সৌদি আরবের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় সহযোগিতার বিষয়ে আবারও অঙ্গীকার করেছে পাকিস্তান ও তুরস্ক। তিন দেশের জ্যেষ্ঠ সরকারি ও প্রতিরক্ষা কর্মকর্তারা ইয়েমেনের হুথি বিদ্রোহীদের সৌদি আরবে অব্যাহত হামলার নিন্দা জানিয়েছেন।
আল জাজিরার প্রতিবেদন বলছে, ২৭এ নভেম্বর শুক্রবার পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে মক্কা প্রতিরক্ষা চুক্তির আওতায় তিন দেশের কৌশলগত রাজনৈতিক ও প্রতিরক্ষা কমিটির বৈঠকের পর এক বিবৃতিতে এ কথা জানানো হয়।
প্রায় আড়াই ঘণ্টার বৈঠক শেষে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার গণমাধ্যমে বলেন, “কৌশলগত রাজনৈতিক ও প্রতিরক্ষা কমিটির বৈঠকে আঞ্চলিক নিরাপত্তা নিয়ে আলোচনা হয়েছে। একই সঙ্গে আঞ্চলিক শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য তিন দেশের সম্মিলিতভাবে কাজ চালিয়ে যাওয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়েছে।”
তিনি আরও বলেন, “সৌদি আরবের বেসামরিক নাগরিক ও বেসামরিক অবকাঠামো লক্ষ্য করে হুথি মিলিশিয়াদের অব্যাহত ও নৃশংস হামলার তীব্র নিন্দা জানিয়েছে তিন দেশের প্রতিনিধিরা।”
ইসহাক দার বলেন, “মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তির সম্মিলিত প্রতিরক্ষা সংক্রান্ত বিধান অনুযায়ী, সৌদি আরবের নিরাপত্তা, সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষায় দেশটিকে সহযোগিতা করার প্রচেষ্টা অব্যাহত রাখা এবং আরও জোরদার করার বিষয়ে তিন দেশ তাদের সম্মিলিত অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে।”
অন্যদিকে সৌদি প্রেস এজেন্সির (এসপিএ) তথ্য অনুযায়ী, এ বৈঠকে সৌদি প্রতিনিধি দলের নেতৃত্ব দেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী প্রিন্স খালিদ বিন সালমান। বৈঠকে তিন দেশের প্রতিরক্ষামন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী, সামরিক বাহিনীর প্রধান এবং জ্যেষ্ঠ কর্মকর্তারা অংশ নেন।
গালফ নিউজের প্রতিবেদন বলছে, পাকিস্তানের প্রতিরক্ষা বাহিনীর প্রধান ও সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের সঙ্গে বৈঠক করেছেন প্রিন্স খালিদ বিন সালমান। ওই বৈঠকে নিরাপত্তা বিষয়ক চ্যালেঞ্জ মোকাবিলায় সামরিক ও প্রতিরক্ষা সক্ষমতা বাড়ানোর বিষয়ে আলোচনা হয়।