পরিবার জানাচ্ছিল শেষ শ্রদ্ধা, এমন সময় জীবিত উদ্ধার ষাটোর্ধ্ব নারী

নেপালে ভয়াবহ বন্যার ১১ দিন পর একটি বাড়ির ধ্বংসস্তূপ থেকে উদ্ধার পেয়েছেন ৬৪ বছর বয়সী এক নারী। নুওয়াকোটের বেত্রাবতী এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়।তার নাম চন্দ্রিকা শ্রেষ্ঠা।

পরিবারের সদস্যরা ভেবেছিলেন তিনি মারা গেছেন। এমনকি, তাকে শেষ শ্রদ্ধা জানানোর আনুষ্ঠানিকতাও শুরু হয়েছিলো। কিন্তু এর ঠিক ১০ দিন পর নিজ বাড়ি থেকে জীবিত উদ্ধার হলেন চন্দ্রিকা ।

নেপালের পুলিশ কর্মকর্তা মহেন্দ্র দারনাল জানান, চারতলা বাড়িটি বন্যার পানির স্রোতে ভেসে গিয়ে কাদার মধ্যে আটকে যায়। শনিবার ধ্বংসস্তূপের আশপাশে তল্লাশির সময় উদ্ধারকারীরা হঠাৎ ‘বাঁচাও’ বলে একটি কণ্ঠ শুনতে পান। পরে প্রায় ৪৫ মিনিটের অভিযানে তারা শ্রেষ্ঠাকে একটি সংকীর্ণ স্থানে খুঁজে পান এবং উদ্ধার করে সেনাবাহিনীর হাসপাতালে পাঠান।

দারনাল আরও বলেন, শ্রেষ্ঠার পরিবারের সঙ্গে তার যোগাযোগ ছিল এবং তারা তার জন্য ১১ দিনের শোকপালনও শুরু করে দিয়েছিল। 

আনাদোলু এজেন্সির প্রতিবেদনে বলছে, নেপাল-চীন সীমান্তবর্তী এলাকায় বন্যা ও ভূমিধসে রবিবার পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে ১ হাজার ৩৮৫ জনে দাঁড়িয়েছে। দুর্যোগের ১১ দিন পরও নিখোঁজ রয়েছেন ৫ হাজার ৫১৯ জন। নেপালের দুর্যোগ ব্যবস্থাপনার তথ্য অনুযায়ী, নিখোঁজদের মধ্যে প্রায় ৫ হাজার মানুষ নেপালের এবং ৫৮৯ জন বিদেশি নাগরিক। বন্যাকবলিত এলাকা থেকে  এখন পর্যন্ত ১৩ হাজারেরও বেশি মানুষকে উদ্ধার করা হয়েছে।