ইরানে যুক্তরাষ্ট্রের টানা সপ্তম রাতের ভয়াবহ হামলার পর মধ্যপ্রাচ্যে উত্তেজনা চূড়ান্তে। সর্বশেষ মার্কিন হামলার জবাবে বাহরাইন, জর্ডান ও কুয়েতের মার্কিন সামরিক ঘাঁটিতে হামলার দাবি করেছে ইরানের সেনাবাহিনী।
যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, তারা ইরানে টানা সপ্তম রাতের মতো সফলভাবে হামলা করেছে। এই অভিযানে যুদ্ধবিমান, ড্রোন এবং যুদ্ধজাহাজ ব্যবহার করা হয়েছে।
মার্কিন বাহিনীর লক্ষ্য ছিল ইরানের নজরদারি কেন্দ্র, সামরিক অবকাঠামো ও ভূগর্ভস্থ অস্ত্রাগার।
ইরানের পক্ষ থেকে জানানো হয়েছে, দেশের দক্ষিণাঞ্চলীয় শহর লার, জাস্ক, সিরিক, বুশেহর এবং বন্দর আব্বাসসহ কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ কেশম দ্বীপ, আহভাজ এবং মধ্যাঞ্চলীয় শহর ইয়াজদকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়।
ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, পারস্য উপসাগরের হরমুজ প্রণালিসংলগ্ন হরমোজগান প্রদেশে মার্কিন হামলায় অন্তত ৩ জন নিহত এবং ৮ জন আহত হয়েছেন।
এই সংঘর্ষের মধ্যেই হরমুজ প্রণালির আন্তর্জাতিক জলসীমায় মাইন বিস্ফোরণে দুটি তেলবাহী ট্যাংকার বিধ্বস্ত হওয়ার দাবি করেছে ইরানের রেভল্যুশনারী গার্ডস। তবে ইরানের এই দাবিকে সম্পূর্ণ ‘মিথ্যা’ বলে প্রত্যাখ্যান করেছে মার্কিন সেন্ট্রাল কমান্ড।