সাড়ে চার ঘণ্টা বন্ধ থাকার পর যুক্তরাষ্ট্রে খুলল আকাশপথ

যুক্তরাষ্ট্রে বিমান চলাচল নিয়ন্ত্রণব্যবস্থায় প্রযুক্তিগত ত্রুটির কারণে দেশজুড়ে বন্ধ হয়ে গিয়েছিল উড়োজাহাজ চলাচল। প্রায় সাড়ে চার ঘণ্টা পর শুক্রবার রাতে আবার আকাশপথ খুলে দিয়েছে দেশটির ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ)।

শুক্রবার স্থানীয় সময় রাত ৮ টা ১৫ মিনিটে হোয়াইট হাউসে প্রেস ব্রিফিংয়ে যুক্তরাষ্ট্রের পরিবহনমন্ত্রী শন ডাফি এ তথ্য জানান।

শন ডাফি বলেন, বিমান চলাচল নিয়ন্ত্রণব্যবস্থার সমস্যাটি শনাক্ত করা হয়েছে। বর্তমানে ব্যবস্থা সচল রয়েছে।   

এর আগে শুক্রবার বিকেলে দেশজুড়ে উড়োজাহাজ চলাচল বন্ধের নির্দেশ দেয় এফএএ। এতে ১১ হাজারের বেশি ফ্লাইট বিলম্বিত বা বাতিল হয়। বিভিন্ন বিমানবন্দরে আটকে পড়েন হাজারো যাত্রী।

সংবাদ সম্মেলনে শন ডাফি বলেন, “যুক্তরাষ্ট্রের বিমান চলাচল নিয়ন্ত্রণব্যবস্থা অনেক পুরোনো। অতিরিক্ত তথ্যের চাপে এর রাউটারগুলোতে সমস্যা দেখা দিয়েছিল। ফলে তথ্য আদান-প্রদানে অসঙ্গতি তৈরি হয়। যাত্রীদের নিরাপত্তার কথা বিবেচনা করে তখন বিমান চলাচল বন্ধ রাখা হয়।”

পরিবহনমন্ত্রী জানান, এ নির্দেশ দেওয়ার সময় আকাশে তিন হাজার ৫০০টির বেশি উড়োজাহাজ ছিল। পরে সেগুলোকে নিরাপদে অবতরণের ব্যবস্থা করা হয়।