ঢাকা থেকে সৌদিগামী ১০টি ফ্লাইট স্থগিত

সৌদি আরবের রিয়াদে অবস্থিত কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম বন্ধ থাকায় ঢাকার বিমানবন্দর থেকে ১০টি ফ্লাইট স্থগিত করা হয়েছে। এই ফ্লাইটগুলোতে মোট ৩ হাজার ৪৩১ যাত্রী ছিলেন।

সোমবার ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সূত্রে এ তথ্য জানানো হয়েছে।

বিমানবন্দর সূত্রের দেওয়া তথ্য অনুযায়ী, কিং খালিদ বিমানবন্দরের কার্যক্রম বন্ধ থাকায় এখন পর্যন্ত মোট ১০টি ফ্লাইট স্থগিত করা হয়েছে। যার মধ্যে বাংলাদেশ বিমানের দুটি, ইউএস-বাংলার দুটি, সৌদিয়া এয়ারলাইন্সের তিনটি এবং রিয়াদ এয়ারওয়েজের তিনটি ফ্লাইটও রয়েছে। এসব ফ্লাইটে মোট ৩ হাজার ৪৩১জন যাত্রী ছিলেন।

পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সংশ্লিষ্ট ফ্লাইটের যাত্রীদের নিজ নিজ এয়ারলাইন্সের কাছ থেকে সর্বশেষ সময়সূচি ও ফ্লাইটের অবস্থা জেনে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

এর আগে চলতি বছরের ১১ই অক্টোবর সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুথিদের চালানো হামলায় অন্তত ১৩ জন ব্যক্তি নিহত হন, আহত হন আরো ৩০৮ জন। এই ঘটনার পরেরদিন অর্থাৎ ১২ই অক্টোবর একই বিমানবন্দরে দ্বিতীয়বার হামলা চালায় ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠীটি। যাতে একজন নিহত ও ১১ জন আহত হয়েছেন।