সুদমুক্ত ইসলামিক শিক্ষাঋণ চালু করছে যুক্তরাজ্য

যুক্তরাজ্যে উচ্চশিক্ষার জন্য সুদমুক্ত শিক্ষাঋণ চালুর উদ্যোগ নিয়েছে দেশটির সরকার। ইসলামি অর্থব্যবস্থার নীতিমালা অনুসরণ করে তৈরি এই ব্যবস্থার নাম ‘শিক্ষার্থীদের জন্য বিকল্প অর্থায়ন’ বা অলটারনেটিভ স্টুডেন্টে ফিন্যান্স। ধর্মীয় কারণে প্রচলিত সুদভিত্তিক শিক্ষাঋণ নিতে অনিচ্ছুক শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগ করে দেওয়াই এর মূল লক্ষ্য।
ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফের ১০ই নভেম্বর প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়, যুক্তরাজ্যের কয়েকটি বিশ্ববিদ্যালয় ইতোমধ্যে শিক্ষার্থীদের নতুন এই অর্থায়ন ব্যবস্থা সম্পর্কে তথ্য দিচ্ছে। তবে এখনো আবেদন শুরুর নির্দিষ্ট তারিখ ঘোষণা করা হয়নি।
যুক্তরাজ্যে বিকল্প শিক্ষাঋণ ব্যবস্থা চালুর পরিকল্পনা মূলত শুরু হয় ২০১৩ সালে। সে সময় দেশটির তৎকালীন প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন প্রথম এই প্রস্তাবের কথা জানান। পরে ২০১৭ সালে উচ্চশিক্ষা ও গবেষণা আইনের মাধ্যমে সরকারকে সুদমুক্ত শিক্ষাঋণ চালুর আইনি ক্ষমতা দেওয়া হয়। তবে আইন পাস হওয়ার পরও নানা কারণে কয়েক বছর ধরে এই উদ্যোগ বাস্তবায়নে বিলম্ব হয়েছে।

কীভাবে কাজ করবে এই শিক্ষাঋণ?

ইসলামি শরিয়াহ অনুযায়ী সুদ বা রিবা দেওয়া-নেওয়া নিষিদ্ধ। তাই অনেক মুসলিম শিক্ষার্থী প্রচলিত সুদভিত্তিক শিক্ষাঋণ নিতে চান না।
এই বিষয়টি বিবেচনায় নিয়ে তাকাফুল নীতির ওপর ভিত্তি করে নতুন অর্থায়ন ব্যবস্থা তৈরি করা হচ্ছে। এতে শিক্ষার্থীরা পড়াশোনার জন্য অর্থ পাবেন। পরে নির্ধারিত নিয়ম অনুযায়ী একটি তহবিলে অর্থ ফেরত দেবেন। সেই তহবিল ভবিষ্যতে অন্য শিক্ষার্থীদের সহায়তায় ব্যবহার করা হবে।
যুক্তরাজ্যের সরকারি পরিকল্পনা অনুযায়ী, প্রচলিত শিক্ষাঋণ ও নতুন ব্যবস্থায় অর্থ ফেরতের পরিমাণ এবং সময়সূচি একই থাকবে। অর্থাৎ, এখানে কম অর্থ ফেরত দেওয়ার সুযোগ নেই। পার্থক্য শুধু অর্থ পরিশোধের পদ্ধতিতে।
নতুন এই ব্যবস্থা শুধু মুসলিম শিক্ষার্থীদের জন্য মনে হলেও, বাস্তবতা তা না। যুক্তরাজ্যের সরকারি শিক্ষাঋণ পাওয়ার যোগ্য যেকোনো শিক্ষার্থী এতে আবেদন করতে পারবেন। অর্থাৎ, অন্য ধর্মের শিক্ষার্থীদের জন্যেও এই সুবিধা চালু থাকবে।
এ ব্যবস্থা চালুর জন্য দেশটির সরকারের লক্ষ্য হলো, যেন ধর্মীয় বিশ্বাসের কারণে কোনো শিক্ষার্থী যেন উচ্চশিক্ষার সুযোগ থেকে বঞ্চিত না হন।

বাংলাদেশি শিক্ষার্থীরা কি আবেদন করতে পারবেন?

বাংলাদেশ থেকে সাধারণ স্টুডেন্ট ভিসায় যুক্তরাজ্যে পড়তে যাওয়া শিক্ষার্থীরা সাধারণত সরকারি শিক্ষাঋণের যোগ্য নন। তাই শুধু বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলেই ‘শিক্ষার্থীদের জন্য বিকল্প অর্থায়ন’ পাওয়ার সুযোগ তৈরি হবে না।
এই ঋণের যোগ্যতা নির্ধারণে জাতীয়তা, যুক্তরাজ্যে বসবাসের ইতিহাস এবং অভিবাসনসংক্রান্ত অবস্থান বিবেচনা করা হবে। তবে যুক্তরাজ্যে স্থায়ী বসবাসের অধিকার বা নির্দিষ্ট অভিবাসন মর্যাদা থাকা বিদেশি নাগরিকদের ক্ষেত্রে ভিন্ন নিয়ম প্রযোজ্য হতে পারে।

দ্য টেলিগ্রাফের প্রতিবেদন অনুযায়ী, ইউনিভার্সিটি কলেজ লন্ডন, ইউনিভার্সিটি অব ব্রিস্টল, ইউনিভার্সিটি অব লিডস, নিউক্যাসল ইউনিভার্সিটি, ডি মন্টফোর্ট ইউনিভার্সিটি এবং সিটি সেন্ট জর্জেস ইতোমধ্যে শিক্ষার্থীদের এ বিষয়ে তথ্য দিচ্ছে।
তবে বিশ্ববিদ্যালয়গুলো নিজেরা এই ঋণ দেবে না। এটি হবে সরকারি শিক্ষাঋণ ব্যবস্থার একটি বিকল্প।

এ নিয়ে বিতর্ক কেন

যুক্তরাজ্য সরকারের পরিকল্পনা অনুযায়ী, লাইফলং লার্নিং এন্টাইটেলমেন্ট ব্যবস্থা কার্যকর হওয়ার পর ‘শিক্ষার্থীদের জন্য বিকল্প অর্থায়ন’ চালু করা হবে। তবে এখন নির্দিষ্ট তারিখ জানানো হয়নি।
এই উদ্যোগ নিয়ে রাজনৈতিক বিতর্কও তৈরি হয়েছে। রিফর্ম ইউকের শিক্ষা বিষয়ক মুখপাত্র সুয়েলা ব্রেভারম্যানের মতে, ধর্মীয় ভিত্তিতে আলাদা অর্থায়ন ব্যবস্থা চালু করলে শিক্ষাব্যবস্থায় বিভাজন তৈরি হতে পারে। তবে সরকার বলছে, এটি কোনো বিশেষ ধর্মীয় গোষ্ঠীকে বাড়তি সুবিধা দেওয়ার উদ্যোগ নয়।

তাই শিক্ষার্থীদের জন্য এক্ষেত্রে মনে রাখার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, এই ঋণ আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য বিশেষ কোনো সুবিধা না। যুক্তরাজ্যের সরকারি শিক্ষাঋণের যোগ্যতা থাকলেই কেবল নতুন এই ব্যবস্থায় আবেদন করা যাবে