ফরাসি প্রেসিডেন্ট ইম্যানুয়েল ম্যাখোঁর সিরিয়া সফরের মধ্যেই রাজধানী দামেস্কে কয়েকটি বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। মঙ্গলবার দামেস্কের একটি জনবহুল এলাকায় এই বিস্ফোরণগুলো হয়।
আল-জাজিরার তথ্য অনুযায়ী, ঘটনার পর দামেস্কের আকাশে ধোঁয়ার কুণ্ডলী উড়তে দেখা গেছে। স্থানীয় নিরাপত্তা বাহিনীর এক কর্মকর্তা এই ঘটনাকে ‘অপরাধমূলক কর্মকাণ্ড’ হিসেবে চিহ্নিত করেছেন।
প্রাথমিক তথ্যে বেসামরিক এলাকায় বিস্ফোরণের ফলে হতাহতের আশঙ্কা করা হচ্ছে। অনলাইনে ছড়িয়ে পড়া একটি ভিডিওচিত্রে একটি গাড়িতে আগুন জ্বলতেও দেখা যায়।
বিস্ফোরণগুলো এমন জায়গায় ঘটেছে, যা পর্যটন মন্ত্রণালয় এবং প্রেসিডেন্ট ম্যাখোঁর হোটেল থেকে খুব কাছে। বর্তমানে সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল শারার সঙ্গে ম্যাখোঁর বৈঠক করার কথা রয়েছে।
ফরাসি প্রেসিডেন্টের কার্যালয় থেকে জানানো হয়েছে, হামলার সময় ম্যাখোঁ প্রেসিডেন্ট শারার সঙ্গে বৈঠকের উদ্দেশ্যে যাচ্ছিলেন। বিস্ফোরণের শব্দ তিনি শুনতে পাননি এবং তার সফরসূচি অনুযায়ী কর্মসূচিগুলো স্বাভাবিকভাবেই চলছে।
এদিকে, সিরিয়ার প্রেসিডেন্টের বাসভবন এলাকা থেকে আল-জাজিরার সাংবাদিক জানিয়েছেন, সেখানে পরিস্থিতি আপাতত শান্ত রয়েছে। নিরাপত্তা বাহিনী ঘটনাস্থল ঘিরে ফেলেছে এবং তদন্ত কাজ শুরু করেছে।
গত সপ্তাহেই দামেস্কের প্রাণকেন্দ্রে একটি ক্যাফেতে বোমা হামলায় অন্তত ৯ জন নিহত এবং ২০ জন আহত হয়েছিলেন বলে সিরিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে জানা গেছে।