বোমা আতঙ্ক। এমন এক শহরে যেখানে আছেন বিশ্বের শীর্ষ রাষ্ট্রনেতারা। সেখানেই একটি পরিত্যক্ত স্যুটকেস নিয়ে আতঙ্কে স্তব্ধ হয়ে গিয়েছিলো যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক। যেখানে চলছে জাতিসংঘের ৮১তম অধিবেশন।
নিউইয়র্কের ম্যানহাটনের মিডটাউন ইস্ট এলাকা। থার্ড এভিনিউ এবং ফোরটি থ্রি স্ট্রিটের মোড়ে বিখ্যাত ক্রাইসলার বিল্ডিংয়ের পাশেই স্যুটকেসটি পড়ে ছিল।
বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান উঠেছেন হায়াত গ্র্যান্ড সেন্ট্রাল নিউ ইয়র্ক হোটেলে। স্যুটকেস পাওয়ার ঘটনাস্থল থেকে মাত্র এক ব্লক পরেই। এক মিনিটের হাঁটা পথ।
আর মাত্র মাইলখানেক দূরেই মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের ‘ট্রাম্প টাওয়ার’।
মঙ্গলবার বিকালে হঠাৎ করেই এই সন্দেহজনক স্যুটকেসটি সবার নজরে আসে। খবর ছড়িয়ে পড়ে চারদিকে।
নড়েচড়ে বসে পুলিশ। ক্রাইসলার বিল্ডিং খালি করে দেওয়া হয়। ফোরটি টু থেকে ফোরটি ফোর স্ট্রিটের রাস্তাগুলো বন্ধ করে দেওয়া হয়।
বোম্ব স্কোয়াড এবং ডগ স্কোয়াড ঘটনাস্থলে ঘিরে ফেলে। প্রায় দেড় ঘণ্টা ধরে চলে তল্লাশি। কিন্তু স্বস্তির নিশ্বাস ফেলে পুলিশ। স্যুটকেসটি স্রেফ একটি স্যুটকেস। কোনো ঝুঁকি না থাকায় রাস্তাগুলো আবার খুলে দেওয়া হয়।