‘অ্যাট্রোসিটি’ করবেন না, একদিন ফিরে আসতে পারে: শুভেন্দুকে মমতা

ফেইসবুক লাইভে এসে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে শুভেচ্ছা জানিয়ে সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, “অ্যাট্রোসিটি করবেন না। মনে রাখবেন এটা একদিন ফিরে আসতে পারে।”

তিনি বলেছেন, “এভরি অ্যাকশন হ্যাজ অ্যা রিয়্যাকশন”।

গণমাধ্যমকে ‘গোদি মিডিয়া’ বলে উল্লেখ করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, “যতদিন তারা নিরপেক্ষ না হবে তারা একপক্ষ থাকবেন। ততদিন আই অ্যাম সরি। আমি তাদের সাথে কোনো কথাবার্তা বলতে চাই না”।

মমতা মনে করেন বিজেপি ‘ভোট লুট’ করে ক্ষমতায় এসেছে। কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোটকেন্দ্র দখলের অভিযোগও তোলেন তিনি।

নিজের দলের অনেকের প্রতিও ক্ষোভ ঝাড়েন মমতা।

“আমার সই করা সিম্বলে জিতে তারা আজ বলছেন ২০২৩ এর পরে নাকি এই পার্টির কোনো অস্তিত্ব নেই। পার্টির রেকগনিশন শেষ হয়ে যায়, তাহলে ২০২৬ সালে আপনারা ইলেকশনে দাঁড়ালেন কী করে?” বলেন মমতা।

যারা দল ছেড়ে গেছেন তাদের ‘বেইমান’ বলে উল্লেখ করে মমতা বলেন, “দলের ভাঙনের কারণে দুইমাসও ধৈর্য ধরতে পারলেন না। এতো তাড়াতাড়ি দলের সাথে বেইমানি করে চলে গেলেন। বেইমানি করারও তো একটা সীমা থাকা উচিত।”

তৃণমূল কংগ্রেসের হয়ে নির্বাচন করেও যারা দল ভাঙনে নেতৃত্ব দিয়েছেন তাদের উদ্দেশে সাবেক মুখ্যমন্ত্রী বলেন, “আপনারা যারা বেইমান, গাদ্দাররা বিজেপির কাঁধে কাঁধ মিলিয়ে তাদের কথা মতো চলছেন। বিজেপি স্পন্সরড যারা, তাদের আমি বলবো, যদি সাহস থাকে, বুকের পাটা থাকে; যান গিয়ে বিজেপিতে গিয়ে জয়েন করুন। আমাদের কোনো আপত্তি নেই।”

পরে বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে শুভেচ্ছা জানান তিনি। বলেন, “আজকে মুখ্যমন্ত্রী হয়েছেন। আমার অনেক শুভেচ্ছা থাকবে। কিন্তু এটা আমি নিশ্চয়ই বলবো না আপনি মুখ্যমন্ত্রী হয়েছেন বলে আপনি তৃণমূলটা করেননি। আপনিও কংগ্রেস করতেন একদিন।”

শুভেন্দু অধিকারীর উদ্দেশ্যে মমতা আরও বলেন, “অ্যাট্রোসিটি করবেন না। এটা কিন্তু একদিন ফিরে আসতে পারে। মনে রাখবেন, এভরি অ্যাকশন হ্যাজ এ রিয়্যাকশন। আপনারা যতো অ্যাট্রোসিটি করবেন আমরা কিন্তু ততো বাড়বো।”