যুক্তরাষ্ট্রের মিশিগানে এক বন্দুকধারীর গুলিতে পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন এবং তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে সামাজিক যোগাযোগমাধ্যমে এক বিবৃতিতে জানিয়েছেন মিশিগান অঙ্গরাজ্য পুলিশ।
১৪ই অগাস্ট দুপুরে মিসাউকি কাউন্টির একটি বাড়িতে গুলির খবর পেয়ে পুলিশ সেখানে যায়। ঘটনাস্থলে তিনজনকে মৃত ও একজনকে গুরুতর আহত অবস্থায় পাওয়া যায়। পুলিশ জানায়, সন্দেহভাজন ৩৯ বছর বয়সী চ্যাড হিকম্যান পুলিশ পৌঁছানোর আগেই ঘটনাস্থল থেকে পালিয়ে যান।
এরপর হিকম্যানকে ধরতে এলাকায় ব্যাপক তল্লাশি অভিযান শুরু করে আইনশৃঙ্খলা বাহিনী। তল্লাশির সময় একটি বাড়ি থেকে আরও একজনের মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ জনসাধারণকে সতর্ক করে জানায়, হিকম্যান অস্ত্রধারী ও বিপজ্জনক হতে পারেন। তাকে কেউ যেন কাছে গিয়ে ধরার চেষ্টা না করেন।
পরে হুইটলক লেকের কাছে একটি বনাঞ্চলে হিকম্যানের গাড়ির সন্ধান পায় পুলিশ। সেখানেই হিকম্যান ও আরও একজনকে মৃত অবস্থায় পাওয়া যায়। এতে মোট নিহতের সংখ্যা দাঁড়ায় পাঁচজনে।
পুলিশ জানিয়েছে, নিহতদের পরিচয় ও বয়স এখনো প্রকাশ করা হয়নি। পরিবারের সদস্যদের জানানো হলে তাদের পরিচয় প্রকাশ করা হবে। ঘটনাটি কীভাবে ঘটেছে এবং নিহতদের মধ্যে কোনো সম্পর্ক ছিল কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।