মার্কিন যুক্তরাষ্ট্রের সেক্রেটারি অব ডিফেন্স পিট হেগসেথের অভিশংসনের উদ্যোগ আটকে দিয়েছেন রিপাবলিকান সিনেটররা। মঙ্গলবার প্রতিনিধি পরিষদে ২১১-২০৪ ভোটে অভিশংসনের প্রস্তাবটি বিচার বিভাগবিষয়ক কমিটিতে পাঠানোর পক্ষে সিদ্ধান্ত হয়।
এতে কার্যত হেগসেথের বিরুদ্ধে অভিশংসন প্রক্রিয়া এগোনোর পথ বন্ধ হয়ে যায়। এ ঘটনায় রাজনৈতিকভাবে স্বস্তি পেয়েছেন দেশটির প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প।
ডনাল্ড ট্রাম্পের সমালোচক থমাস ম্যাসি হেগসেথের বিরুদ্ধে অভিশংসনের প্রস্তাবটি উত্থাপন করেছিলেন। তার অভিযোগ, কংগ্রেসের অনুমোদন ছাড়াই ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান পরিচালনা এবং ক্যারিবীয় ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে মাদক পাচারের সন্দেহভাজন নৌযানে প্রাণঘাতী হামলার ঘটনায় হেগসেথ ক্ষমতার অপব্যবহার করেছেন। প্রস্তাবে তার বিরুদ্ধে আটটি অভিযোগ আনা হয়।
তবে প্রস্তাবটি কমিটিতে পাঠানোর পক্ষে ভোট দেন প্রায় সব রিপাবলিকান সিনেটর। ম্যাসিই ছিলেন একমাত্র রিপাবলিকান, যিনি এই সিদ্ধান্তের বিপক্ষে ভোট দেন।
অন্যদিকে, হেগসেথ অভিশংসনের উদ্যোগকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ও ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করেছেন। মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পও ভোটের ফলকে স্বাগত জানিয়েছেন।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, আপাতত হেগসেথের অভিশংসনের উদ্যোগ থেমে গেলেও আগামী বছর কংগ্রেসের নিয়ন্ত্রণ নেওয়ার পর ডেমোক্র্যাটরা আবারও এ উদ্যোগ নিতে পারেন।