ডলারে নিজের স্বাক্ষর বসালেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথমবারের মতো কোনো দায়িত্বরত প্রেসিডেন্টের স্বাক্ষর জায়গা পাচ্ছে ডলারের নোটে। ২৫০তম স্বাধীনতা বার্ষিকী উপলক্ষে নতুন ১০০ ডলারের নোটে এই পরিবর্তন আনার সিদ্ধান্ত নিয়েছে মার্কিন প্রশাসন।

৩রা জুলাই প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প, ট্রুথ সোশ্যালে নতুন নোটের ছবি প্রকাশ করেন। সেখানে দেখা যায়, ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্টের স্বাক্ষরের ওপরে ট্রাম্পের স্বাক্ষর যোগ করা হয়েছে।

এর আগে মার্কিন ট্রেজারি বিভাগ জানিয়েছিল, ২৫০তম স্বাধীনতা বার্ষিকী উদযাপনের অংশ হিসেবে নতুন নকশার মুদ্রায় বর্তমান প্রেসিডেন্টের স্বাক্ষর যুক্ত করা হবে। মার্চে এ সিদ্ধান্ত নিশ্চিত করেন তৎকালীন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট।

এতোদিন যুক্তরাষ্ট্রের ডলারের নোটে শুধু ট্রেজারি সেক্রেটারি ও কোষাধ্যক্ষের স্বাক্ষর থাকত। এবার সেই নিয়ম প্রথমবারের মতো পরিবর্তন আসছে।

মার্কিন কোষাধ্যক্ষ ব্র্যান্ডন বিচ এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। তিনি বলেন, প্রেসিডেন্টের অবদান দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ, তাই তার স্বাক্ষর মুদ্রায় থাকা উচিত।

তবে বিষয়টি নিয়ে আলোচনাও তৈরি হয়েছে। কারণ যুক্তরাষ্ট্রের নিয়ম অনুযায়ী, সাধারণত মুদ্রায় জীবিত ব্যক্তির ছবি ব্যবহার করা যায় না। তাই এই পরিবর্তন করতে হলে কংগ্রেসের অনুমোদন লাগবে।

অন্যদিকে, চলতি বছরের শুরুতে নতুন ২৫০ ডলারের নোটের একটি খসড়া নকশাও তৈরি করা হয়েছিল, যেখানে প্রেসিডেন্ট ট্রাম্পের ছবি ও স্বাক্ষর রাখার পরিকল্পনা ছিলো। কিন্তু এটি চালু করতে হলে আইন পরিবর্তন করতে হবে, যা এখনো নিশ্চিত নয়।

ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে এর আগেও বিভিন্ন সরকারি প্রতীক, নথি ও প্রতিষ্ঠানে তার নাম ও ছবি যুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। এই নতুন পদক্ষেপকে অনেকেই সেই ধারাবাহিক প্রচেষ্টার অংশ হিসেবে দেখছেন।