২৭০ কোটি ডলারে বিক্রি হচ্ছে পিৎজা হাট

দু'টি কোম্পানির কাছে মোট ২.৭ বিলিয়ন ডলারে বিক্রি হচ্ছে পিৎজা হাট, জানিয়েছে রেস্টুরেন্ট চেইনটির মালিক কোম্পানি 'ইয়াম! ব্র্যান্ডস'।

পিৎজা হাটের চীন বাদে বাকি সব জায়গার কার্যক্রম ১.৫ বিলিয়ন ডলারে কিনে নিচ্ছে 'লং রেঞ্জ ক্যাপিটাল'। চীনের কার্যক্রম ১.২ বিলিয়ন ডলারে কিনে নিচ্ছে 'ইয়াম চায়না'। 'ইয়াম! ব্র্যান্ডস'-এর প্রধান নির্বাহী কর্মকর্তা ক্রিস টারনার বিবিসিকে বলেন, "লং রেঞ্জ ও ইয়াম চায়নার অধীনে পিৎজা হাট উন্নতির জন্য ভালো অবস্থানে থাকবে, কেননা এই মালিকানার রেস্টুরেন্ট শিল্পে দক্ষতা আছে।"

যুক্তরাষ্ট্রের ক্যানসাস রাজ্যে ১৯৫৮ সালে দুই ভাই মিলে প্রতিষ্ঠা করেছিলেন পিৎজা হাট। কোম্পানিটিকে ১৯৭৭ সালে পেপসিকো কিনে নেয় এবং ১৯৯৭ সালে তা 'ইয়াম! ব্র্যান্ডস'-এর অধীনে আসে। এক সময় বিপুল জনপ্রিয়তা থাকলেও সাম্প্রতিক সময়ে অন্যান্য অনেক পিৎজা রেস্টুরেন্ট চেইনের সাথে প্রতিযোগিতার কারণে পিৎজা হাটের ব্যবসা হিমসিম খাচ্ছিলো।

কেএফসি ও টাকো বেল-এর মতো আন্তর্জাতিক রেস্টুরেন্ট চেইনও 'ইয়াম! ব্র্যান্ডস'-এর মালিকানায় আছে। 'লং রেঞ্জ ক্যাপিটাল' ও 'ইয়াম চায়না'র কাছে পিৎজা হাট বিক্রির কার্যক্রম ২০২৬ সালের তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) সমাপ্ত হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।