নাইজেরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় সোকোতো রাজ্যে অতিরিক্ত যাত্রীবোঝাই একটি নৌকা ডুবে অন্তত ৫০ জন মারা গেছেন। নিহতদের বেশিরভাগই শিশু বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
বৃহস্পতিবার গোরাউ এলাকার কাছে এ দুর্ঘটনা ঘটে বলে রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
দুর্ঘটনার পরপরই উদ্ধার অভিযান শুরু হয়। ন্যাশনাল ইনল্যান্ড-এর স্থানীয় ব্যবস্থাপক আবদুলকাদির ইউসুফ জানান, এখন পর্যন্ত প্রায় ৪০ শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে উদ্ধারকাজ চলতে থাকায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।
স্থানীয় বাসিন্দাদের বরাতে প্রতিবেদনে বলা হয়েছে, ধান কাটার কাজে যাওয়া কৃষক ও শ্রমিকদের বহন করছিল নৌকাটি। দুর্ঘটনার সময় নৌকায় ৭০ জনের বেশি মানুষ ছিলেন বলে আইনপ্রণেতা নাসিরু আদামু বলেন, নৌকায় থাকা বেশিরভাগ যাত্রীর বয়স ছিল ১০ থেকে ১৫ বছরের মধ্যে। তিনি জানান, দুর্ঘটনার পর ১৬ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী শরহাবিলু কিলিয়া জানান, ইতোমধ্যে ৪৬ জনকে দাফন করা হয়েছে এবং পরে আরও মরদেহ উদ্ধার হওয়ায় মৃতের সংখ্যা ৫৩-তে পৌঁছেছে।
রাজ্যের জরুরি ব্যবস্থাপনা সংস্থার ত্রাণ ও পুনর্বাসন বিভাগের পরিচালক মুস্তাফা উমর জানিয়েছেন, কর্মকর্তারা ঘটনাস্থলে যাচ্ছেন। পরে দুর্ঘটনা সম্পর্কে আরও বিস্তারিত তথ্য জানানো হবে।
নাইজেরিয়ায় নৌকাডুবির ঘটনা প্রায়ই ঘটে। অতিরিক্ত যাত্রী বহন, নৌযানের দুর্বল রক্ষণাবেক্ষণ এবং নিরাপত্তা বিধি যথাযথভাবে কার্যকর না হওয়ার কারণে দেশটির নদী ও নৌপথে প্রাণঘাতী দুর্ঘটনার ঝুঁকি রয়েছে। বিশেষ করে বর্ষাকালে এ ঝুঁকি আরও বেড়ে যায়।
এর আগে চলতি বছরের জানুয়ারিতে উত্তর-পূর্বাঞ্চলীয় ইয়োবে রাজ্যে একটি ফুটো নৌকা ডুবে অন্তত ২৫ জনের মৃত্যু হয়েছিলো।