মিয়ানমারে সামরিক বাহিনীর ধারাবাহিক বিমান হামলায় একটি বিয়ের অনুষ্ঠান, স্কুল ও আবাসিক এলাকায় অন্তত ৫১ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৭০ জনেরও বেশি মানুষ।
শনিবার দেশটির শান ও রাখাইন রাজ্যে হওয়া আলাদা তিনটি হামলায় এই প্রাণহানির ঘটনা ঘটে। এর আগে বৃহস্পতিবার ম্যাগওয়ে অঞ্চলের একটি স্কুলে চালানো হামলায় অন্তত ২০ জন নিহত হন। নিহতদের মধ্যে শিক্ষার্থী, বৌদ্ধ ভিক্ষু ও শিক্ষক রয়েছেন বলে জানিয়েছে মিয়ানমারের নির্বাসিত সরকার ন্যাশনাল ইউনিটি গভর্নমেন্ট (এনইউজি)।
একইদিন দক্ষিণ শান রাজ্যের মোয়ে বাই গ্রামের একটি বিয়ের অনুষ্ঠানস্থলে বিমান হামলায় অন্তত ২১ জন নিহত এবং ৩৫ জন আহত হন। পাশাপাশি, রাখাইন রাজ্যের ম্রউ টাউনশিপের একটি আবাসিক এলাকায় হামলায় ১০ জনের বেশি নিহত এবং প্রায় ২০ জন আহত হওয়ার খবর জানা গেছে। বর্তমানে এলাকাটি আরাকান আর্মির নিয়ন্ত্রণে রয়েছে বলে বিবিসির প্রকাশিত প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
এসব হামলার বিষয়ে মিয়ানমারের সামরিক সরকার কোনো মন্তব্য করেনি। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন বলছে, ২০২১ সালে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে অং সান সু চির নেতৃত্বাধীন নির্বাচিত সরকারকে ক্ষমতাচ্যুত করার পর থেকেই দেশটিতে গৃহযুদ্ধ চলছে।
সামরিক বাহিনী প্রায় প্রতিদিনই বিভিন্ন এলাকায় বিমান হামলা চালাচ্ছে। নিয়ন্ত্রণের বাইরে থাকা এলাকাগুলোতে স্থল অভিযান ও গ্রাম পুড়িয়ে দেওয়ার ঘটনাও ঘটছে। এসব এলাকার মধ্যে এনইউজি ও বিভিন্ন জাতিগত সশস্ত্র সংগঠনের নিয়ন্ত্রণাধীন অঞ্চল রয়েছে। এই হামলাগুলো এমন এক সময়ে চালানো হচ্ছে, যার ঠিক এক সপ্তাহ আগে রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর গণহত্যার অভিযোগে মিয়ানমারকে দায়ী করেছে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)।
চলতি বছরের ১৯এ নভেম্বর আইসিজের রায় ঘোষনায় বলা হয়, আদালত প্রমাণ পেয়েছে মিয়ানমারের নিরাপত্তা বাহিনী হাজার হাজার রোহিঙ্গা বেসামরিক নাগরিককে হত্যা করেছে, ব্যাপক যৌন সহিংসতার পাশাপাশি শিশুদের বিরুদ্ধে চরম সহিংসতা চালিয়েছে এবং বিপুলসংখ্যক রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে যাওয়ার সময় তাদের ওপর হামলা চালিয়েছে।
রায়ে বলা হয়, মিয়ানমারের নিরাপত্তা বাহিনী গণহত্যার উদ্দেশ্য নিয়ে কাজ করেছে, এমন সিদ্ধান্তে পৌঁছানোর যৌক্তিক ভিত্তি আছে। এমনকি রোহিঙ্গাদের বিরুদ্ধে সংঘটিত অপরাধের জন্য ভুক্তভোগীদের ক্ষতিপূরণ দেওয়ার বাধ্যবাধকতা রয়েছে মিয়ানমারের।
২০১৭ সালে সামরিক বাহিনীর অভিযানে হাজার হাজার রোহিঙ্গা নিহত হয় এবং সাত লাখের বেশি মানুষ বাংলাদেশসহ বিভিন্ন দেশে পালিয়ে যেতে বাধ্য হয়। তবে মিয়ানমার সরকার বরাবরই গণহত্যার অভিযোগটি অস্বীকার করে আসছে।