যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন: সিনেটে এগিয়ে ডেমোক্র্যাটরা 

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের প্রাথমিক ফলাফলে এগিয়ে বিরোধী ডেমোক্রেটিক পার্টি। এরইমধ্যে সিনেটে ৫২টি আসন পেয়ে জয় নিশ্চিত করেছে দলটি।

মঙ্গলবার হওয়া ভোটে বাংলাদেশ সময় বুধবার সকাল পর্যন্ত পাওয়া সর্বশেষ বেসরকারি ফলাফলে সিনেটের ১০০টি আসনের মধ্যে এবারের নির্বাচনে ভোট হয়েছে ৩৫টিতে। সিনেটের এ বছর নির্বাচন না হওয়া ৩৪টি আসন ডেমোক্র্যাটদের দখলে রয়েছে এবং রিপাবলিকানদের রয়েছে ৩১টি আসন। সবমিলিয়ে এখন পর্যন্ত ডেমোক্র্যাটদের মোট আসন সংখ্যা ৫২। অন্যদিকে প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের রিপাবলিকান পার্টি পেয়েছে ৪১টি আসন।

বিবিসির প্রতিবেদন বলছে, হাউজ অব রিপ্রেজেন্টেটিভসের ৪৩৫টি আসনের মধ্যে ৩২২টির ফল প্রকাশ করা হয়েছে। এর মধ্যে ২০২টি আসন জিতেছেন ডেমোক্রেটিক পার্টির প্রার্থীরা। অন্যদিকে, প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের রিপাবলিকান পার্টির প্রার্থীরা ১২০টি আসনে জয় পেয়েছেন। হাউজ অব রিপ্রেজেন্টেটিভসে জেতার জন্য ডেমোক্রেটদের আর মাত্র ১৬টি আসন।

২০২৪ সালের নভেম্বরে প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হয়ে ২০২৫ সালের ২০এ জানুয়ারি দ্বিতীয় মেয়াদে শপথ নেন ডনাল্ড ট্রাম্প। সে সময় মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ হাউজ অব রিপ্রেজেন্টেটিভস এবং উচ্চকক্ষ সিনেট দুইটিরই নিয়ন্ত্রণ ছিল তার রিপাবলিকান পার্টির হাতে। ফলে আইন প্রণয়ন ও সরকারের নীতিগত সিদ্ধান্ত বাস্তবায়নে সুবিধাজনক অবস্থানে ছিল ট্রাম্প প্রশাসন।

তবে এই মধ্যবর্তী নির্বাচনে রাজনৈতিক সমীকরণ বদলে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। নিম্নকক্ষের নিয়ন্ত্রণ পেতে যেকোনো দলকে অন্তত ২১৮টি আসনে জয়ী হতে হবে। আর সিনেটে সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করতে প্রয়োজন ৫১টি আসন। দুই কক্ষের যেকোনো একটিতে সংখ্যাগরিষ্ঠতা হারালেও ট্রাম্প প্রশাসনকে আইন প্রণয়ন ও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে বিরোধী ডেমোক্র্যাটদের সঙ্গে সমঝোতা করতে হতে পারে।