সাইবার হামলার শিকার হয়েছে আন্তর্জাতিক সংবাদ সংস্থা এজেন্স ফ্রান্স প্রেস (এএফপি)। হামলার পর সংস্থাটি তাদের কনটেন্ট প্লাটফর্ম 'এএফপি ফোরাম প্ল্যাটফর্ম' বন্ধ করে দিয়েছে। বৃহস্পতিবার প্যারিসের স্থানীয় সময় রাত দেড়টার দিকে এ হামলা শুরু হয় বলে এএফপির পক্ষ থেকে জানানো হয়।
আল-জাজিরার প্রতিবেদন বলছে, হামলার লক্ষ্য ছিল এএফপি ফোরাম। অনাকাঙ্ক্ষিত অনুপ্রবেশ শনাক্ত হওয়ার পরপরই সংস্থাটির টেকনিকাল টিম সাইবার হামলা নিয়ন্ত্রণে কাজ শুরু করে এবং সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে প্ল্যাটফর্মটি বন্ধ করে দেয়।পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এটি বন্ধ থাকার কথা জানানো হয়েছে। এ সময় গ্রাহকদের বিকল্প ব্যবস্থায় কনটেন্ট সরবরাহ করছে এএফপি। হামলার পরিস্থিতি এবং এর পেছনে কারা জড়িত, তা তদন্ত করছে সংস্থাটি।
এদিকে, ফ্রান্সের সাইবার নিরাপত্তা প্রধান ভিনসেন্ট স্ট্রুবেল সতর্ক করে বলেছেন, দেশটি নজিরবিহীন মাত্রার সাইবার নিরাপত্তা হুমকির মুখে রয়েছে। বৃহস্পতিবার ফ্রান্স ইন্টার রেডিওকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, আগে কখনো এমন তীব্র সাইবার হুমকির মুখে পড়তে হয়নি ফ্রান্সকে। এ ধরনের হামলা মোকাবিলায় সম্মিলিতভাবে প্রতিরক্ষা ব্যবস্থা জোরদারের আহ্বান জানিয়েছেন তিনি।
আল জাজিরার তথ্য অনুযায়ী, ইউরোপের বিভিন্ন দেশে সাম্প্রতিক সাইবার হামলার ধারাবাহিকতায় এএফপির ওপর এই হামলা ঘটল। বৃহস্পতিবার সুইজারল্যান্ডের জুরিখভিত্তিক আন্তর্জাতিক ফুটবল সংস্থা ফিফাও সাইবার হামলার শিকার হওয়ার কথা নিশ্চিত করে। এতে সংস্থাটির ব্যক্তিগত ও ব্যবসায়িক তথ্যে অননুমোদিত প্রবেশের সুযোগ তৈরি হয়।
এই বছরের অক্টোবরে ফ্রান্সের কয়েকটি সুপারমার্কেটও সাইবার হামলার শিকার হয়। এতে দোকানগুলোর ফ্রিজ ও ফ্রিজারের তাপমাত্রা বেড়ে সর্বোচ্চ ৫০ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছায়। নভেম্বরের শুরুতে যুক্তরাজ্য, জার্মানি, বেলজিয়াম ও সুইডেনসহ ইউরোপের আরও ১০টি দেশের দোকানেও একই ধরনের তাপমাত্রা বৃদ্ধির ঘটনা রেকর্ড করা হয়। এসব ঘটনা ইউরোপজুড়ে সাইবার নিরাপত্তা ঝুঁকির ধারাবাহিকতা তুলে ধরছে।