জেপিমরগান, ভিসা ও মাস্টারকার্ডে সাইবার হামলা

যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় ব্যাংক জেপিমরগান চেইজসহ ভিসা ও মাস্টারকার্ডের থার্ড পার্টির সেবাদাতা প্রতিষ্ঠানগুলো সাইবার হামলার শিকার হয়েছে। প্রকাশিত তথ্যে হাজারো গ্রাহকের ই-মেইল ঠিকানা, ফোন নাম্বার ও বিপণনসংক্রান্ত তথ্য রয়েছে। তবে প্রতিষ্ঠানগুলো জানিয়েছে, তাদের মূল লেনদেন ব্যবস্থা বা পেমেন্ট নেটওয়ার্কে এর কোনো প্রভাব পড়েনি।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, ‘এনজিরোএন’ নামের একটি ‘সাইবার এক্সটর্শন গ্রুপ’ ১৬ই নভেম্বর এসব প্রতিষ্ঠানের তথ্য হাতিয়ে নেওয়ার দাবি জানায়। রয়টার্সের অনুসন্ধানে জেপিমরগানের তথ্যের মধ্যে ১৬ হাজারের বেশি গ্রাহকের ই-মেইল ঠিকানা এবং ১২৪ জন ব্যাংক কর্মকর্তার ই-মেইল ঠিকানা পাওয়া গেছে। কিছু তথ্যের সঙ্গে ফোন নাম্বার ও ডাক ঠিকানাও রয়েছে। তবে প্রকাশিত তথ্যের সত্যতা স্বাধীনভাবে যাচাই করতে পারেনি রয়টার্স।

জেপিমরগান জানিয়েছে, থার্ড পার্টি সেবাদাতাদের কাছে থাকা কিছু বিপণন তথ্য হামলাকারীরা হাতিয়ে নিয়ে থাকতে পারে। এসব তথ্যের মধ্যে গ্রাহকদের নাম ও ই-মেইল ঠিকানাও রয়েছে। ক্ষতিগ্রস্ত গ্রাহকদের সরাসরি বিষয়টি জানানো হবে। তবে সপ্তাহের শুরুতে সফটওয়্যারের ত্রুটির কারণে ব্যাংকটির লেনদেনে যে সমস্যা হয়েছিলো, তার সঙ্গে এই সাইবার হামলার কোন সম্পর্ক নেই।

ভিসার মুখপাত্র জানিয়েছে, এশিয়া-প্যাসিফিক অঞ্চলের একটি থার্ড পার্টিকে  সেবা দেওয়া প্রতিষ্ঠানে এ ঘটনা ঘটেছে। প্রকাশিত তথ্যের মধ্যে বিভিন্ন দেশের গ্রাহকদের ই-মেইল ঠিকানা, ফোন নাম্বার ও বিপণন কার্যক্রমের তথ্য রয়েছে। অন্যদিকে, মাস্টারকার্ড জানিয়েছে, তাদের নির্দিষ্ট সুবিধা কর্মসূচির আওতায় থাকা সীমিতসংখ্যক গ্রাহকের ই-মেইল ঠিকানা ফাঁস হয়েছে। তবে কোনো প্রতিষ্ঠানেরই কার্ড নাম্বার বা লেনদেনের ক্ষেত্রে কোন তথ্য ক্ষতিগ্রস্ত হয়নি বলে দাবি করেছে তারা।

ঘটনাগুলোতে সরাসরি মূল ব্যাংকিং বা পেমেন্ট ব্যবস্থা আক্রান্ত না হলেও মুলত থার্ড পার্টির মাধ্যমে গ্রাহকদের তথ্য ফাঁসের ঝুঁকির বিস্ময়টি সামনে এসেছে। কারণ এসব প্রতিষ্ঠানের সেবাদাতাদের কাছে গ্রাহকদের ব্যক্তিগত ও বিপণনসংক্রান্ত তথ্য সংরক্ষিত থাকে। পরামর্শক প্রতিষ্ঠান সলোমনএডওয়ার্ডসের

ব্যাংকিং এন্ড ফাইন্যানশিয়াল সার্ভিসেস-এর ম্যানেজিং পার্টনার কারিসা রবের মতে, “সাইবার হামলার ঘটনায় গ্রাহকেরা ব্যাংক ও তাদের সেবাদাতা প্রতিষ্ঠানের মধ্যে পার্থক্য করেন না। ফলে এ ধরনের ঘটনা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সুনামের ওপরও প্রভাব ফেলতে পারে।“

এদিকে, জেপিমরগানের লেনদেন সমস্যার পর যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয় এবং ব্যাংক নিয়ন্ত্রক সংস্থা অফিস অব দ্য কম্পট্রোলার অব দ্য কারেন্সি (ওসিসি) বিভিন্ন ব্যাংকের কাছে ঘটনার প্রভাব ও গ্রাহকদের সঙ্গে যোগাযোগের বিষয়ে জানতে চেয়েছে যে, ওই সমস্যা সাইবার হামলার কারণে ঘটেছে কি না।

ই-ক্রাইম ডটসিএইচের তথ্য অনুযায়ী, গত সেপ্টেম্বরে আত্মপ্রকাশের পর থেকে ‘এনজিরোএন’ গোষ্ঠীটি প্রায় ২০০টি সাইবার হামলার দাবি করেছে।