ইরানের পারমাণবিক কর্মসূচি সম্পর্কে তথ্য দিলে ২ কোটি ডলার পুরস্কারের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। বাংলাদেশি টাকায় যা কমবেশি আড়াইশ কোটি টাকা।
৬ই নভেম্বর শুক্রবার ইউএস স্টেট ডিপার্টমেন্টের ‘রিওয়ার্ডস ফর জাস্টিস’ কর্মসূচি থেকে এ ঘোষণা দেওয়া হয়। মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজে বলা হয়েছে, তথ্যদাতাদের পরিচয় গোপন রাখা হবে। প্রয়োজনে তাদের অন্য কোথাও সরিয়ে নেওয়ার ব্যবস্থাও করা হতে পারে।
তবে ঠিক কী ধরনের তথ্য দিলে ২ কোটি ডলার পুরস্কার পাওয়া যাবে, তা নিয়ে সুনির্দিষ্ট কোনো শর্ত জানায়নি স্টেট ডিপার্টমেন্ট।
যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড বা সেন্টকম সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টেও, এ ঘোষণার কথা জানিয়ে ইরানের পারমাণবিক কর্মসূচির সঙ্গে সংশ্লিষ্ট স্থাপনা, সরঞ্জাম, বিজ্ঞানী, গবেষক ও অন্যান্য ব্যক্তিদের সম্পর্কে তথ্য চাওয়া হয়েছে।
১৯৮৪ সালে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা ও স্বার্থ রক্ষায় গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহের জন্য ‘রিওয়ার্ডস ফর জাস্টিস’ কর্মসূচি চালু করা হয়। তথ্যের বিনিময়ে পুরস্কার দেওয়ার পাশাপাশি প্রয়োজনে তথ্যদাতাকে নিরাপদে অন্যত্র সরিয়ে নেওয়ার সুযোগ রয়েছে এ কর্মসূচিতে।
পুরস্কার ঘোষণার বিষয়ে ইউএস স্টেট ডিপার্টমেন্ট বলছে, ইরান আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার নিরাপত্তাবিষয়ক বাধ্যবাধকতা না মানায় দেশটির পারমাণবিক কার্যক্রমে নজরদারি করতে পারছে না সংস্থাটি। বিশেষ করে ইউরেনিয়াম সমৃদ্ধকরণে ব্যবহৃত সেন্ট্রিফিউজের মতো গুরুত্বপূর্ণ উপকরণ তৈরি ও এর মজুত সম্পর্কে সংস্থাটি ধারাবাহিকভাবে তথ্য জানতে পারছে না।
শুক্রবার রাতে ফ্লোরিডার ওয়েস্ট পাম বিচে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র ইরানে হামলা না চালালে আজ ইসরায়েলের অস্তিত্ব থাকত না। ইরানের হাতে পারমাণবিক অস্ত্র থাকলে দেশটি তা ব্যবহার করত এবং মধ্যপ্রাচ্য ধ্বংস করে দিত।