রাশিয়ার জ্বালানি তেল ও গ্যাসের ওপর নিষেধাজ্ঞা আরোপের লক্ষ্যে মার্কিন সিনেটে একটি বিল পাস হয়েছে। এতে ভারত ও চীনের ওপর ১০০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপ করা হয়েছে।
মার্কিন সিনেটর রজার উইকার জানিয়েছেন, ভারত ও চীনকে লক্ষ্য করেই এই বিলটি সাজানো হয়েছে। এই বিলের মূল উদ্দেশ্য হলো, রাশিয়া থেকে সবচেয়ে বেশি জ্বালানি কেনা এই দুই দেশের ওপর ১০০ শতাংশ পর্যন্ত চড়া শুল্ক ব্যবস্থা আরোপ করা। তবে আমেরিকার মিত্র রাষ্ট্রগুলোকে এই আওতার বাইরে রাখা হয়েছে।
মঙ্গলবার মার্কিন সিনেটে ৮৬-১২ ভোটে বিলটি পাস হয়। বিলের নাম ‘লিন্ডসে ও. গ্রাহাম সেনশনিং রাশিয়া অ্যান্ড ইরান অ্যাক্ট অব ২০২৬’। প্রয়াত মার্কিন সিনেটর লিন্ডসে গ্রাহামের স্মরণে তার নামানুসারে এই বিলটির নামকরণ করা হয়েছে। এই বিলের খসড়া তিনিই তৈরি করেছিলেন।
বর্তমানে রাশিয়া থেকে অপরিশোধিত তেল আমদানির ক্ষেত্রে চীনের পরেই ভারতের স্থান। বিশেষজ্ঞদের মতে, যদি এই বিলের আওতায় ভারতের ওপর ১০০ শতাংশ পর্যন্ত অতিরিক্ত শুল্ক আরোপ করা হয়, তাহলে ভারতের রপ্তানি এবং দুই দেশের বাণিজ্যিক সম্পর্কের ওপর বড় প্রভাব পড়তে পারে।
পশ্চিম এশিয়ার অস্থিরতার কারণে রাশিয়ার জ্বালানির ওপর নির্ভরতা বেড়েছে ভারতের। হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল ব্যাহত হওয়ায় উপসাগরীয় দেশগুলো থেকে তেল সরবরাহে সমস্যা দেখা দিয়েছে। একসময় ভারতের মোট অপরিশোধিত তেল আমদানির প্রায় ৪০ শতাংশ উপসাগরীয় অঞ্চল থেকে আসতো। সেই সরবরাহ ব্যাহত হওয়ায় ভারতীয় তেল শোধনাগারগুলো বিকল্প হিসেবে রাশিয়ার তেলের ওপর বেশি নির্ভরশীল হতে শুরু করে।
তবে যেসব দেশ রাশিয়া থেকে ১৫ শতাংশের কম প্রাকৃতিক গ্যাস আমদানি করে এবং ধীরে ধীরে এই নির্ভরতা কমিয়ে আনার পদক্ষেপ নিচ্ছে, তাদের জন্য এই বিলে কিছুটা ছাড় দেওয়ার সুযোগ রাখা হয়েছে।
বিশ্লেষকদের মতে, বিলটি চূড়ান্তভাবে আইনে পরিণত হলে তা বিশ্ব রাজনীতি এবং চীন ও ভারতের সঙ্গে মার্কিন বাণিজ্যিক সম্পর্কে বড় ধরনের প্রভাব ফেলতে পারে।
হিন্দুস্তান টাইমস অবলম্বনে