হরমুজ প্রণালিতে একটি পণ্যবাহী জাহাজে ড্রোন হামলা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে ইরানের বিরুদ্ধে। এর ফলে জাতিসংঘের মাধ্যমে পারস্য উপসাগরে আটকে থাকা জাহাজ ও নাবিকদের সরিয়ে নেওয়ার অভিযান সাময়িকভাবে স্থগিত রয়েছে।
শুক্রবার সিএনএনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার হরমুজ প্রণালিতে একটি কার্গো জাহাজের ডান পাশে অজ্ঞাত একটি প্রজেক্টাইল আঘাত হানে। এতে জাহাজটির ব্রিজ ক্ষতিগ্রস্ত হলেও কোনো হতাহতের ঘটনা বা পরিবেশগত ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
জাহাজটিতে ইরান একটি ড্রোন হামলা চালিয়েছে। তবে হামলার বিষয়ে বিস্তারিত কোনো তথ্য তিনি দেননি। ইরানও এখন পর্যন্ত এ হামলার দায় স্বীকার করেনি বলে সিএনএনকে এক মার্কিন কর্মকর্তা এ তথ্য জানিয়েছে।
হামলার কয়েক ঘণ্টা আগে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) ঘোষণা দেয়, কেবল ইরানের নির্ধারিত নৌপথ ব্যবহারকারী জাহাজই নিরাপদে চলাচলের নিশ্চয়তা পাবে। পরে ইরানের নতুন গঠিত পারস্য উপসাগর প্রণালি কর্তৃপক্ষও সতর্ক করে জানায়, অনুমোদিত রুটের বাইরে চলাচল করলে তার দায় জাহাজের মালিক, অপারেটর ও অধিনায়কদেরই বহন করতে হবে।
এ ঘটনার পর আন্তর্জাতিক সামুদ্রিক সংস্থা (আইএমও) তাদের চলমান উদ্ধার অভিযান স্থগিতের ঘোষণা দেয়। সংস্থাটির মহাসচিব আর্সেনিও ডোমিঙ্গেজ বলেন, নাবিকদের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েই পরিস্থিতি পরিষ্কার না হওয়া পর্যন্ত এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তবে হামলার শিকার জাহাজটি আইএমওর তত্ত্বাবধানে পরিচালিত সরিয়ে নেওয়ার অভিযানের অংশ ছিল না বলেও জানান তিনি।
হামলার প্রভাব পড়েছে আন্তর্জাতিক জ্বালানি বাজারেও। আন্তর্জাতিক মানদণ্ড ব্রেন্ট ক্রুডের দাম প্রায় ২ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৭৪ ডলারে পৌঁছায়, যদিও পরে তা কিছুটা কমে আসে।
গত সপ্তাহে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে হওয়া সমঝোতার লক্ষ্য ছিলো হরমুজ প্রণালি উন্মুক্ত রাখা, সংঘাত কমানো এবং ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনার পথ তৈরি করা। তবে নতুন এই হামলা সেই প্রক্রিয়াকে আবারও অনিশ্চয়তার মুখে ফেলেছে।
অন্যদিকে বৃহস্পতিবার ইউএস সেক্রেটারি অব স্টেট মার্কো রুবিও উপসাগরীয় দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে বৈঠকে বলেন, আন্তর্জাতিক জলপথ ব্যবহারের জন্য কোনো ধরনের টোল বা ফি আরোপ গ্রহণযোগ্য নয়। রুবিওর এই বক্তব্যের পরই উপসাগরীয় আরব দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরাও যৌথ বিবৃতিতে হরমুজ প্রণালিতে কোনো ধরনের টোল বা একক নিয়ন্ত্রণের প্রচেষ্টা প্রত্যাখ্যান করেন।