বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি। এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশন, অ্যাপেক-এর ৩৩তম শীর্ষ সম্মেলনের ফাঁকে চীনের শেনজেনে একই টেবিলে বসলেন ডনাল্ড ট্রাম্প, শি জিনপিং ও ভ্লাদিমির পুতিন। তিন পরাশক্তির এই নেতাদের এমন ত্রিপক্ষীয় বৈঠক এর আগে কখনও হয়নি।
নব্বই মিনিটের এই বৈঠক শেষে একটি যৌথ ঘোষণাও আসে। সেখানে জাতিসংঘ সংস্কার, জ্বালানি সরবরাহ বাড়ানো এবং পারমাণবিক ঝুঁকি কমাতে সংলাপ চালিয়ে যাওয়ার কথা বলা হয়েছে।
বৈঠক নিয়ে তিন নেতার বক্তব্যও ছিল বেশ আশাবাদী। ট্রাম্প বলেছেন, তারা তিনজন “ইতিহাস গড়ছেন”। পুতিনের ভাষায়, কূটনীতির ইতিহাসে এটি “একটি নতুন অধ্যায়ের সূচনা”। শি জিনপিং বলেন, বিশ্বশান্তি রক্ষায় এই তিনটি দেশের “দৃষ্টিভঙ্গি অভিন্ন”।
আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) এবং এই ধরনের সংস্থাগুলো যেন নিজেদের এখতিয়ারের অপব্যবহার না করে, সেই বিষয়েও তারা একমত হয়েছেন। আলোচনায় ছিল সাথে উক্রেইন-রাশিয়া যুদ্ধ এবং মধ্যপ্রাচ্য পরিস্থিতিও।
কিন্তু কূটনীতিতে ঘোষণা আর বাস্তবায়নের মধ্যে দূরত্ব অনেক। বিশেষ করে, যখন আলোচনায় বসা তিনটি দেশের স্বার্থ অনেক ক্ষেত্রেই পরস্পরবিরোধী। ফলে বৈঠকটি কতটা কার্যকর হবে, তা বোঝার জন্য ঘোষণার চেয়ে পরবর্তী পদক্ষেপের দিকে তাকাতে হবে। প্রশ্ন হচ্ছে, শেনজেনের এই বৈঠকের পর বাস্তবে কী বদলাতে পারে?
জাতিসংঘ সংস্কার: পরিবর্তন নাকি ক্ষমতা ধরে রাখার চেষ্টা
দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর গঠন হওয়া জাতিসংঘের প্রভাব যে আর আগের মতো নেই, তা নতুন করে বলার কিছু নেই। বড় কোনো আন্তর্জাতিক সংকটে সংস্থাটির ভূমিকা অনেক সময়ই সীমিত। আর এর একটি বড় কারণ নিরাপত্তা পরিষদের ভেটো ব্যবস্থা।
নিরাপত্তা পরিষদের পাঁচ স্থায়ী সদস্য—চীন, ফ্রান্স, রাশিয়া, যুক্তরাজ্য ও মার্কিন যুক্তরাষ্ট্র, যাদের ‘পি ফাইভ’ বলা হয়, তারা যেকোনো গুরুত্বপূর্ণ প্রস্তাবে ভেটো দিতে পারে। ফলে অধিকাংশ দেশের সমর্থন থাকলেও এই পাঁচ দেশের কোনও একটি আপত্তি তুললে প্রস্তাব আটকে যেতে পারে।
১৯৪৫ সালে জাতিসংঘ প্রতিষ্ঠার পর থেকে নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যপদ নিয়ে কোনও পরিবর্তন আসে নাই। অথচ এর মধ্যে বিশ্বরাজনীতির ক্ষমতার ভারসাম্য অনেক বদলেছে। ভারত, ব্রাজিল, জার্মানি, জাপান ও আফ্রিকার দেশগুলো দীর্ঘদিন স্থায়ী প্রতিনিধিত্বের দাবি জানিয়ে আসছে। তাদের যুক্তি, নিরাপত্তা পরিষদে বিশ্বের রাজনৈতিক ও অর্থনৈতিক বাস্তবতার যথাযথ প্রতিফলন নেই।অন্যদিকে, আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)- এর প্রতি বড় শক্তিগুলোর অবস্থান অনেকটাই তাদের নিজেদের স্বার্থের ওপর নির্ভর করে। যুক্তরাষ্ট্র আইসিসির এখতিয়ার স্বীকার করে না। মার্কিন ও ইসরায়েলি নাগরিকদের বিরুদ্ধে তদন্ত ও গ্রেপ্তারি পরোয়ানা জারির প্রতিবাদে নিষেধাজ্ঞাও দিয়েছে ওয়াশিংটন।
রাশিয়ার অবস্থান আরও জটিল। উক্রেইনে যুদ্ধাপরাধের অভিযোগে পুতিনের বিরুদ্ধে আইসিসির গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। ফলে আইসিসির সদস্য দেশগুলোতে গেলে তাকে গ্রেপ্তারের আইনি ঝুঁকিতে পড়তে হতে পারে। অন্যদিকে, চীনও আইসিসির বাধ্যতামূলক এখতিয়ারের বিষয়ে বেশ সতর্ক ও কৌশলী। দেশটি সাধারণত রাষ্ট্রীয় সার্বভৌমত্ব ও দ্বিপাক্ষিক আলোচনার ওপর গুরুত্ব দেয়, তবে বাণিজ্যিক স্বার্থ ও পরামর্শমূলক কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণ করে।
এই বাস্তবতায় তিন নেতা যখন আন্তর্জাতিক সংস্থাগুলোর সংস্কারের কথা বলছেন, তখন প্রশ্ন উঠছে সেই সংস্কার আসলে কাদের স্বার্থে হবে?
সংস্কারের লক্ষ্য যদি হয় নিজেদের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাকে আরও জোরালো করা, তাহলে জাতিসংঘের কাঠামো বদলালেও কোনও কিছুর পরিবর্তন হবে না। অন্যদিকে, ভেটো-ব্যবস্থার সীমাবদ্ধতা কমানো এবং নিরাপত্তা পরিষদের নতুন দেশকে জায়গা দেওয়ার বিষয়ে সত্যিই তারা উদ্যোগী হয়, তাহলে তা এই দশকের সবচেয়ে বড় কূটনৈতিক অগ্রগতি হতে পারে।
এখন পর্যন্ত যৌথ ঘোষণায় এই বিষয়ে সুনির্দিষ্ট কোনও প্রস্তাব নেই, তাই সংস্কারের কথা বলা হলেও কোন পথে এগোতে চান এই তিন নেতা, সেটি পরিষ্কার নয়।
পারমাণবিক অস্ত্র, জ্বালানি নিরাপত্তা ও ইরান
চলতি বছরের ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যকার সর্বশেষ পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তি ‘নিউ স্টার্ট’-এর মেয়াদ শেষ হয়েছে। ফলে দুই দেশের নতুন করে অস্ত্র প্রতিযোগিতার আশঙ্কা তৈরি হয়েছে। একই সময়ে চীনের পারমাণবিক সক্ষমতাও বেড়েছে। বিশ্বের মোট পারমাণবিক অস্ত্রের প্রায় ৯১ শতাংশ এই তিন দেশের হাতে।
শেনজেন বৈঠকে তিন নেতা বলেছেন, পারমাণবিক যুদ্ধে “কেউ জয়ী হতে পারে না” এবং এমন যুদ্ধ “কখনোই লড়া উচিত নয়”। পারমাণবিক অস্ত্রের বিস্তার রোধ এবং ঝুঁকি কমাতে নিয়মিত আলোচনা চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেছেন। তবে এই সংলাপের কোনো নির্দিষ্ট সময়সীমা, অস্ত্রের সংখ্যা সীমিত করা বা পরবর্তী বৈঠকের বিষয়ে সুনির্দিষ্ট রূপরেখা ঘোষণাপত্রে নেই।
বৈঠকের আগেই অবশ্য এক সিনিয়র মার্কিন কর্মকর্তা বলেছিলেন, কোনো ধরনের চুক্তিতে পৌঁছানোর প্রত্যাশা তাদের নেই। বরং তিন দেশের মধ্যে যোগাযোগ শুরু করা এবং ঝুঁকি কমানোর উপায় খোঁজাই ছিল তাদের মূল উদ্দেশ্য।
তবে দীর্ঘদিন ধরে একে অপরের সঙ্গে বিরোধে থাকা তিন দেশের নেতারা সরাসরি পারমাণবিক ঝুঁকি নিয়ে কথা বলছেন, এটিও গুরুত্বপূর্ণ। ট্রাম্প আগেও তিন দেশের সামরিক বাজেট অর্ধেক করার এবং পারমাণবিক নিরস্ত্রীকরণ নিয়ে আলোচনা প্রস্তাব দিয়েছিলেন। শেনজেনে বৈঠকের পর সেগুলো কোনও বাস্তব রূপ নেয় কি-না, সেটিই এখন দেখার বিষয়।
জ্বালানি নিরাপত্তার ক্ষেত্রেও একই অবস্থা। বৈশ্বিক সংঘাত এবং সরবরাহ রুটে বিঘ্ন ঘটার কারণে তেলের বাজারে অনিশ্চয়তা বাড়ছে। এই পরিস্থিতিতে তিন নেতা পরিশোধিত পেট্রোলিয়াম পণ্যের উৎপাদন ও নিরবচ্ছিন্ন সরবরাহ বাড়ানোর বিষয়ে একমত হয়েছেন।
কিন্তু এখানেও বিস্তারিত কিছু নেই। কী পরিমাণ উৎপাদন বাড়ানো হবে বা কবে থেকে ও কী করে তা কার্যকর হবে, কিছু স্পষ্ট করা হয়নি। তবে আপাতত এটিকে একটি ইতিবাচক বার্তা হিসাবে দেখা যায়। বাস্তবে তা তেলের সরবরাহ ও দামে কতটা প্রভাব ফেলবে, তা পুরোপুরি নির্ভর করে পরবর্তী পদক্ষেপের ওপর।
আর এর পেছনে কাজ করেছে এই তিন দেশের স্বার্থের মধ্যে তফাৎ। যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে দীর্ঘ ও ব্যয়বহুল সংঘাত থেকে বেরিয়ে আসার পথ খুঁজছে। অন্যদিকে, ইরানের তেলের প্রধান ক্রেতা চীন। তাই পারস্য উপসাগরীয় অঞ্চল থেকে জ্বালানি সরবরাহ সচল রাখাও বেইজিংয়ের জন্য জরুরি। ফলে ইরান প্রশ্নে তিন দেশের মধ্যে অভিন্ন অবস্থান তৈরি হওয়া সহজ নয়।
রাশিয়া-উক্রেইন যুদ্ধ: ইউরোপ কি আবারও বাইরে?
অ্যাপেকের সম্মেলন হলেও শেনজেনে ট্রাম্প, শি ও পুতিনের বৈঠকই ছিল সবচেয়ে বেশি আলোচনায়।বিশেষ করে, উক্রেইন যুদ্ধের ভবিষ্যত নিয়ে ইউরোপের উদ্বেগ আবারও সামনে এসেছে।
ট্রাম্প পুতিনকে “বন্ধু” হিসেবে সম্বোধন করায় ইউরোপের কয়েকটি দেশের নেতারা নারাজ।
পোল্যান্ডের প্রধানমন্ত্রী ডনাল্ড টাস্ক তার এক্স হ্যান্ডেলে বলেছেন, “ঈশ্বর, এমন বন্ধুদের থেকে আমাদের রক্ষা করো!”। জার্মানির চ্যান্সেলর ফ্রিডরিখ মেরৎস আশা করেছেন ট্রাম্প তাদের জন্য কোনও “বিস্ময়” নিয়ে হাজির হবেন না।
অবশ্য চীন সফরের পাশাপাশি উক্রেইন নিয়ে ইউরোপের সঙ্গে আলোচনার পথও খোলা রেখেছে ওয়াশিংটন। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল-জাজিরা এক মার্কিন কর্মকর্তার বরাতে জানিয়েছে, মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনারের বার্লিনে হতে যাওয়া ‘মেগা সামিটে’ উক্রেইনীয় কর্মকর্তা এবং ইউরোপীয় মিত্রদের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে। সেখানে যুদ্ধ-পরবর্তী নিরাপত্তার নিশ্চয়তা এবং উক্রেইনের অর্থনৈতিক পুনর্গঠন নিয়ে আলোচনা হওয়ার কথা।
অর্থাৎ, চীনে তিন নেতার বৈঠক এবং বার্লিনে ইউক্রেন ও ইউরোপীয় প্রতিনিধিদের সঙ্গে মার্কিন কর্মকর্তাদের আলোচনা একই কূটনৈতিক উদ্যোগের অংশ হতে পারে। কিন্তু ইউরোপের উদ্বেগ তাতে কমছে না।
ইউরোপীয় নেতারা বারবার বলে আসছেন যে, উক্রেইনের ভবিষ্যত নিয়ে কোনও সিদ্ধান্ত হলে সেই আলোচনার টেবিলে তাদের জন্য জায়গা রাখতে হবে। শেনজেনের বৈঠকে নিজেদের কোনও প্রতিনিধি না থাকাটা তাই ইউরোপের কাছে স্বস্তিদায়ক ছিল না।
শেনজেনে ইউরোপকে বাইরে রাখা তাই স্বাভাবিকভাবেই তাদের ১৯৪৫ সালে ইয়াল্টা সম্মেলনের কথা মনে করিয়ে দেয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষ পর্যায়ে ফ্র্যাংকলিন রুজভেল্ট, উনস্টন চার্চিল এবং জোসেফ স্তালিন যুদ্ধ পরবর্তী বিশ্বব্যবস্থা নিয়ে আলোচনায় বসেছিলেন। যেখানে ইউরোপের ভবিষ্যত নির্ধারণে বড় ভূমিকা রেখেছিল তখনকার এই তিন পরাশক্তি।
পোল্যান্ডের মতো দেশের ভাগ্য নিয়েও সিদ্ধান্ত হয়েছিল, অথচ দেশটি আলোচনার টেবিলে ছিল না। পরবর্তী সময়ে ইউরোপ রাজনৈতিক ও আদর্শগতভাবে দু’টি বিপরীত শিবিরে, ন্যাটো ও ওয়ারশ চুক্তিতে বিভক্ত হয়ে যায়।
পুতিন নিজেও শেনজেন বৈঠকের পর ইয়াল্টা সম্মেলনের সঙ্গে তুলনার বিষয়টিকে নাকচ করেননি। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেছেন, ইয়াল্টায় বিশ্ব ভাগ হয়নি। বরং যুদ্ধ-পরবর্তী বাস্তবতাকে স্বীকৃতি দেওয়া হয়েছিল। তেমনি উক্রেইনসহ বর্তমান সংঘাতগুলোর ক্ষেত্রেও মাঠের বাস্তবতা মেনে নেওয়ার কথা বলেছেন তিনি ।
উক্রেইনের ও ইউরোপের জন্য এই বক্তব্যের অর্থ বেশ পরিষ্কার। উক্রেইনের যে অংশ ইতিমধ্যে রাশিয়া দখল করেছে, তা রাশিয়ারই থাকবে।
ট্রাম্পের অবস্থানও তাদেরকে খুব স্বস্তি দিচ্ছে না। কিছুদিন আগে দেয়া এক সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট ইঙ্গিত দিয়েছেন, যুদ্ধ বন্ধ করতে হলে উক্রেইনকে দখল হওয়া কিছু অংশ ছেড়ে দিতে হতে পারে। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফ-এর প্রতিবেদন অনুযায়ী, ত্রিপক্ষীয় বৈঠকের পর ট্রাম্প ইউরোপিয়ান মিত্রদের উক্রেইনকে অর্থনৈতিক সাহায্য দেওয়ার বিষয়ে নিরুৎসাহিত করেছেন।
এই পরিস্থিতিতে ইউরোপকে নিজেদের নিরাপত্তা ও রাজনৈতিক অবস্থান নিয়ে নতুন করে ভাবতে হচ্ছে। এতদিন যুক্তরাষ্ট্রের সামরিক ও রাজনৈতিক সহায়তার ওপর যে নির্ভরতা ছিল, তা কমানোর আলোচনা এখন আরও জোরালো হচ্ছে।
ইউরোপীয় ইউনিয়নের নেতারা ঘোষণা দিয়েছেন তারা যেকোনও অবস্থায় উক্রেইনের পাশে থাকবেন। পাশাপাশি নিজেদের প্রতিরক্ষা সক্ষমতা বাড়ানো এবং নিরাপত্তা ব্যবস্থায় বিনিয়োগের কথাও বলছেন।
রাজনীতির সমীকরণ তাহলে বদলাচ্ছে?
শেনজেনের বৈঠক নিঃসন্দেহে ঐতিহাসিক। কিন্তু তিন নেতার এক টেবিলে বসা বা যৌথ ঘোষণার মধ্যে দিয়ে আন্তর্জাতিক রাজনীতির সমীকরণ বদলে যাবে, এমনটা ভাবার কারণ নেই।
ইয়াল্টা সম্মেলনের সঙ্গে শেনজেন বৈঠকের তুলনা করা হচ্ছে। তবে দু’টির মধ্যে মৌলিক পার্থক্য রয়েছে। ইয়াল্টা হয়েছিল একটি বিশ্বযুদ্ধের শেষ পর্যায়ে। আর তখন যুদ্ধোত্তর বিশ্বের যে নকশা আঁকা হয়েছিল, তার ফল চার দশকের বিভক্ত বিশ্ব।
শেনজেনের বৈঠকে তেমন কোনো সিদ্ধান্ত আসেনি। বরং তিন নেতা কিছু বিষয়ে একসঙ্গে কাজ করার আগ্রহ দেখিয়েছেন, যদিও তাদের মধ্যে অবিশ্বাস ও স্বার্থের দ্বন্দ্ব রয়ে গেছে।
নজর রাখার বিষয় এখন তিনটি। জাতিসংঘ সংস্কার প্রস্তাব কতটা এগোয়, পারমাণবিক ঝুঁকি কমাতে আদৌ কোনও আলোচনা শুরু হয় কি-না এবং জ্বালানি সরবরাহ বাড়ানোর ঘোষণার কতটা বাস্তবায়ন হয়।একই সাথে উক্রেইন যুদ্ধ নিয়ে ট্রাম্প ও পুতিনের অবস্থান কতটা কাছাকাছি হয়।
ইউরোপের অবস্থানও উপেক্ষা করার সুযোগ নেই। উক্রেইনের ভবিষ্যৎ নিয়ে বড় শক্তিগুলো নিজেদের মধ্যে সমঝোতায় পৌঁছাতে চাইলে ইউরোপ কতটা ভূমিকা রাখতে পারবে, তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে।
এই উত্তরগুলোই বলে দেবে করবে, শেনজেনের বৈঠক ইতিহাসে ‘ইয়াল্টা ২.০’ হিসেবে লেখা হবে, নাকি শুধুই আরেকটি স্মরণীয় ছবি তোলার বৈঠক হয়ে থাকবে।