কিয়িভে রাতভর হামলা রাশিয়ার, শিশুসহ ১৩ জন নিহত

ইউক্রেনের রাজধানী কিয়িভে রাতভর বড় ধরনের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। এই হামলায় অন্তত ১৩ জন নিহত এবং ৩০ জনের বেশি আহত হয়েছে বলে জানিয়েছে ইউক্রেনের জরুরি সেবা বিভাগ।

হামলায় শহরের আবাসিক এলাকা, ভবন, হাসপাতাল ও গুরুত্বপূর্ণ অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়। অনেক জায়গায় আগুন ধরে যায় এবং বাসিন্দাদের দ্রুত নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়।

কিয়িভ সামরিক প্রশাসনের প্রধান তিমুর টকাচেঙ্কো বলেন, নিহতদের মধ্যে শিশুও রয়েছে। তিনি অভিযোগ করেন, রাশিয়া ইচ্ছাকৃতভাবে সাধারণ মানুষের বাসায় হামলা চালাচ্ছে।

হামলার কয়েক ঘণ্টা আগে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লদেমির জেলেনস্কি সতর্ক করে বলেছিলেন, রাশিয়া বড় মাত্রার হামলা চালাতে পারে এবং জনগণকে সাবধানে থাকতে বলেছিলেন।

রাতভর কিয়িভে একের পর এক বিস্ফোরণের শব্দ শোনা যায়। স্থানীয় সময় রাত সাড়ে তিনটার দিকে অন্তত ১০টি বড় বিস্ফোরণ ঘটে বলে জানায় স্থানীয়রা। আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার গুলি ও বিস্ফোরণের আলো দেখা যায়।

শহরের কেন্দ্রে একটি বড় আগুন লাগে, পাশাপাশি একাধিক এলাকায় ভবন, গাড়ি ও অবকাঠামো পুড়ে যায়। একটি অ্যাম্বুলেন্স স্টেশনও ক্ষতিগ্রস্ত হয়, যেখানে একজন গুরুতর আহত হন। একটি হোটেলেও আগুন লাগে।

বর্তমানে উদ্ধার অভিযান চলছে এবং আহতদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে, তারা ইউক্রেনের জ্বালানি ও সামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালিয়েছে এবং এটি ইউক্রেনের সাম্প্রতিক হামলার “প্রতিশোধ”।

অন্যদিকে ইউক্রেনের পক্ষ থেকে বলা হচ্ছে, রাশিয়া বারবার বেসামরিক এলাকাকে লক্ষ্য করছে, যা যুদ্ধাপরাধের শামিল।

যুদ্ধ পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠছে পূর্ব ইউক্রেনেও, যেখানে দুই পক্ষই একে অপরের বিরুদ্ধে নতুন করে হামলার দাবি করছে।