ভুটানে এশীয় আঞ্চলিক কেন্দ্র স্থাপনে প্রাথমিক অনুমোদন পেল বাইন্যান্স

ভুটানে নিয়ন্ত্রিত ডিজিটাল সম্পদ কার্যক্রম পরিচালনার জন্য নীতিগত অনুমোদন পেয়েছে বিশ্বের বৃহত্তম ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জ বাইন্যান্স।

বার্তা সংস্থা রয়টার্স বলছে, ২৭এ নভেম্বর শুক্রবার প্রতিষ্ঠানটি জানায়, ভুটানের গেলেফু কেন্দ্রীয় ব্যাংক তাদের অনুমোদন দিয়েছে। আগামী বছর এশিয়ার পাঁচটি বাজারে কার্যক্রম সম্প্রসারণের পরিকল্পনার অংশ হিসেবে এ উদ্যোগ নিয়েছে প্রতিষ্ঠানটি।

এক বিবৃতিতে বাইন্যান্স জানায়, নীতিগত অনুমোদন প্রাথমিক পদক্ষেপ মাত্র। এটি পূর্ণাঙ্গ লাইসেন্স নয়। নিয়ন্ত্রিত কার্যক্রম শুরু করার আগে গেলেফু কেন্দ্রীয় ব্যাংকের নির্ধারিত শর্তগুলো পূরণ করতে হবে।

নভেম্বরের শুরুতে বাইন্যান্সের এশিয়া-প্যাসিফিক অঞ্চলের প্রধান এসবি সেকার রয়টার্সকে বলেছিলেন, “এশিয়ায় অন্তত পাঁচ থেকে ছয়টি বাজারে কার্যক্রম সম্প্রসারণের বিষয়ে আলোচনা চলছে। এর মধ্যে তিনটি বাজারে আলোচনা বেশ অগ্রসর পর্যায়ে রয়েছে।”

তবে কোন কোন দেশে কার্যক্রম সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে, তা নির্দিষ্ট করে জানাননি সেকার। বর্তমানে ১৫টি বাজারে পরিচালন লাইসেন্স রয়েছে বাইন্যান্সের।

শুক্রবারের বিবৃতি অনুযায়ী, ভুটানে বিন্যান্সের কার্যক্রমের মধ্যে স্থানীয়ভাবে জনবল নিয়োগ এবং ডিজিটাল সম্পদ খাতে বিনিয়োগও থাকবে।

গত মাসে বাইন্যান্সের প্ল্যাটফর্মে বড় ধরনের নিরাপত্তা লঙ্ঘনের ঘটনা ঘটে। যুক্তরাষ্ট্রের কর্তৃপক্ষ এ সাইবার হামলার সঙ্গে উত্তর কোরিয়ার সংশ্লিষ্টতা রয়েছে বলে জানিয়েছে। এতে ৬৩০ কোটি ডলারের ক্রিপ্টোকারেন্সি চুরি হয়। এ ঘটনার পর টানা দুই দিন ব্যবহারকারীরা অর্থ উত্তোলন করতে পারেননি।