরি করেছে। এ পরিস্থিতিতে বিবেকের তাড়নায় তার পক্ষে আর ডেপুটি অ্যাটর্নি জেনারেলের দায়িত্ব পালন করা সম্ভব নয়। তাই তিনি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন এবং তার পদত্যাগপত্র অবিলম্বে গ্রহণের অনুরোধ জানিয়েছেন।
পদত্যাগপত্রটি তিনি মঙ্গলবার তার ব্যক্তিগত ফেইসবুক প্রোফাইলে প্রকাশ করেন।