চীন যেভাবে দমন করে রাখে অলিগার্কদের

অনেক দেশেই অলিগার্কি নিয়ে অনেক আলোচনা হয়েছে। রাশিয়া, উক্রেইন, যুক্তরাষ্ট্র, এমনকি বাংলাদেশের অর্থনীতি অলিগার্কদের কব্জায় থাকার আলোচনা উঠেছে। 

বিভিন্ন বিশেষজ্ঞ, গবেষণাপত্র ও আন্তর্জাতিক গণমাধ্যম বলছে, অলিগার্কি আধুনিক গণতন্ত্রের অনিবার্য সঙ্গী। তবে ভিন্ন এক চিত্র দেখা যাচ্ছে চীনে, যেখানে অলিগার্কির উত্থান দমিয়ে রেখেছে সরকার।

অলিগার্কিক ব্যবস্থায় ধনকুবেরদেরই প্রত্যক্ষ বা পরক্ষ রাজত্ব চলে। অন্যদিকে, চীনের ধনকুবেররা সরকারের উপরে উঠতে পারে না কখনো। 

কী এমন ফর্মুলা আবিষ্কার করল চীন, যা বিত্তবানদের সরকারের ওপর প্রভাব বিস্তার করতে দেয় না?

গায়েব হয়ে ফিরে আসার পর যে বার্তা দিয়েছিলেন জ্যাক মা

বিশ্বের বিলিয়নেয়ার ও উদ্যোক্তাদের মধ্যে সবচেয়ে পরিচিত নামগুলোর একটি জ্যাক মা। তিনি আলিবাবা, জ্যাক মা ফাউন্ডেশন ও অ্যান্ট গ্রুপের প্রতিষ্ঠাতা, এবং চীনের সবচেয়ে জনপ্রিয় উদ্যোক্তাদের একজন। 

বিদেশে এক সেমিনারে চীনের সরকারের অর্থনৈতিক নীতির সমালোচনা করে বসেছিলেন জ্যাক মা। এরপর কী হলো?

জ্যাক মার কোম্পানিগুলোর ওপর নানা সরকারি বাধানিষেধ আসলো একের পর এক। শেয়ারের দাম কমে গেল এবং প্রায় দুই মাস জ্যাক মাকে জনসমক্ষে দেখা যায়নি। প্রায় গায়েবই হয়ে গেছিলেন। চার বছর পর ২০২৫ সালে তাকে প্রথম কোনো বড় অনুষ্ঠানে জনসমক্ষে দেখা গেল। চীনের সরকারের নীতির সমালোচনা করা এই উদ্যোক্তা তখন ছিলেন প্রেসিডেন্টের পাশে। 

প্রেসিডেন্টে শি চিনপিংয়ের সাথে হাত মেলাতে দেখা যায় তাকে। এরপর বিভিন্ন সময়ে নানা গণমাধ্যমে জ্যাক মার উক্তি দেখা যায়, যেখানে তিনি চীনা সরকারের অর্থনৈতিক নীতির প্রশংসা করছেন। 

বার্তাটি স্পষ্ট ছিল- একজন যত বড় ধনকুবেরই হোক না কেন, সে কখনো পার্টির ওপরে উঠতে পারবেন না।

এটি চীনের অলিগার্কি দমনের উদাহরণ কিনা, সেই প্রশ্নে আসার আগে অন্যান্য দেশে কী হচ্ছে, তা নিয়ে আলোচনা করা যাক।

আলিবাবা, জ্যাক মা ফাউন্ডেশন ও অ্যান্ট গ্রুপের প্রতিষ্ঠাতা জ্যাক মা

বিশ্বে যেভাবে কাজ করে অলিগার্কি

অলিগার্কির আভিধানিক সংজ্ঞা হলো স্বল্পসংখ্যক মানুষের শাসন। অর্থাৎ এমন একটা শাসনব্যবস্থা, যেখানে অল্প কিছু ধনী মানুষ মিলে সিংহাসনে বসে। 

এই বিত্তবান গোষ্ঠীই সেখানে আইনকানুন তৈরি ও নীতিনির্ধারণ করে। এসব আইন আর নীতির উদ্দেশ্য মানুষের কল্যাণ করা না, বরং ধনী শাসকদের ধনসম্পদ আরও বাড়ানো। ঠিক ‘মগ যার, মুল্লুক তার’ না হলেও, বলা যায় ‘ধন যার, মুল্লুক তার’।

তবে আধুনিক বিশ্বে অলিগার্কি তার আভিধানিক সংজ্ঞা অনুযায়ী কাজ করে না। কারণ বেশিরভাগ দেশে প্রতিষ্ঠিত আছে গণতান্ত্রিক সরকার ব্যবস্থা। বিভিন্ন দেশে গণতান্ত্রিক প্রক্রিয়া কতটা সুষ্ঠু, তা নিয়ে বিতর্ক আছে, তবে কাগজে-কলমে হলেও বেশিরভাগ দেশে গণতান্ত্রিক সরকার ব্যবস্থাই আছে। 

গণতান্ত্রিক ব্যবস্থায় তো আর ধনীরা সরাসরি ক্ষমতার আসনে বসতে পারে না। এক্ষেত্রে ‘অলিগার্ক’ বলা হয় এমন ব্যক্তিকে, যে সরাসরি ক্ষমতার আসনে না থাকলেও, তার বিত্ত ব্যবহার করে রাজনীতিবিদদের ওপর প্রভাব খাটায়। টাকার জোরে তারা দেশের আইনের নানা ফাঁকফোঁকড় ব্যবহার করে, বা নতুন করে ফাঁকফোঁকড় তৈরি করে এবং আইনের উর্ধ্বে উঠে যায়।

উদাহরণ হিসেবে আগে বাংলাদেশের দিকেই তাকানো যাক। বাংলাদেশের যেকোনো সাধারণ মানুষ হয়তো মাসে এক লাখ টাকা বেতন পেলে বাসা ভাড়া করে কোনমতে সংসার টেনে কিছু টাকা জমাতে পারবেন। তবে ১ লাখ ৩৬ হাজার টাকা মাসিক বেতন নিয়ে লন্ডনে ৩৬০টা বাড়ি তৈরি করেছিলেন আওয়ামী লীগ আমলের ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী। এটি কেবল একটি উদাহরণ। 

২০২৪ সালের পটপরিবর্তনের পর আওয়ামী লীগ আমলে বছরে গড়ে ১৬ বিলিয়ন ডলার বিদেশে পাচার হওয়ার অভিযোগ এসেছে। শেখ পরিবারের সাথে ঘণিষ্ঠ ১০ ব্যবসায়ী গোষ্ঠীর বিরুদ্ধে অভিযোগ উঠেছে টাকা পাচারের। 

আইনকানুন ঘুড়িয়ে অবৈধ উপায়ে নিজেদের ধনসম্পদ বাড়ানোর একটা নজির দেখা যায় এখানে, যা আধুনিক অলিগার্কির মোক্ষম উদাহরণ।

বাংলাদেশের ’অলিগার্ক’ খ্যাত সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী

প্রাচীন গ্রিসে প্রথম অলিগার্কি নিয়ে আলোচনা হয়েছিল। এরপর আধুনিক বিশ্বে এই শব্দটি প্রথম আলোচনায় এসেছিল রাশিয়ায়। 

নব্বইয়ের দশকে সোভিয়েত ইউনিয়নের পতনের পর অর্থসংকটে পড়েছিল বোরিস ইয়েলৎসিনের সরকার। তারা তখন কয়েকজন ব্যবসায়ীর কাছ থেকে প্রায় ২ বিলিয়ন ডলার ধার নিল। জামানত হিসেবে তখন এই ব্যবসায়ীদের দেওয়া হলো রাষ্ট্রীয় মালিকানাধীন বিভিন্ন প্রতিষ্ঠানের শেয়ার। তাদের সমর্থনেই ইয়েলৎসিন দ্বিতীয়বার নির্বাচনে জিতলেন।

রাশিয়ার সাবেক অর্থমন্ত্রী ইয়েভগেনি ইয়াসিন তার বইতে লিখেছেন, এই ঋণ কখনো পুরোপুরি ফেরত দেওয়া হয়নি। সেই সরকারি প্রতিষ্ঠানের শেয়ার, যেগুলো জামানত হিসেবে দেওয়া হয়েছিল, তাও তাদের হাতেই আছে, এবং সরকারি এই প্রতিষ্ঠানগুলো কীভাবে চলবে তাতেও এইসব ব্যবসায়ীদের হাত আছে। 

উক্রেইনেও অলিগার্কির অস্তিত্ব নিয়ে অনেক আলোচনা হয়েছে। ২০২১ সালে প্রেসিডেন্ট জেলেনস্কি অ্যান্টি-অলিগার্ক আইনে সই করেছিলেন, যার আওতায় অলিগার্কদের একটা সরকারি তালিকা করা হয়, এবং তাদের থেকে সব ধরনের আর্থিক অনুদান রাজনৈতিক দলগুলোর জন্য নিষিদ্ধ ঘোষণা করা হয়।

তবে জেলেনস্কির নিজেরই ক্ষমতায় আসার পেছনে টিভি কোম্পানিগুলোর প্রভাবের বিষয় ছিল কিনা, তা নিয়েও আলোচনা আছে।

উক্রেইনের সাথে রাশিয়ার যুদ্ধ শুরু হওয়ার পর থেকে রাশিয়ার অলিগার্কদের বিরুদ্ধে অর্থনৈতিক নিষেধাজ্ঞার ক্যাম্পেইন চালিয়েছে যুক্তরাষ্ট্র। তবে যুক্তরাষ্ট্র নিজে যে যে অলিগার্কির আলোচনার বাইরে, তেমনটা না।

অলিগার্কি নিয়ে সবচেয়ে প্রভাবশালী গবেষণাটা চালিয়েছিলেন আমেরিকার দুইজন অধ্যাপক, মার্টিন গিলেন্স ও বেঞ্জামিন পেইজ। ১৯৮১ থেকে ২০০২ পর্যন্ত মার্কিন আইনসভার বিভিন্ন প্রস্তাব পর্যবেক্ষণ করে দেখেন যে, যে আইনগুলো পাস হয়, সেখানে সাধারণ মানুষের স্বার্থ কতটা প্রতিফলিত হয় আর বড় বড় ব্যবসায়ী গোষ্ঠীর স্বার্থ কতটা প্রতিফলিত হয়। 

তাদের গবেষণাপত্রে বলা হয়, যেসব আইন পাস হয়, বেশিরভাগ ক্ষেত্রেই সেখানে সবচেয়ে ধনী গোষ্ঠীগুলোর স্বার্থই বেশি প্রতিফলিত হয়। এর ওপর বর্তমান প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প নিজে একজন ধনকুবের এবং তার সাথে ইলন মাস্ক এবং মিডিয়া মোঘল রুপার্ট মার্ডকের মতো বিলিয়নেয়ারদের ঘণিষ্ঠতাও আমেরিকায় অলিগার্কির আলোচনাকে বেগ দিচ্ছে।  

আধুনিক গণতন্ত্রের শীর্ষ উদাহরণ ধরা হয় যুক্তরাষ্ট্রকে। সেখানেও যখন অলিগার্করা আইনের ওপর প্রভাব খাটাচ্ছেন, তখন প্রশ্ন আসে- তাহলে কি অলিগার্কি আধুনিক গণতন্ত্রের অনিবার্য সত্য? 

মানে, রাজনৈতিক দল আর রাজনীতিবিদদের তো তাদের ক্যাম্পেইনের জন্য টাকা লাগে, আর সেই টাকাটা যখন ব্যবসায়ীদের থেকে আসে, তখন কি বিভিন্ন নীতির ওপর ব্যবসায়ীদের প্রভাব পড়াটা অনিবার্য? 

চীনের অলিগার্কি দমনের ফর্মুলা

এসব প্রশ্নের মধ্যেই ভিন্ন এক চিত্র দেখা যাচ্ছে চীনে। জ্যাক মা এর কথাই ধরা যাক। তার মতো এত বড় বিলিয়নেয়ারও সরকারের ঊর্ধ্বে না। জ্যাক মা হয়ত অলিগার্ক না, বা আদৌ অলিগার্ক হতে চেয়েছিলেন কিনা, তা ভিন্ন প্রশ্ন। 

যেসব দেশে অলিগার্কি কিছুটা হলেও আছে, সেখানে সাধারণত বড় বিত্তবানরা নানাকিছু নিয়ে পার পেয়ে যান। তবে চীনে সরকার বিত্তবানদের ওপর তাদের আধিপত্য কায়েম করেছে সফলভাবে। 

অনেকে বলেন, বিশ্বের বিলিয়নেয়ারদের বড় একটি অংশ চীন থেকে আসলেও, এসব ধনকুবেরদের রাজনৈতিক প্রভাবকে সফলভাবে দমিয়ে রাখার কারণে, অলিগার্কিকে নিয়ন্ত্রণে রাখতে পেরেছে চীন। এর মূলে আছে কয়েকটা বিষয়।

চীনে কাগজে-কলমে কম্যুনিস্ট সরকার ব্যবস্থা বহাল আছে। তবে এর মানে এই না যে, সেখানে মুক্ত বাজার এবং বেসরকারি ব্যবসা নেই। বরং তা আছে ব্যাপকভাবেই। বিলিয়নেয়ারের সংখ্যার দিক দিয়ে বিশ্বের দ্বিতীয় অবস্থানে চীন। 

বেসরকারি খাতই চীনের ব্যাপক অর্থনৈতিক উন্নয়নের চালিকাশক্তিগুলোর একটি। শুধু তাই না, যুক্তরাষ্ট্রের ওপর নির্ভরতা কমিয়ে প্রযুক্তির দিক দিয়ে স্বাবলম্বী হওয়ার ক্ষেত্রেও চীন তার বেসরকারি খাতের ওপর নির্ভরশীল।

তবে চীনে রাজনীতির মূল বিষয় একটিই। তা হলো, সবকিছুর কেন্দ্রে কম্যুনিস্ট পার্টি এবং কম্যুনিস্ট পার্টির ঊর্ধ্বে না কেউ। 

বিভিন্ন জরিপে দেখা যায়, চীনের মোট জনসংখ্যার সাত পার্সেন্টই কম্যুনিস্ট পার্টি অব চায়নার সদস্য। শুধু তাই না, চীনের সবচেয়ে ধনী বেসরকারি উদ্যোক্তাদের এক তৃতীয়াংশই কম্যুনিস্ট পার্টির সদস্য।

তবে চীনে ব্যাপক উন্নয়ন থাকলেও, অর্থনৈতিক বৈষম্যও আছে, যা কম্যুনিজমের নীতির সাথে যায় না। এই অর্থনৈতিক বৈষম্য হ্রাস করতে প্রেসিডেন্ট শি চিনপিং ২০১৭ সালে ঘোষণা করেন ‘কমন প্রস্পেরিটি’ বা সামগ্রিক সমৃদ্ধির নীতি। এই নীতির কেন্দ্রীয় বিষয় হলো অর্থনৈতিক বৈষম্য দূর করা। 

ক্র্যাকডাউন শুরু হলো প্রাইভেট সেক্টরের ওপর। রিয়েল এস্টেট, শিক্ষা, প্রযুক্তি, বিনোদন, সব ক্ষেত্রেই ব্যাপকভাবে নজরদারি, কড়া নীতিমালা তৈরি হলো।

২০১৮ সালে পাস হলো ‘ন্যাশনাল সুপারভিশন ল’ বা জাতীয় পর্যবেক্ষণ আইন। এর অধীনে তৈরি হলো ‘লিউজি’ নামের এক ব্যবস্থা। এর আক্ষরিক অর্থ হলো ‘হেফাজতে রাখা’। কম্যুনিস্ট পার্টির দূর্নীতিগ্রস্ত সদস্যদের শাস্তি দেওয়ার ব্যবস্থা হিসেবে এসবের আবিষ্কার।

তবে ২০১৮ সালের আইন অনুযায়ী, বিভিন্ন রাষ্ট্রীয় কোম্পানি এবং প্রাইভেট সেক্টরের লোকজনের ওপরও প্রয়োগ করা হতে পারে এ্রই আইন।

বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, এই আইনে আটক ব্যক্তিকে আইনি প্রতিনিধিত্বের কোনো সুযোগ দেওয়া হয় না। আর আট মাস পর্যন্ত তাদের আটক রাখা হতে পারে এমন বদ্ধ ঘরে, যেখানে কোনো জানালা নেই এবং চব্বিশ ঘণ্টা আলো জ্বলে। বন্দিদের ওপর চালানো হয় সার্বক্ষণিক নজরদারি।

দ্য ইকোনমিস্টের প্রতিবেদন অনুযায়ী, ২০২৪ সালে প্রায় ৩৮ হাজার মানুষ এই ব্যবস্থায় আটক হন, যা আগের বছরের তুলনায় প্রায় ৫০ শতাংশ বেশি। 

সেই প্রতিবেদন অনুযায়ী, বিভিন্ন কোম্পানির ৩৯ জন কর্মকর্তা ২০২৫ সালে নিখোঁজ হন। ইকোনমিস্টের প্রতিবেদনে এমন অভিযোগও উঠে এসেছে যে, স্থানীয় সরকারগুলো আর্থিক টানাটানিতে পড়লে ধনী ব্যবসায়ীদের আটক করে তাদের সম্পদ বাজেয়াপ্ত করে নিজেদের কোষাগার ভারী করে।

এই ব্যবস্থায় ‘ন্যাশনাল সুপারভিশন কমিটি’ যাদের আটক করতে পারে, তাদের মধ্যে আছে কম্যুনিস্ট পার্টির সদস্য, সরকারি কর্মকর্তা-কর্মচারী, রাষ্ট্রীয় মালিকানাধীন কোম্পানির কর্মকর্তা-কর্মচারী, কোনো হাসপাতালের ম্যানেজার, স্কুলের কর্মচারী এবং প্রাইভেট সেক্টরের কর্মকর্তা-কর্মচারী। দূর্নীতি, নিজের দায়িত্বে অবহেলা এবং সরকারি ক্ষমতার অপব্যবহারের মতো অপরাধের জন্য তাদের ‘লিউজি’ ব্যবস্থায় আটক করার নিয়ম আছে ন্যাশনাল সুপারভিশন ল অনুযায়ী।

চীনের রাজনীতিতে সবকিছুর কেন্দ্রে কম্যুনিস্ট পার্টি, এবং সবকিছুর ঊর্ধ্বেও কম্যুনিস্ট পার্টি

এখানেই শেষ না। আছে ‘ক্রেডিট ব্ল্যাকলিস্ট’। এটি এমন এক ব্যবস্থা, যা চালু করা হয়েছিল মূলত ঋণখেলাপিদের শায়েস্তা করতে। এখন এই নীতি প্রযোজ্য ব্যবসায় ব্যর্থ উদ্যোক্তাদের ক্ষেত্রেও। 

ক্রেডিট ব্ল্যাকলিস্টের তালিকায় যাদের নাম আসে, তাদের জন্য এমন সব সেবা নিষিদ্ধ হয়ে যায়, সরকারের চোখে যা ‘হাই কনজাম্পশন অ্যাক্টিভিটিস’ বা অতিরিক্ত বিলাসী সেবা। এই সেবার তালিকায় পড়ে বিমানে চড়া, হাই স্পিড ট্রেনে ওঠা, বিলাসবহুল হোটেলে থাকা, এমনকি সন্তানদের দামী কোনো স্কুলে ভর্তি করানোর মতো বিষয়। 

ইকোনমিস্টের প্রতিবেদন অনুযায়ী, ২০২৫ সালের সেপ্টেম্বরের শেষ পর্যন্ত ক্রেডিট ব্ল্যাকলিস্টের তালিকায় যোগ হয় প্রায় ২ লাখ নাম। এমনকি চীনের একসময়কার সবচেয়ে ধনী ব্যক্তি ওয়াং জিয়ানলিনও কিছু সময়ের জন্য এই তালিকায় ছিলেন।

বিশেষজ্ঞরা মনে করেন, এইসব নীতির কারণেই চীনে ব্যবসায়ীরা অলিগার্ক হতে পারেন না। কারণ, একে তো ব্যবসায় এদিক সেদিক হলে বা কোনো নিয়মকানুন ভঙ্গ হলে নিজেকে আট মাসের জন্য একটা জানালাবিহীন বন্ধ ঘরে আবিষ্কার করার সম্ভাবনা আছেই, আরেকদিকে ব্যবসায় ব্যর্থ হলে বন্ধ হতে পারে প্লেনে চড়া, ট্রেনে চড়াসহ আরও অনেক সেবা।

অন্যান্য দেশ, যেখানে অলিগার্কি থাকার অভিযোগ আছে, সেখানে অলিগার্করা দেশের বিভিন্ন আইনকে ঘুড়িয়ে পেঁচিয়ে ফেলতে পারেন। তবে চীনে সবকিছুর কেন্দ্রে যেমন কম্যুনিস্ট পার্টি, তেমনি সবকিছুর ঊর্ধ্বেও কম্যুনিস্ট পার্টি। কারও রাজনৈতিক প্রভাবকে কখনো কম্যুনিস্ট পার্টির ওপরে উঠতে দেওয়া হয় না।