ভারতে শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে অটল ককরোচ পার্টি

ভারতে প্রশ্নফাঁসের ঘটনায় চলমান আন্দোলনের মধ্যেই জাতীয় পরীক্ষা সংস্থার ৪৭ জন কর্মকর্তাকে চাকরি থেকে বরখাস্ত করেছে দেশটির কেন্দ্রীয় সরকার। তাদের মধ্যে কয়েকজনের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছে সংবাদ সংস্থা এএনআই।

এএনআই বলছে, এনটিএকে নতুনভাবে সাজানোর অংশ হিসেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে শিক্ষা মন্ত্রণালয়েও বড় ধরনের পরিবর্তন আনা হয়েছে। উচ্চশিক্ষা ও স্কুল শিক্ষা বিভাগের জন্য নতুন সচিব নিয়োগ দেওয়া হয়েছে।

প্রশ্নফাঁসের প্রতিবাদে শিক্ষার্থীদের আন্দোলন আরও জোরালো হয়েছে। ককরোচ জনতা পার্টি সিজেপি’র নেতৃত্বে চলা এই আন্দোলন এখন দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়েছে।

শিক্ষার্থীদের দাবির বিষয়ে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জে. পি. নাড্ডা ও কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং আন্দোলনকারীদের সঙ্গে দুই দফা বৈঠক করেছেন। সিজেপির দাবি, তাদের তিনটি দাবির মধ্যে দুটি সরকার নীতিগতভাবে মেনে নিয়েছে। তবে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি।

শনিবার সকালে এক্সে সিজেপির মুখপাত্র আশুতোষ রাঙ্কা জানান, “ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে কোনো আপস হবে না। সরকার যদি এতে রাজি না হয়, তাহলে আর আলোচনার কোনো মানে নেই।”

সিজেপির তিনটি প্রধান দাবি হলো, শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ, আন্দোলনকারী শিক্ষার্থীদের বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থা না নেওয়া এবং প্রশ্নফাঁসের পর আত্মহত্যা করা শিক্ষার্থীদের পরিবারকে ১ কোটি টাকা করে ক্ষতিপূরণ দেওয়া।

সিজেপির দাবি, শুধু এনটিএর কর্মকর্তাদের বরখাস্ত করলেই হবে না, শিক্ষামন্ত্রীর পদত্যাগ না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলবে।