তনু হত্যা মামলা: নতুন এক ব্যক্তির রক্তের নমুনা শনাক্ত

আলোচিত সোহাগী জাহান তনু হত্যা মামলায় সামনে এসেছে নতুন তথ্য। নিহত তনুর পোশাক থেকে সংগ্রহ করা নমুনার ডিএনএ পরীক্ষায় এবার নতুন একজনের রক্তের নমুনা শনাক্ত হয়েছে।

তনু হত্যা মামলার তদন্ত সংস্থা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) এর তথ্যমতে, তনুর পোশাকে আগে থেকে তিনজন পুরুষের শুক্রাণু শনাক্ত হওয়ার পাশাপাশি নতুন আরও একজনের রক্তের অস্তিত্ব পাওয়া গেছে।

ফলে ডিএনএ পরীক্ষায় এখন পর্যন্ত তনুর পোশাকে মোট চারজনের নমুনা পাওয়ার তথ্য প্রকাশ্যে এসেছে।

রবিবার রাতে বার্তা সংস্থা ইউএনবিকে বিষয়টি নিশ্চিত করেন মামলার তদন্ত কর্মকর্তা ও পিবিআই সদর দপ্তরের পরিদর্শক মো. তরিকুল ইসলাম। 

এটি নতুন কোনো তথ্য নয় জানিয়ে তিনি বলেন, ২০১৭ সালেই তিনজনের ডিএনএর তথ্য সামনে এসেছিল। এখন আরেকজনের তথ্য এসেছে। 

তিনি বলেন, “আমরা মামলাটি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত করছি। সন্দেহভাজনদের আইনের আওতায় আনার চেষ্টা চলছে।”

উল্লেখ্য, ২০১৬ সালের ২০এ মার্চ সন্ধ্যায় কুমিল্লা সেনানিবাস এলাকায় টিউশনি করতে গিয়ে নিখোঁজ হয়েছিলো তনু। পরদিন সকালে সেনানিবাসের পাওয়ার হাউজ-সংলগ্ন জঙ্গল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় তনুর বাবা ইয়ার হোসেন অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় একটি হত্যা মামলা করেন।

সম্প্রতি মামলাটি আবারও আলোচনায় আসে। গত ২১এ এপ্রিল ঢাকার কেরানীগঞ্জ থেকে অবসরপ্রাপ্ত সেনাসদস্য হাফিজুর রহমানকে সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার করে পিবিআই। পরে তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদ শেষে বর্তমানে তিনি কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে আছেন।

পিবিআই সূত্র জানায়, সন্দেহভাজন হাফিজুর রহমানের ডিএনএ নমুনা সংগ্রহ করে তনুর পোশাকে পাওয়া আলামতের সঙ্গে মিলিয়ে দেখা হচ্ছে। তবে এখন পর্যন্ত সেই পরীক্ষার ফল পাওয়া যায়নি।

(তথ্যসূত্র: ইউএনবি)