ইন্দোনেশিয়ায় ক্যান্ডি বানানোর ফ্যাক্টরিতে আগুন, ২৪ জনের প্রাণহানি

ইন্দোনেশিয়ায় একটি ক্যান্ডি বানানোর ফ্যাক্টরিতে আগুনে লেগে ২৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় এখনো প্রায় ৩০ জন নিখোঁজ আছেন। তাদের উদ্ধারে অভিযান চালাচ্ছেন দেশটির উদ্ধারকর্মীরা।

সোমবার উদ্ধার অভিযান চলার সময় ভবনটির ঝুঁকিপূর্ণ কাঠামো ও আগুনের অবশিষ্ট তাপের কারণে কাজ ব্যাহত হচ্ছে।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন বলছে, শনিবার সন্ধ্যায় রাজধানী জাকার্তা থেকে প্রায় এক ঘণ্টার দূরত্বে বানতেন প্রদেশের চিকান্দে এলাকায় পিটি ফনুসা আগুং মুলিয়া নামে একটি ক্যান্ডি বানানোর কারখানায় আগুন লাগে।

ইন্দোনেশিয়ার প্রেসিডেন্টের শ্রমবিষয়ক উপদেষ্টা সাঈদ ইকবাল জানিয়েছেন, এ ঘটনায় ২৪ জনের মৃত্যু হয়েছে। ফ্যাক্টরিটিতে নিরাপত্তাব্যবস্থা যথাযথভাবে মানা হয়েছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। এ বিষয়ে কারখানাটির প্রধান নির্বাহী কর্মকর্তাকে তলব করা হবে।

সাঈদ জানান, প্রাথমিকভাবে শীতাতপনিয়ন্ত্রণ যন্ত্রের বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে এর আসল কারণ জানতে তদন্ত চলছে বলেও জানান তিনি।

বানতেন সার্চ অ্যান্ড রেসকিউ এজেন্সির প্রধান আল আমরাদ জানান, এ পর্যন্ত ২৯ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে পাঁচজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ছাড়া ঘটনাস্থল থেকে ২৪টি মরদেহের ব্যাগ সরানো হয়েছে। তবে আগুনে মরদেহগুলো পুড়ে যাওয়ায় তাদের পরিচয় শনাক্ত করা কঠিন হয়ে পড়েছে। নিহতদের পরিচয় নিশ্চিত করতে স্বজনদের ডিএনএ স্যাম্পল সংগ্রহ করা হচ্ছে। এ প্রক্রিয়ায় কয়েক সপ্তাহ সময় লাগতে পারে।

এ পর্যন্ত ২৯ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে পাঁচজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ফ্যাক্টরির প্রধান নির্বাহী স্টিভেন আরউইন উইজায়ার তথ্য অনুযায়ী, শনিবারের ফ্যাক্টরির কমপ্লেক্সে প্রায় ৩০০ কর্মী উপস্থিত ছিলেন। ফ্যাক্টরিটির মালিকানাধীন প্রতিষ্ঠান ইউনাইটেড ফ্যামিলি ফুডে সব মিলিয়ে প্রায় পাঁচ হাজার কর্মী কাজ করেন।

আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী, দেশটিতে ২০২৫ সালের ডিসেম্বরে জাকার্তার একটি অফিস ভবনে আগুন লেগে অন্তত ২২ জন নিহত হন। ২০২৩ সালে সুলাওয়েসি দ্বীপে একটি নিকেল প্রক্রিয়াজাতকরণ কারখানায় বিস্ফোরণে প্রাণ হারান অন্তত ১৩ জন।