ইরানে আবারও বাড়ছে পেট্রোলের দাম। তবে এবার মূল্যবৃদ্ধির আওতায় পড়বেন শুধু মাসে ১১০ লিটারের বেশি পেট্রোল ব্যবহারকারীরা। ৮ই সেপ্টেম্বর থেকে অতিরিক্ত জ্বালানির জন্য প্রতি লিটারে গুনতে হবে ১ লাখ ইরানি রিয়াল।
রবিবার সরকারের মুখপাত্র ফাতেমেহ মোহাজেরানি জানান, সাধারণ ব্যবহারকারীরা ১৫ হাজার রিয়াল দরে ৬০ লিটার এবং আরও ৫০ লিটার ৩০ হাজার রিয়াল দরে কিনতে পারবেন। তবে ১১০ লিটার সীমা পেরোলেই গুণতে হবে নতুন দাম অনুযায়ী টাকা। রয়টার্সের প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
বিশ্বের যে কয়টি দেশে কম দামে পেট্রোল বিক্রি হয় তার মধ্যে অন্যতম ইরান। কিন্তু যুদ্ধের প্রভাব, যুক্তরাষ্ট্রের কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা এবং বাড়তে থাকা জ্বালানি চাহিদায় চাপে পড়েছে দেশটির অর্থনীতি। সেই চাপ সামলাতেই বেশি জ্বালানি ব্যবহারকারীদের জন্য দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার।
তবে এই সিদ্ধান্ত নিয়ে রয়েছে উদ্বেগও। কারণ, ২০১৯ সালে পেট্রোলের দাম বাড়ানোর পর ইরানে ব্যাপক বিক্ষোভ হয়েছিল। ফলে নতুন করে মূল্যবৃদ্ধি হলে আবারও বিক্ষোভের আশঙ্কাও রয়েছে। এমনকি এই শংকা থেকে এর আগে একবার এই সিদ্ধান্ত নিয়েও তা থেকে পিছিয়ে আসে সরকার।
এর আগে ২০২৫ সালের ডিসেম্বরে বেশিরভাগ ব্যবহারকারীর জন্য ভর্তুকি দিয়ে পেট্রোলের দাম আংশিক বাড়িয়েছিলো ইরান। এবারও জ্বালানির বাড়তি চাহিদা নিয়ন্ত্রণ এবং বর্তমান অর্থনৈতিক চাপ মোকাবিলা করাই দেশটির মূল লক্ষ্য।