ড্রোন হামলা কুয়েতে, মারা গেল ইতালির নাগরিক

কুয়েতে ড্রোন হামলায় দুই ইতালীয় নাগরিক নিহত হয়েছেন। এ ঘটনায় ইরানকে কুয়েত ও ইতালি দায়ী করলেও তা অস্বীকার করেছে তেহরান। বৃহস্পতিবার কুয়েতের একটি গুরুত্বপূর্ণ স্থাপনায় এই হামলা হয় বলে বিবিসির প্রতিবেদনে জানানো হয়েছে।

নিহত দুই ব্যক্তি জার্মান অস্ত্র প্রস্তুতকারী প্রতিষ্ঠান রাইনমেটাল-এর টেকনিশিয়ানের কাজ করতেন। তারা কুয়েতের সশস্ত্র বাহিনীর আকাশ প্রতিরক্ষাব্যবস্থার রক্ষণাবেক্ষণ ও কারিগরি সহায়তার দায়িত্বেও ছিলেন।`

কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ইরান থেকে আসা বেশ কয়েকটি ড্রোন শনাক্ত করে তা ধ্বংস করা হয়। এ সময় ড্রোনের ধ্বংসাবশেষে পড়ে পড়ে চারজন আহত হন। তাদের মধ্যে দুই ইতালীয় নাগরিক ছাড়াও একজন কুয়েতি ও একজন পাকিস্তানি নাগরিক ছিলেন। পরে ওই দুই ইতালীয় নাগরিকের মৃত্যুর খবর নিশ্চিত করে কুয়েতের সেনাবাহিনী।

হামলার অভিযোগ অস্বীকার করে ঘটনাটিকে ‘সন্দেহজনক’ হিসাবে উল্লেখ করেছে ইরান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেছেন, হামলার কারণ জানতে কুয়েত ও ইতালির সঙ্গে কাজ করবে তেহরান। দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা বলে নিহতদের জন্য শোক প্রকাশ করেছেন তিনি। ইরানের সশস্ত্র বাহিনীর মুখপাত্রও কোনো ধরনের সামরিক বা আক্রমণাত্মক অভিযান চালানো হয়নি বলে জানিয়েছেন।

অন্যদিকে, ইতালির পররাষ্ট্রমন্ত্রী এন্তোনিও তাজানি দেশটির সংবাদমাধ্যমকে জানিয়েছেন, “তদন্তে হামলায় ব্যবহৃত ড্রোনটি ইরানে তৈরি।” এ অঞ্চলে ইরানের সমর্থনপুষ্ট গোষ্ঠীগুলোও বিভিন্ন হামলায় জড়িত বলে উল্লেখ করেছেন তিনি।

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরানে হামলার মধ্য দিয়ে শুরু হওয়া সংঘাত এখনো থামেনি। ইরানও ইসরায়েলসহ উপসাগরীয় অঞ্চলের বিভিন্ন দেশে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। অন্যদিকে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সাম্প্রতিক পাল্টাপাল্টি হামলা এবং আলোচনা থমকে যাওয়ায় সংঘাত আরও ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে।

জার্মান প্রতিষ্ঠান রাইনমেটাল এক বিবৃতিতে জানিয়েছে, নিহত দুই কর্মী আকাশ প্রতিরক্ষাব্যবস্থায় কারিগরি সহায়তা দেওয়ার সময় দায়িত্ব পালন করছিলেন। তাদের মৃত্যুতে প্রতিষ্ঠানটির কর্মকর্তা ও কর্মীরা গভীরভাবে শোকাহত।

ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি এক্স পোস্টে নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। অন্যদিকে, উপসাগরীয় অঞ্চলের দেশগুলোর ওপর হামলা বন্ধ করতে ইরানের ওপর চাপ বাড়াতে হবে বলে মন্তব্য করেছেন ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লেয়েন।